Home খেলাধুলা বাফুফের নির্বাচনী তফসিল ঘোষণা ৩ সেপ্টেম্বর

বাফুফের নির্বাচনী তফসিল ঘোষণা ৩ সেপ্টেম্বর

9

ক্রীড়া প্রতিবেদক

পূর্বনির্ধারিত তারিখ ২০ এপ্রিলে বাফুফের নির্বাচন হতে দেয়নি করোনাভাইরাস। নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ হয়েছে আগামী ৩ অক্টোবর। ১৩৯ জন ভোটার আগামী চার বছরের জন্য নতুন কমিটি নির্বাচন করবে। নির্বাচন কমিশন আগামী ৩ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল বুধবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সভায় সভাপতিত্ব করেছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন। নির্বাচন কমিশনের সভা শেষে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন,‘আগামী ৩ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে এক মাস আগেই নির্বাচনী তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা এবং প্রার্থীদের আচরণবিধিসহ অন্যান্য বিষয় নিয়েও অলোচনা করেছে নির্বাচন কমিশন।’
নির্বাচন নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সবুজ সংকেত পেয়েছে বাফুফে। আবু নাইম বলেছেন,‘এএফসি আমাদের নির্বাচনে প্রতিনিধি পাঠাতে পারে। ফাইট জটিলতার কারণে ঢাকায় আসতে না পারলে এএফসি নির্বাচন পর্যবেক্ষণ করবে অনলাইনে। নির্বাচনকে সামনে রেখে শুভকামনা জানিয়েছে তারা। তবে ফিফা থেকে কোনও নির্দেশনা এখনও আসেনি।’

প্রথমবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজি

ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া লিগে আধিপত্য বিস্তার করলেও ইউরোপিয়ান কাব ফুটবলের শ্রেষ্ঠত্বে সব সময়ই মুখ থুবড়ে পড়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। সেই দলটিই ২৫ বছর পর সেমিফাইনালে জায়গা করে গড়েছে ইতিহাস। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছেছে পিএসজি। সেমিতে জার্মানির আরেক বিস্ময় লিপজিগকে তারা হারিয়েছে ৩-০ গোলে।
সর্বশেষ ম্যাচে আতালান্তার বিপক্ষে জয়ের দেখা পেতে পিএসজির বিলম্ব হয়েছিল। কিন্তু এই ম্যাচে ছিল পুরোপুরি ভিন্নধর্মী চিত্র। হবেই না কেন, নিষেধাজ্ঞা শেষে ফিরেছেন দি মারিয়া, ছিলেন কিলিয়ান এমবাপ্পেও। তাই টুখেলের শিষ্যদের শুরুটাই ছিল বার বার আক্রমণ শানিয়ে। ৬ মিনিটেই গোলের দেখা পেতে পারতো পিএসজি। কিন্তু নেইমারের শট গিয়ে লেগেছে পোস্টে। কিছুক্ষণ পর আবারও জালে বল পাঠিয়েছিল তারা। কিন্তু হ্যান্ডবলের কারণে সেটি বাতিল হয়ে যায়। তবে গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষাতেও থাকতে হয়নি। পেনাল্টি অঞ্চলের বাইরে বাম প্রান্তে ফাউলের শিকার হয়েছিলেন নেইমার। ফলশ্রুতিতে ১৩ মিনিটে পাওয়া দি মারিয়ার ফ্রি কিক থেকে হেড করে পিএসজিকে এগিয়ে নেন মার্কুইনহোস।
পিএসজির আধিপত্যের বিপরীতে লিপজিগও চেষ্টা করেছিল আক্রমণে যাওয়ার। প্রথম গোলের জন্য বার কয়েক চেষ্টা করে সুবর্ণ সুযোগটি তারা নষ্ট করে ২৫ মিনিট পর। ইস্সুফ পুলসেন শট নিলেও তা গিয়ে জড়ায় জালের পাশ দিয়ে।
৪২ মিনিটে পিএসজির দ্বিতীয় গোলটিতে কৃতিত্ব লিপজিগ গোলকিপারেরই। তার বাজে কিকের সুবাদেই বল দখলে নেওয়ার সুযোগ পায় পিএসজি। নেইমারের ফিকের পর জালে বল জড়াতে ভুল করেননি আর্জেন্টাইন তারকা দি মারিয়া।
লিপজিগের ম্যাচে ফেরার সম্ভাবনা পুরোপুরি উবে যায় দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মধ্যে। রক্ষণের আরেকটি ভুলে তৃতীয় গোলটি পেতেও সময় লাগেনি পিএসজির। দি মারিয়ার ক্রস থেকে স্কোর ৩-০ করেন হুয়ান বের্নাত। পিএসজি শেষ দিকে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল। না হলে ব্যবধান আরও বাড়তো পারতো।

মার্চে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হবে বাংলাদেশে

ক্রীড়া প্রতিবেদক

পুরুষ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসরের আয়োজক হবার গৌরব অর্জন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী বছর মার্চের ১১ থেকে ১৯ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ সংবাদমাধ্যমকে বলেছেন, এশিয়ান হকি ফেডারেশন টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়ে গত সপ্তাহে আমাদের কাছে চিঠি দিয়েছে। তাদের কাছে ফিরতি চিঠিতে আমরা ওই প্রস্তাবে আমাদের সম্মতির কথা জানিয়ে দিয়েছি। এর আগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবার কথা ছিল চলতি বছরের ১৭ থেকে ২৭ নভেম্বর। কিন্তু কোভিড-১৯ এর মাহামারির কারণে সেটি স্থগিত করে এশিয়ান হকি ফেডারেশন। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিবে ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, দক্ষিন কোরিয়া এবং জাপান।

দ্বিতীয় টেস্ট থেকেই খেলবে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

সব ঠিক থাকলে অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। গতকাল বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, নিষেধাজ্ঞা কাটিয়ে এই সিরিজ দিয়ে মাঠে ফিরবেন সাকিব আল হাসানও।
পাপন জানান, শ্রীলঙ্কায় যেতে রাজি হওয়ার পেছনে একটিই কারণ। ওদের ওখানে নাকি গত কয়েক মাসে একজনও করোনা রোগী ধরা পড়েনি। ওরা বলছে শ্রীলঙ্কায় করোনাভাইরাস নেই। সেপ্টেম্বরের ২০-২১ তারিখে হয়তো দলীয় অনুশীলন শুরু হবে। এর সপ্তাহখানেক পর দল শ্রীলঙ্কা যেতে পারে, আবার আরও ৮-১০ দিন পরও যেতে পারে। প্রতিদিনই কথা হচ্ছে এসব নিয়ে। আমরা হয়তো চার্টার্ড প্লেনেই যাব শ্রীলঙ্কায়। কারণ, বিমানবন্দর এবং বিমান দুটোই উচ্চ ঝুঁকিপূর্ণ।

অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক

আগামী সপ্তাহে শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। তার আগে ডাক পাওয়া ৪৫ ক্রিকেটারের করোনাভাইরাস পরীক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো নমুনা সংগ্রহ করা হয়েছিল আরও ১৫ ক্রিকেটারের। গতকাল বুধবার সকালে তাদের পরীক্ষার ফল এসেছে, তাতে পজিটিভ হয়েছেন একজন।
করোনা আক্রান্ত এই ক্রিকেটারের নাম ইফতেখার হোসেন ইফতি। বিষয়টি নিশ্চিত করে বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার বলেছেন, ‘মঙ্গলবার আমরা ১৫ ক্রিকেটারের কোভিড-১৯ টেস্ট করিয়েছি। একজন পজিটিভ এসেছেন। তিনি এখন আইসোলেশনে থাকবেন। আর বাকিদের বিকেএসপিতে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার শেষদিনের মতো ১৬ ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হবে।’

করোনায় মোশাররফের পিতার মৃত্যু

ক্রীড়া প্রতিবেদক

আগস্টের শুরুতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মোশাররফ হোসেন রুবেলের বাবা মহিউদ্দীন খন্দকার। দুই সপ্তাপের ব্যবধানে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েই গতকাল বুধবার মারা গেলেন তিনি (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
ঢাকার সিএমএইচে গত ৩ আগস্ট থেকে চিকিৎসাধীন ছিলেন মোশাররফের বাবা। অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে আইসিইউতেও রাখতে হয়েছিল। বাবার দেখাশোনা করতে গিয়ে করোনা পজিটিভ হয়েছেন মোশাররফ নিজেও। তিনি সুস্থ হয়ে উঠলেও করোনার ছোবল থেকে মুক্ত হতে পারেননি তার বাবা।

করোনামুক্ত আরও সাত ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

দিনকয়েক আগে জাতীয় দলের প্রস্তুতির সময় তিন দফা করোনা পরীক্ষা হয়েছিল খেলোয়াড়দের। সবশেষ পরীক্ষায় সাতজন পজিটিভ হয়েছিলেন, তিনজন ছিলেন পর্যবেক্ষণে। মোট ১০ জনের মধ্যে ডিফেন্ডার রায়হান হাসান সুস্থ হয়েছেন আগেই। আর গতকাল বুধবার সাতজনের করোনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে। এখন আইসোলেশনে থাকলেন দুজন।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই সামনে রেখে আবাসিক ক্যাম্প করেছিল বাফুফে। ক্যাম্পে যোগ দেওয়ার আগে করোনা পরীক্ষা ছিল বাধ্যতামূলক। ওই পরীক্ষায় সবশেষ পজিটিভ হয়েছিলেন এমএস বাবলু, রবিউল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, টুটুল হোসেন বাদশা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো ও বিশ্বনাথ ঘোষ। এদের মধ্যে বাবলু ও বাদশার পরীক্ষার পর আবারও পজিটিভ এসেছে। পর্যবেক্ষণে থাকা রায়হান আগেই সুস্থ হয়েছেন। আর আজ পর্যবেক্ষণে থাকা বাকি দুজন- রিয়াদুল হাসান রাফি ও রাকিব হোসেনেরও পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে।

সিপিএল শুরুর দিনে নায়ক নারাইন

ক্রীড়া প্রতিবেদক

করোনাক্রান্ত পৃথিবীতে ২০ ওভারের ক্রিকেট ফেরালো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। জয় দিয়ে শুরু করেছে সিপিএলে সাকিব আল হাসানের সর্বশেষ দল গতবারের চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টস ও ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর)।
মঙ্গলবার ত্রিনিদাদ ও টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে বার্বাডোজ ট্রাইডেন্টস ৬ রানে হারিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে টিকেআর। বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটে ১৪৪ রান করেছিল গায়ানা প্রথমে ব্যাট করে। শিমরন হেটমায়ার করেন অপরাজিত ৬৩ রান। কিন্তু দুই বল বাকি থাকতেই টিকেআর লক্ষ্য তাড়া করে ফেলে সুনীল নারাইনের দুর্দান্ত অলরাউন্ড নৈপুন্যে। বল হাতে ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নেওয়া নারাইন ২৮ বলে করেছেন পঞ্চাশ রান। দ্বিতীয় ম্যাচে বার্বাডোজের ৯ উইকেটে করা ১৫৩ রানের জবাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস ১৪৭ রান তুলতে পারে ৫ উইকেটে। বার্বাডোজের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন দুই বিদেশি স্পিনার মিচেল স্যান্টনার ও রশিদ খান।

কোম্যানই হলেন মেসিদের নতুন কোচ

ক্রীড়া প্রতিবেদক

সব জল্পনা-কল্পনা শেষ করে নেদারল্যান্ডসের সাবেক ডিফেন্ডার রোনাল্ড কোম্যানই হলেন স্প্যানিশ কাব বার্সেলোনার নতুন হেড কোচ। আগামী ৩০ জুন ২০২২ সাল পর্যন্ত লিওনেল মেসি, মার্ক টের স্টেগানদের কোচের দায়িত্ব পালন করবেন ৫৭ বছর বয়সী কোম্যান।
কোচ হওয়ার মাধ্যমে প্রায় দুই দশক পর বার্সেলোনায় ফিরলেন নেদারল্যান্ডসের সাবেক ডিফেন্ডার রোনাল্ড কোম্যান। এর আগে খেলোয়াড় এবং সহকারী কোচ হিসেবে ৮ বছর স্পেনের অন্যতম সেরা কাবটিতে ছিলেন তিনি। আর এবার ফিরলেন সরাসরি প্রধান কোচের দায়িত্ব নিয়ে। খেলোয়াড়ি জীবনে ১৯৮৯ থেকে ১৯৯৫ পর্যন্ত ছয় মৌসুম বার্সেলোনার জার্সি গায়ে খেলেছেন কোম্যান। তার করা গোলেই নিজেদের ইতিহাসের প্রথম ইউরোপিয়ান কাপ শিরোপা জিতেছিল বার্সেলোনা। খেলা ছাড়ার পর ১৯৯৮-২০০০ পর্যন্ত সময়ে বার্সার সহকারী কোচ ছিলেন তিনি।

সাত খেলোয়াড়কে বিক্রি করবে না বার্সা

ক্রীড়া প্রতিবেদক

বড় ধরনের পরিবর্তন ছিল আসন্ন। স্প্যানিশ লা লিগায় শিরোপা হারানোর পরই জানা গিয়েছিল, ১২ জনেরও বেশি খেলোয়াড়কে বিক্রি করে দেয়ার চিন্তা করছিল বার্সেলোনা। কিন্তু এবার সম্ভাবত সেই তালিকা আরও লম্বা হতে চলেছে। পরিবর্তনের যে ঢেউ বার্সায় দেখা যাচ্ছে, তাতে করে কাকে কাকে ছাড়ছে না কাতালান কাবটি, সেটাই এখন প্রশ্ন সবার মুখে।
বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তেম্যু মঙ্গলবারই নিশ্চিত করে দিয়েছেন, লিওনেল মেসিকে তারা কোনোভাবেই ছাড়বেন না। শুধু মেসিই নন, বার্সা সভাপতি আরও কিছু খেলোয়াড়ের নাম বলেছেন, যাদেরকে এই মৌসুমে ছাড়ার কোনো চিন্তাই নেই বার্সার। মেসিসহ সেই সংখ্যাটা মোটে সাতজন। অন্য যে ছয়জনকে বিক্রি করবে না বার্সা, তাদের সম্পর্কে সভাপতি বলেন, ‘আমরা এরই মধ্যে কথা বলা শুরু করেছি (মার্ক আন্দ্রে) টার স্টেগান, (নেলসন) সেমেদো, (ফ্রাঙ্কি) ডি জং, (কেমেন্ত) ল্যাঙলেট, (ওসমান) ডেম্বেলে এবং (আন্তোনিও) গ্রিজম্যান সম্পর্কে।’

ফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিষিদ্ধ হতে পারেন নেইমার। আরবি লেইপজিগের বিপক্ষে সেমিফাইনাল শেষে জার্সি বদল করেছেন ব্রাজিলিয়ান এ সুপারস্টার। উয়েফার নিয়ম ভেঙে প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে জার্সি বিনিময় করে নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়েছেন প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) এ তারকা ফুটবলার। পর্তুগালের রাজধানী লিসবনে জার্মান কাব লেইপজিগকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপিয়ান কাব ফুটবলের সর্বোচ্চ আসরের ফাইনালে প্রথমবারের মতো নিজেদের নাম লিখেছে পিএসজি। কিন্তু ম্যাচ শেষে আনন্দের মাঝে স্বাস্থ্যবিধিটাই ভুলে গিয়ে ছিলেন নেইমার। বেখেয়ালে লেইপজিগ ডিফেন্ডার মার্সেল হালস্টেঙ্গবার্গের সঙ্গে জার্সি অদল-বদল করে বসেন ফরাসি চ্যাম্পিয়নদের প্রাণভোমরা। তাই বিশ্ব গণমাধ্যমে উড়ে বেড়াচ্ছে গুঞ্জন, করোনাভাইরাস নিয়ম লঙ্ঘন করায় চ্যাম্পিয়নস লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে নিষিদ্ধ হয়ে যেতে পারেন বার্সার সাবেক তারকা ফরওয়ার্ড নেইমার। এটা যদি সত্যি হয়, তাহলে পিএসজি’র ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতার লক্ষ্যে ফাইনাল খেলতে মাঠে নামার আগে বড় এক ধাক্কাই খাবে কোচ টমাস টাচেলের দল।

পিছিয়ে গেল আফ্রিকার বিশ্বকাপ বাঁছাই

ক্রীড়া প্রতিবেদক

কোভিড-১৯ মহামারীর জন্য আফ্রিকা অঞ্চলের ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই পিছিয়ে দেওয়া হয়েছে। এই অঞ্চলের বাছাই পর্ব শুরু হবে আগামী বছরের জুনে।
এক বিবৃতিতে গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) জানায়, বাছাই পর্ব শেষ হবে পাঁচ মাসে। আগের সূচিতে আগামী অক্টোবরে শুরু হওয়ার কথা ছিল এই অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আফ্রিকার অধিকাংশ দেশে ফুটবল বন্ধ রয়েছে। খেলা চলছে কেবল দক্ষিণ আফ্রিকা, মিশর, তিউনিশিয়া ও মরোক্কোয়।

উমরকে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে নিলো পিসিবি

ক্রীড়া প্রতিবেদক

তিন বছরের নিষেধাজ্ঞা দেড় বছরে নেমে আসায় নিশ্চিতই স্বস্তিতে ছিলেন উমর আকমল। কিন্তু পাকিস্তানের ৩০ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান আর স্বস্তিতে থাকতে পারছেন না। তার শাস্তি মওকুফের বিরুদ্ধে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত মাসের শেষদিকে এক নিরপেক্ষ বিচারকের রায়ে উমরের তিন বছরের নিষেধাজ্ঞা দেড় বছরে নেমে আসায় পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে বড় রকমের সাড়া পড়ে যায়। অনেকেই বিস্মিত হন, অনেকেই রায়ের সমালোচনা করেন। কেউ কেউ কাঠগড়ায় তোলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই (পিসিবি)। শেষ পর্যন্ত পিসিবি বিতর্কিত ব্যাটসম্যান উমরের সাজা মওকুফের বিরুদ্ধে সুইজারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (কোর্ট অব আরবিট্রেশন অব স্পোর্টস) আপিল করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

বেশি আয়ের ৯ নারী ক্রীড়াবিদই টেনিসের

ক্রীড়া প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্যের সাময়িকী ফোর্বসের করা গত বছর সবচেয়ে বেশি আয় করা নারী ক্রীড়াবিদদের তালিকার প্রথম ৯ জনই টেনিস খেলোয়াড়।
তিন কোটি ৭৪ লাখ ডলার আয় নিয়ে তালিকার শীর্ষে জাপানের নাওমি ওসাকা। যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস তিন কোটি ৬০ লাখ ডলার নিয়ে আছেন দুইয়ে। তাদের চেয়ে বেশ পিছিয়ে তিনে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ নারী টেনিস খেলোয়াড় অ্যাশলি বার্টি। গত বছর এই অস্ট্রেলিয়ানের আয় এক কোটি ৩১ লাখ ডলার। টেনিসের বাইরে শীর্ষ দশে আছেন কেবল যুক্তরাষ্ট্রের ফুটবলার অ্যালেক্স মরগ্যান। তার আয় ৪৬ লাখ ডলার। বার্ষিক আয়ে ওসাকা ও সেরেনা দুজনেই ভেঙেছেন আগের রেকর্ড; ২০১৫ সালে আগের রেকর্ড দুই কোটি ৯৭ লাখ ডলার আয় করেছিলেন রাশিয়ার মারিয়া শারাপোভা। গত মে মাসে ফোর্বস প্রকাশিত সর্বোচ্চ আয় করা একশ ক্রীড়াবিদদের তালিকায় নারী খেলোয়াড় ছিলেন কেবল ওসাকা (২৯তম) ও সেরেনা (৩৩তম)।