Home আঞ্চলিক বেনাপোল সীমান্তে মাদককারবারি বাদশা আটক

বেনাপোল সীমান্তে মাদককারবারি বাদশা আটক

18


বেনাপোল প্রতিনিধি।।
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গত বুধবার রাতে মাদককারবারি বাদশা মল্লিক ওরফে বাদশা মিয়াকে আটক করেছে ৪৯ বিজিবি। রঘুনাথপুর সীমান্তের কোদলারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাদশা মল্লিক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত কেরামত মল্লিকের ছেলে।

বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র ব্যবসা, স্বর্ণ চোরাকারবারি, মাদক, হুন্ডি, খুন, পাচারকারীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এই বাদশা। তিনি ১৫টিরও অধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পূর্বে ৩১টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড গুলি ও ২৫৩ বোতল ফেনসিডিলসহ আটক হয় সীমান্তের এই ডন বাদশা।

বিজিবির তথ্যমতে, বাদশা সিন্ডিকেটের মাধ্যমে বর্তমানে দেশের বিরাজমান পরিস্থিতিতে বিভিন্ন অঞ্চলের শীর্ষ রাজনীতিক, দেশদ্রোহী, অর্থ-পাচারকারীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা সন্ত্রাসীদের টাকার বিনিময়ে ভারতে পলায়নের সুযোগ করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন। বর্তমানে শার্শা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এসব অপরাধমূলক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন তিনি।

এছাড়াও পূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নামে তার আত্মীয়স্বজনও তার নেতৃত্বে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়। সে বাংলাদেশ এবং ভারতের নাগরিক হওয়ায় বাংলাদেশ প্রশাসনের চাপে পড়লে ভারতে পালিয়ে যায়। আবার ভারতের চাপে পড়লে বাংলাদেশে চলে আসে। তাকে আটক করার পর সাধারণ জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের এবং চক্রকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, কুখ্যাত মাদক সম্রাট বাদশা মিয়া রঘুনাথপুর সীমান্ত এলাকায় অবস্থায় করছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালানি কর্মকাণ্ড পরিচালনায় মাফিয়া ডন খ্যাত বাদশা ভারতের বস গৌতম, রবিউল, আজগর, নাসির, অণু সাহার সঙ্গে রয়েছে তার নিবিড় যোগাযোগ। তিনি স্বর্ণ, ডলার, অস্ত্র ও ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন চোরাচালানির সিন্ডিকেট গড়ে তুলে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। একইভাবে ভারতের সুধীর, সাক্ষাত ও কবির সিন্ডিকেটও কুখ্যাত বাদশার কাছে পাইকারি ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদক সরবরাহ করে থাকে।