নিজস্ব প্রতিনিধি।।
বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে ভোলা জেলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ মাদক প্রতিহত করতে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ অক্টোবর-২০২৪) দিবাগত রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নস্থ পাইলট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শহিদুলের আস্থানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। এ সময় তার আস্থানায় তল্লাশি চালিয়ে ১৮৭ বোতল ফেনসিডিল, ২৮.৫ কেজি গাঁজা, ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও ৬টি হ্যান্ড্রয়েড মোবাইলসহ ৫ জনকে আটক করেছে নৌবাহিনী।
এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে বাংলাদেশ পুলিশ ও র ্যাব সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে। চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুলের নেতৃত্বে এ চক্রটি দীর্ঘদিন যাবৎ ভোলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে পূর্বেও ভোলা সদর থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। পরবর্তীতে আটককৃত মদক ব্যবসায়ী ও জব্দকৃত মালামালসমূহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশে নৌবাহিনী পরিচালকের পক্ষে উপপরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।











































