স্পোর্টস ডেস্ক
সাদমান ইসলাম ছাড়া বাংলাদেশের ব্যাটিং লাইনআপ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। শেষ দিকে মুশফিকুর রহিম কিছুটা চেষ্টা করলেও নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪৭ ওভার শেষে মাত্র ১৪৬ রানে অলআউট হয়েছে। ফলে কার্যত আড়াইদিনেরও কম সময়ের টেস্টে ভারতকে ৯৫ রানের লক্ষ্য দিতে পেরেছে সফরকারীরা।
কানপুরের গ্রিন পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো উইকেট বিলিয়ে দেন। আগের দিন ২ উইকেট হারিয়ে ২৬ রানে শেষ করা টাইগাররা দিনের শুরুতে মুমিনুল হককে হারায়। রবিচন্দ্রন অশ্বিনের বলে ২ রানে ফেরেন প্রথম ইনিংসের এই সেঞ্চুরিয়ান।
এরপর একে একে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান ও মেহেদী হাসাস মিরাজরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত হয়ে পড়েন। তাদের উইকেট নিয়ে উৎসবে মাতে অশ্বিন-জাদেজারা।
ব্যতিক্রম ছিলেন ওপেনার সাদমান। তিনি টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি করে আকাশ দীপের বলে আউট হন। সাদমান ছাড়া আর কেউই ফিফটির দেখা পাননি। এছাড়া মুশফিকুর রহিম ৩৭ করেন। শান্তর ব্যাট থেকে আসে ১৯ রান।
ভারতীয় বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান জসপ্রিত বুমরাহ, অশ্বিন ও জাদেজা।
এর আগে বৃষ্টি বিঘ্নিত কানপুরে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়। জবাবে ভারত ৯ উইকেট হারিয়ে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে টেস্টর দ্বিতীয় ও তৃতীয় দিন কোনো খেলা হয়নি।
চেন্নাই টেস্টে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।











































