স্পোর্টস ডেস্ক
দীর্ঘদিন পর আল হিলালের ট্রেনিং সেশনে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। সোমবার মাঠে ট্রেনিং সেশনে নেমে নিজেকে কিছুটা ফিরে পাওয়ার চেষ্টা করেন তিনি। গত বছরের অক্টোবরে ইনজুরির পর দুঃস্বপ্নের মতো একটা বছর গেছে নেইমারের।
জিম ও মাঠের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নেইমার লিখেন, ‘দলের সাথে ট্রেনিংয়ে নামতে পেরে আনন্দিত… এখন সবকিছুই আনন্দের।’ ১১ মাসেরও বেশি সময় ধরে মাঠ থেকে দূরে আছেন নেইমার। গত বছরের ১৮ই অক্টোবর বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সময় হাঁটুর লিগামেন্টের ক্ষতি হয়। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড এর পর থেকেই মাঠের বাইরে।
বার্সেলোনা ও প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) সাবেক তারকা নেইমার সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়ে খেলেছেন মাত্র ৫ ম্যাচ। গত মৌসুমে সৌদি প্রো লীগের শিরোপা জয়েও তাই তাকে মাঠে পায়নি আল হিলাল। ২০২৫ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তিবদ্ধ নেইমারের এই বছরের জানুয়ারিতে মাঠে ফেরার কথা।
বেশ কিছুদিন ধরে নেইমার পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার কাজ করছেন। দিনকয়েক আগে আল হিলাল বস জর্জ জেসুস বলেন, ‘জানুয়ারিতে তার ফিটনেসের বর্তমান অবস্থা মূল্যায়ন করতে পারবো।’ নেইমারের ইনজুরি নিয়ে কথা বলেন ব্রাজিল কোচ দারিভাল জুনিয়রও। সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী দুই ম্যাচের দল ঘোষণা করে দারিভাল বলেন, ‘আমরা অপেক্ষা করব, আমরা ধৈর্য ধরব। সে যদি অক্টোবরে ফিরতে না পারে, নভেম্বরে এমনকি ফেব্রুয়ারিতেও ফিরতে না পারে, কোনো সমস্যা নেই। তাকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে, খেলতে হবে এবং সবকিছুর ওপরে, চোট থেকে পুরোপুরি মুক্তি পেতে হবে।’
তিনি বলেন, ‘আমরা উপলব্ধি করতে শুরু করেছি যে, সে কতটা গুরুত্বপূর্ণ। সে যদি সামনের বছরগুলোয় ফিরে আসে, বিশ্ব ফুটবলের সেরাদের একজনকে আমরা আমাদের জাতীয় দলে ফিরে পাব তার ক্যারিয়ারের স্মরণীয় সময়ে।’











































