চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার সীমান্ত শহর দর্শনায় ২৮০ বোতল ফেনসিডিলসহ শাশুড়ি চায়না খাতুন (৩৭) এবং জামাই রাজা মিয়াকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে ফেনসিডিলসহ আটক করে যৌথ বাহিনী। আটককৃত চায়না খাতুন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার মাদক ব্যবসায়ী আরিফের স্ত্রী এবং রাজা মিয়া ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা) এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান ও সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের আরিফের ভাড়া বাসায়। এ সময় ওই বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় ২৮০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় আটক করা হয় দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর মহল্লার আরিফের স্ত্রী এলাকার চিহ্নিত মাদক কারবারি চায়না খাতুন ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর ফার্মের (কারিনচা) ইদ্রিস আলীর ছেলে রাজা মিয়কে। চায়না ও রাজা সম্পর্কে শাশুড়ি-জামাতা। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানান, উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় উপ-পরিদর্শক সাহারা খাতুন বাদী হয়ে আটক চায়না ও রাজার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।











































