ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া বাফুফের নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ হয়েছে ৩ অক্টোবর। তারিখ ঘাষণার পর আবার নড়েচড়ে বসেছেন বাফুফের নির্বাচনে অংশ নিতে কোমরবাঁধা সংগঠকরা।
কাজী মো. সালাউদ্দিন বিরোধীরা গতকাল সোমবার এক ছাদের নিচে বসেছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব এবং বাংলাদেশ কাবস অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সভাপতি তরফদার মো. রুহুল আমিনের নেতৃত্বে। করেছেন সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে সব পদে নির্বাচন করার ঘোষণা দেয়া হয়েছে। তবে সভাপতি পদে কেউ নির্বাচন করবেন কি না তা পরিষ্কার করা হয়নি। কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবে তা খোলাসা করে উল্লেখ করা হয়নি। তরফদার মো. রুহুল আমিন অভিযোগ করেছেন ভোটার তালিকায় অনিয়ম করা হয়েছে বলে। এই অনিয়ম দূর না করলে ফিফা-এএফসিতে নালিশ করবেন বলেও হুমকি দিয়েছেন চট্টগ্রাম আবাহনীর এই পরিচালক। ১৩৯ ভোটারের মধ্যে তিন জনকে নিয়ে জোর আপত্তি তোলেন তরফদার মো. রুহুল আমিন। এই তিন ডেলিগেট হলেন- ঢাকা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আবদুর রহিম, দি মুসলিম ইনস্টিটিউটের জাহাঙ্গীর আলম বাবুল এবং নবাবপুর ক্রীড়া চক্রের মীর নিজাম উদ্দীন আহমেদ। ডেলিগেট ফরম বিতরণ কার্যক্রম এবং গ্রহণের ক্ষেত্রে যে যাচাই-বাছাই কমিটি গঠন কাজ করেছে বাফুফে তাদের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন রুহুল আমিন, ‘নিরপেক্ষ লোক না দিয়ে ডেলিগেট যাছাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেছে বাফুফের কার্যনির্বাহী কমিটির তিন সদস্য। এমন লোক দিয়ে এই ডেলিগেট যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধই করেছে বাফুফে। ’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, আশিকুর রহমান মিকু, সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, শাকিল মাহমুদ চৌধুরী, আলিমুজ্জামান আলম, জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল গাফফার, আলফাজ আহমেদ, বিপ্লব ভট্টাচার্যসহ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন ও ফুটবল কাবস অ্যাসোসিয়েশনের কর্তারা।
ম্যানইউকে বিদায় করে ফাইনালে সেভিয়া
ক্রীড়া প্রতিবেদক
চলতি মৌসুমে যেন সেমিফাইনাল রোগে পেয়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাব ম্যানচেস্টার ইউনাইটেডকে। একই মৌসুমে পরপর তিনটি টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিলো তারা। লিগ কাপ ও এফএ কাপের পর সবশেষ উয়েফা ইউরোপা লিগেও শেষ চার থেকে ছিটকে গেছে ওলে গানার সুলশারের দল।
রবিবার রাতে স্প্যানিশ কাব সেভিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত ১-২ গোলে হেরে গেছে রেড ডেভিলরা। ইউরোপায় নিজেদের ধারাবাহিকতা ধরে রেখে ফের ফাইনালে উঠে গেছে সেভিয়া। দ্বিতীয় সেমিতে ইন্টার মিলান ও শাখতার দোনেৎস্কের মধ্যে জয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে স্প্যানিশ কাবটি। প্রথম সেমিফাইনালে ম্যাচের মাত্র ৯ মিনিটের সময় পেনাল্টি থেকে ম্যান ইউকে এগিয়ে দিয়েছিলেন দলের পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন মার্কস র্যাশফোর্ড। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চলতি মৌসুমে এটি ম্যান ইউর ২২তম পেনাল্টি।
শুরুতে এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইংলিশ কাবটি। ম্যাচের ২৬ মিনিটেই সমতা ফেরান সেভিয়ার স্প্যানিশ মিডফিল্ডার সুসো। ফের লিড নেয়ার জন্য চেষ্টার কমতি রাখেনি ম্যান ইউ। মধ্যাহ্ন বিরতির আগে-পরে অতিমানবীয় কিছু সেভ দেন সেভিয়া গোলরক্ষক। যে কারণে লিড নিতে পারেনি রেড ডেভিলরা। কিন্তু দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি ঠিকই আদায় করে নেয় সেভিয়া। ম্যান ইউর একের পর এক আক্রমণের ভিড়ে কাজের কাজটি করে ফেলেন সেভিয়ার ডাচ ফরোয়ার্ড লুক ডি ইয়ং। ম্যাচের ৭৮ মিনিটে হেসুস নাভাসের ক্রস থেকে গোলবারের খুব কাছ থেকে দলকে ফাইনালে তোলা গোলটি করেন এ তরুণ ফরোয়ার্ড।
ঘরোয়া ক্রিকেট ফেরাতে বিসিবির দুই শর্ত
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশের অনেকগুলো দ্বিপাক্ষিক সিরিজ ও ঘরোয়া ক্রিকেট স্থগিত হয়েছে। অনেক চেষ্টার পর শ্রীলঙ্কা সফর দিয়ে সেপ্টেম্বরে বাংলাদেশের ক্রিকেট ফিরলেও দেশের করোনা পরিস্থিতির কারণে ঘরোয়া ক্রিকেট নিয়ে কোনোরকম পরিকল্পনা নেই বলে জানিয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে দেশের লিগগুলো ফেরাতে দু’টি শর্ত জুড়ে দিলেন বিসিবি বস।
বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘দুইটি শর্তে লিগ শুরু হতে পারে। এক, করোনা পরিস্থিতি উন্নতি হয়। দুই, যদি ভ্যাকসিন আসে। এই দুই শর্ত পূরণ না হলে ঘরোয়া ক্রিকেট চালু করার যৌক্তিকতা দেখি না।’ তিনি আরো বলেন, ‘বিপিএল আয়োজনও সম্ভব নয়। ঢাকা লিগের মতো (বিপিএলের) ব্যাপারটা একই রকম। উন্নতি হলে সব খেলা শুরু করে দেবো আমরা। আর না হলে তো কিছু করার নেই। আমরা এখানে শুরু করছি না কিন্তু দল শ্রীলঙ্কায় যাবে।’
যুবাদের সবাই ‘নেগেটিভ’
ক্রীড়া প্রতিবেদক
আগামী ২৩ আগস্ট থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। ক্যাম্প শুরুর আগে নিয়ম মেনে তাদের করোনা পরীক্ষা করা হচ্ছে কয়েক ধাপে। ৪৫ জন তরুণ ক্রিকেটারের মধ্যে প্রথম ধাপে রবিবার ১৫ ক্রিকেটার ও ১২জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে নেগেটিভ এসেছে সবার রিপোর্ট।
এই সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বিকেএসপিতে নিয়ে যাওয়া হবে। মঙ্গরবার দ্বিতীয় ধাপে কিছু ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষার তৃতীয় ধাপ শেষ হবে আগামী বৃহস্পতিবার বিকেএসপিতে চার সপ্তাহের ক্যাম্প শুরু হবে ২৩ আগস্ট থেকে। চলমান করোনা পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস ও স্কিল ট্রেনিং হবে চার সপ্তাহ। ২৩ আগস্ট থেকে শুরু করে যা চলবে ১৮ সেপ্টেম্বর।
শ্রীলঙ্কা সফরে ভাল কিছুর সুযোগ দেখছেন তামিম
ক্রীড়া প্রতিবেদক
করোনাকালের এই সময়টা জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কঠিন গেছে তামিম ইকবালের। মা, বড় ভাই ও ভাইয়ের স্ত্রী এবং ভাতিজি-ভাতিজা সবাই করোনায় আক্রান্ত হয়েছিলেন। তামিম নিজেও শারীরিক সমস্যায় পড়েছিলেন। চিকিৎসার জন্য তাকে ইংল্যান্ড ঘুরে আসতে হয়েছে। তবে সব সঙ্কট কাটিয়ে জাতীয় দলের বাকিদের মতো তামিমও ফিরেছেন একক অনুশীলনে।
করোনাকালের ক্রিকেটহীন এই সময়টায় বিসিবি ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে বেশকিছু কার্যকর উদ্যোগ নিয়েছিল। সেই সেশন ক্রিকেটারদের বেশ ভাল কাজে লেগেছে উল্লেখ করে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক জানান-‘এই চার-পাঁচ মাসে বিসিবি অনলাইনে আমাদের বেশ কয়েকটি সেশন ঠিক করে দিয়েছিল। আমি তাতে অংশ নিয়েছিলাম। সেই সেশন আমাদের সবাইকে খুব ভাল সহায়তা করেছে। এখন মানসিকভাবে সবাইকে আরো ভাল প্রস্তুতি নিতে হবে। সামনে আমাদের বড় সিরিজের সফর আসছে। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে আমাদের ভাল কিছু করার ভাল সুযোগ আছে।’
হকির সাধারণ সম্পাদক সাঈদকে অব্যাহতি
ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ দিন ধরে অনুপস্থিত থাকায় হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে মমিনুল হক সাঈদকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত বছর দেশে আলোড়ন সৃষ্টি করা ক্যাসিনোবিরোধী অভিযানের পর থেকে ‘আত্মগোপনে’ আছেন ওই সময়ের ঢাকা দক্ষিণের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি সাঈদ। ক্যাসিনো কা-ে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। সাঈদকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সোমবার নিশ্চিত করেন হকি ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ আদেল। ফেডারেশনের গঠণতন্ত্র অনুযায়ী সহ-সভাপতিদের সঙ্গে আলোচনা করে সভাপতি বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। মমিনুল হক সাঈদ দীর্ঘ দিন ফেডারেশনের মিটিংয়ে অনুপস্থিত। দীর্ঘদিন সাধারণ সম্পাদক মিটিংয়ে অনুপস্থিত থাকায় তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।“ বোর্ডের সিদ্ধান্ত তাকে তার বাসার ঠিকানায় ও ব্যক্তিগত মেইলে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান আদেল।
সাবেক হকি তারকা এহতেশাম আর নেই
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ, সাবেক জাতীয় হকি খেলোয়াড় এবং প্রশিক্ষক এহতেশাম সুলতান আর নেই। গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটায় মিরপুরের একটি স্থানীয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না.. রাজিউন)।
লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন এই কিংবদন্ত্রী ক্রীড়াবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বিকেলে মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে জানাযা শেষে মিরপুর কালশী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এহতেশাম সুলতান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনির বড় ভাই ছিলেন। এহতেশাম সুলতান পূর্ব পাকিস্তান দলেও হকি খেলেছেন। পেশাদার হকি খেলোয়াড় হলেও ফুটবল অঙ্গনেও ছিল তার বিচরণ।
করোনায় আক্রান্ত সাবেক ক্রিকেটার নাজিম
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন একের পর এক সাবেক-বর্তমান টাইগার ক্রিকেটার। এবার তালিকায় নতুন নাম জড়ালেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার সৈয়দ নাজিম সিরাজি। নব্বই দশকে মাঠ মাতানো টাইগার ওপেনার দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
৫৫ বছর বয়সী সিরাজির শারীরিক অবস্থার অবনতি ঘটলে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। নাজিম সিরাজের বর্তমান অবস্থা সম্পর্কে আরেক সাবেক ক্রিকেটার গোলাম নওশের প্রিন্স জানান, ‘নাজিম সিরাজ ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে আইসিইউতেই আছেন। তিন দফা কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর চতুর্থ বার ফল পজিটিভ আসে।’
এর আগে গত ৬ আগস্ট নাজিম সিরাজ ফেসবুকে লেখেন, ‘তিনবার টেস্ট করিয়েছি, তিনবারই নেগেটিভ। তবে কোভিডের সব উপসর্গই আছে। আশা করি সুস্থ হয়ে উঠবো। দুই থেকে চার সপ্তাহের মধ্যে আবার রানিং শুরু করতে পারবো।’ এর আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাসহ বেশ কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে সবাই সুস্থ আছেন।
ইউএস ওপেনে খেলবেন না হালেপও
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে এবার ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন বিশ্বের দুই নম্বর নারী টেনিস খেলোয়াড় সিমোনা হালেপ। প্রাগ ওপেন জয়ের পর দিন গতকাল সোমবার এক টুইট বার্তায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন ২৮ বছর বয়সী এই রোমানিয়ান।
শীর্ষ ১০ নারী খেলোয়াড়ের মধ্যে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের এই আসর থেকে নিজের নাম সরিয়ে নিলেন হালেপ। অনাকাঙ্ক্ষিত বিরতির পর প্রথম গ্র্যান্ড স্ল্যাম হিসেবে আগামী ৩১ অগাস্ট নিউ ইয়র্কের ফাশিং মিডোসে দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু হবে প্রতিযোগিতাটি। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে ইউএস ওপেন থেকে আগেই নিজেকে সরিয়ে নেন গতবারের পুরুষ এককের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট প্রধানের পদত্যাগ
ক্রীড়া প্রতিবেদক
তিন বছর করে দুই দফা দায়িত্ব পালনের পর গত বছর ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সভাপতি পদে তার মেয়াদ বাড়ানো হয়েছিল এক বছর। আগামী ৫ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ক্রিস নেনজানি। কিন্তু তার আগেই গত শুক্রবার পদত্যাগ করে বসলেন সিএসএ’র সভাপতি। নানারকম দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েও নেনজানি সভাপতির চেয়ারটা আঁকড়ে ছিলেন দীর্ঘ সাত বছর।
আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় কাউন্সিল সদস্যদের ভোটে পরবর্তী সভাপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সহ-সভাপতি বেরেসফোর্ড উইলিয়ামস ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাজ করে যাবেন। গত মাসে স্মিথের বিরুদ্ধে বর্ণবৈষম্যের পরোক্ষ অভিযোগ তোলেন তার সাবেক সতীর্থ পেসার মাখায়া এনটিনি। ক্রিকেট পরিচালক হিসেবে তার নিয়োগ যথাযথভাবে হয়নি বলে দাবিও ওঠে একইসঙ্গে। স্মিথ সংবাদমাধ্যমের কাছে বলে বসেন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছে।
বার্সেলোনার কোচ হচ্ছেন কোম্যান
ক্রীড়া প্রতিবেদক
ব্যর্থতার তলানিতে পৌঁছানো বার্সেলোনাকে কে টেনে তুলবেন- দুই দিন ধরে এই আলোচনা স্পেনের সংবাদমাধ্যমে। এখনও কিকে সেতিয়েনকে বরখাস্ত করার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে স্প্যানিশ কোচ যে আর কাতালানদের দায়িত্বে থাকছেন না, সেটা বলাই যায়। কেননা বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, বরখাস্ত হচ্ছেন সেতিয়েন।
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত বার্সেলোনাকে স্বরূপে ফেরাতে কোম্যানকেই নাকি যোগ্য মনে করছে বার্সেলোনা। কোম্যানের সঙ্গে দুই বছরের চুক্তি করছে বার্সেলোনা। প্রথম বছরটি বর্তমান বোর্ডের অধীনে, আর দ্বিতীয় বছরের চুক্তিটি নির্ভর করবে নতুন সভাপতির সিদ্ধান্তের ওপর। আগামী বছর হবে বার্সেলোনার সভাপতি নির্বাচন।
৫৭ বছর বয়সী কোম্যান এখন তার দেশ নেদারল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে। ২০১৮ বিশ্বকাপের মূল পর্বে খেলতে না পারা ডাচ ফুটবল দলকে ‘নতুন জীবন’ দিয়েছেন খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় ছয় মৌসুম কাটানো সাবেক এই ডিফেন্ডার। তরুণ ডাচ দলকে তুলেছিলেন ২০১৯ সালের উয়েফা নেশন্স লিগের ফাইনালে।
বার্সেলোনা ছাড়ছেন মেসি
ক্রীড়া প্রতিবেদক
লিওনেল মেসিকে নেওয়ার জন্য বড় বড় কাব লাইন দিয়ে আছে। আকাশছোঁয়া ‘বাইআউট কজ’ এই কাবগুলোর কাছে বিষয় নয়, তাদের সংশয় মেসি বার্সেলোনা ছাড়তে চান কি না।
মেসি বার্সেলোনা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, চুক্তির আর একটি মৌসুম বাকি থাকলেও এই গ্রীষ্মেই ন্যু ক্যাম্প ছাড়তে চান ছয়বারের ব্যালন ডি’অর বিজয়ী। কাবে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব দেখে মেসি হতাশ এবং তাদের আগামী ক্রীড়া পরিকল্পনার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন, তাই তাৎক্ষণিকভাবেই কাব ছাড়তে চাইছেন। মেসি বার্সেলোনা ছাড়তে চাইলেই যত টাকা লাগুক ম্যানচেস্টার সিটি তাকে তার সাবেক কোচ পেপ গার্দিওলার কাছে এনে তুলবেন। তবে মেসিকে নিতে চাইলে ইতালির ইন্টার মিলানের সঙ্গে একটা প্রতিযোগিতা হবে ইংলিশ রানার্সআপ কাবটির। কারণ ইন্টারের সাবেক পরিচালক মাসিমিলানো মিরাবেলি মনে করেন মেসিকে সাইন করানোটা তার কাবের চোখে ‘স্বপ্নের চেয়েও বড় কিছু’।
অবসরে ভিনসেন্ট কোম্পানি
ক্রীড়া প্রতিবেদক
পেশাদারি ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ম্যানচেস্টার সিটির সাবেক কিংবদন্তি সেন্টার-ব্যাক ভিনসেন্ট কোম্পানি। ৩৪ বছর বয়সী বেলজিয়ান তারকা এবার পুরোদ্যমে কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন স্বদেশি কাব আন্ডালেখটের।
গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১১ বছরের সম্পর্কের ইতি টেনে নিজের পুরনো ঠিকানা আন্ডারলেখটে যোগ দেন কোম্পানি। বেলজিয়ান এই কাবটির হয়ে ২০০৩ সালে পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরে ২০০৮-২০১৯ পযর্ন্ত ক্যারিয়ারের সুবর্ণ অধ্যায় কাটিয়েচেন ইতিহাদ স্টেডিয়ামে। কোম্পানি দ্বিতীয় মেয়াদে আন্ডারলেখটে যোগ দেন খেলোয়াড় ও কোচ হিসেবে। এবার এক মৌসুম পরেই অবসর নিয়ে পুরোদ্যমে কাবটির প্রধান কোচের দায়িত্ব শুরু করবেন তিনি।
পাকিস্তানের এইচপি ইউনিটের কোচ হচ্ছেন শোয়েব
ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার নিজের সময়ে বল হাতে নাস্তানাবুদ করেছেন বিশ্বের তাবড় হেভিওয়েট ব্যাটসম্যানকে। এবার ক্রিকেটীয় জ্ঞানে টইটম্বুর ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে গুরু দায়িত্ব দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান ক্রিকেটের পাইপলাইন হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) বোলিং কোচের দায়িত্ব পেতে চলেছেন শোয়েব।
শুধু শোয়েবই নন। হাই পারফরম্যান্স দলকে নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন দেশটির আরও দুই সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও আব্দুর রাজ্জাক। তিন ক্রিকেটারের নিয়োগে বিষয়ে এখনো পিসিবি কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পাকিস্তানি গণমাধ্যমের দাবি- শোয়েব, ইউসুফ ও রাজ্জাককে হগাই পারফরম্যান্স সেন্টারের কোচ করার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। পাকিস্তানের গণমাধ্যম জিও দাবি করছে, শোয়েবকে হাই পারফরম্যান্স সেন্টারে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে। মূল কোচের দায়িত্ব পাবেন সাবেক অধিনায়ক ইউসুফ ও সাবেক অলরাউন্ডার রাজ্জাক।











































