Home আন্তর্জাতিক ভারতে ‘জীবিতপুত্রিকা’ উৎসবে নিহত ৪৩

ভারতে ‘জীবিতপুত্রিকা’ উৎসবে নিহত ৪৩

11


আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতের বিহারে ‘জীবিতপুত্রিকা’ উৎসব চলাকালে নদী ও পুকুরে ডুবে মারা গেছেন ৪৩ জন। এর মধ্যে ৩৭ জনই শিশু। এছাড়া এ ঘটনায় আরও নিখোঁজ ৩ জন। আজ বৃহস্পতিবার বিহারের রাজ্য সরকার এই তথ্য জানিয়েছে।

জীবিতপুত্রিকা এমন এক উৎসব যেখানে নারীরা তাদের সন্তানের মঙ্গলের জন্য উপবাস করে থাকেন এবং পরে উভয়েই পবিত্র স্নান করেন।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ‘এখনো পর্যন্ত ৪৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনুসন্ধান চলছে।’ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতের পরিবারের জন্য ৪ লক্ষ রুপি অনুদান ঘোষণা করেছেন।

গতকাল বুধবার অনুষ্ঠিত এই উৎসবে রাজ্যের ১৫টি জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে। যেসব জেলার এই দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে আছে- পূর্ব ও পশ্চিম চম্পারন, নালন্দা, ঔরঙ্গাবাদ, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সারান, পাটনা, বৈশালী, মুজাফফরপুর, সমষ্টিপুর, গোপালগঞ্জ এবং আরওয়াল জেলা।