Home খেলাধুলা বাংলাদেশ দল এখন আর আবেগাক্রান্ত হয় না: শান্ত

বাংলাদেশ দল এখন আর আবেগাক্রান্ত হয় না: শান্ত

16


স্পোর্টস ডেস্ক

স্বাগতিক ভারতের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। কিছুদিন আগেই পাকিস্তানের মাটিতে তাদের ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। ভারতের বিপক্ষেও তাই আত্মবিশ্বাসী টাইগাররা। বাংলাদেশের এই উন্নতির পেছনে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারার ব্যাপারও আছে। চেন্নাই টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে একথাই জানালেন শান্ত।

শান্তর কাছে প্রশ্ন ছিল, আগে বাংলাদেশকে আবেগপ্রবণ দল মনে করা হতো, এখন সেই অবস্থার উন্নতি ঘটেছে কি না। শান্তর উত্তর, ‘হ্যাঁ, কারণ অনেকেই ১০–১৫ বছর ধরে খেলছে। বেশির ভাগ ক্রিকেটারই অভিজ্ঞতাসম্পন্ন, তাই কয়েক বছর ধরে কেউ সেভাবে আবেগাক্রান্ত হয় না। আমরা এখন নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। শুধু নিজেদের খেলা নিয়েই ভাবি। হারলে কিংবা জিতলে কী হবে, সেটা নিয়ে ভাবি না। নিজেদের শতভাগ উজাড় করে দেওয়ার চেষ্টা করি।’

কাগজে-কলমে বর্তমানে পাকিস্তানের চেয়ে ভারত অনেক শক্তিশালী দল। তাছাড়া ঘরের মাঠে দলটির শক্তি আরও বেশি। তবে ঘাবড়াচ্ছেন না শান্ত। ফল নিয়ে না ভাবলেও নিজেদের ক্রিকেটটা খেলে যেতে চায় তার দল, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। যেটা বললেন, এটা আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। এটা নতুন সিরিজ। ড্রেসিংরুমের বিশ্বাস, আমরা এখানেও খুব ভালো ক্রিকেট খেলতে পারব। আমরা ফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই।’

ভারতের শক্তি স্বীকার করে নিয়ে নিজেদের ভালো খেলার ওপরই জোর দিয়েছেন শান্ত, ‘অবশ্যই। এটা আমরা সবাই স্বীকার করি, ভারত সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে বেশি না ভেবে, নিজেদের নিয়েই ভাবাটাই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এখানে ভালো খেলার সামর্থ আমাদের দলটার আছে। পাঁচ দিনের ম্যাচ। এই পাঁচদিন আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। লক্ষ্য একটাই, আমরা প্রতিটি ম্যাচ জিতব, প্রতিটা আন্তর্জাতিক দলেরই একই লক্ষ্য থাকে। আমাদেরও একই লক্ষ্য। জেতার জন্য সে জিনিসগুলো করা দরকার, তাই করবো। ফল নিয়ে বলতে গেলে- আমরা পঞ্চম দিনে শেষ সেশনে গিয়ে আমাদের ফলাফল নিয়ে চিন্তুা।’

ভারতের মতো বড় দলের বিপক্ষে খুব বেশি টেস্ট খেলার সুযোগ হয় না বাংলাদেশের। তাদের আমন্ত্রণ পাওয়া তো আরও কঠিন। তবে এই সিরিজে ভালো করতে চাইলে বড় দলগুলো বাংলাদেশের সঙ্গে আরও ম্যাচ খেলতে চাইবে বলেই মনে করেন শান্ত, ‘অবশ্যই এ ধরনের সিরিজ যদি ভালো করতে পারি, প্রতিটি দলই হয়তো আমাদের সঙ্গে আরও বেশি বেশি ম্যাচ খেলতে চাইবে। এটা একটা অনেক বড় সুযোগ যে এখানে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। আশা করি, বাংলাদেশ দল এখন যেভাবে টেস্ট ক্রিকেট খেলছে তাতে আমার মনে হয় সব দল আমাদের সঙ্গে খেলার ব্যাপারে আগ্রহী হবে।’