Home খেলাধুলা বাংলাদেশের ৩ ক্রিকেটারের নাম বিশেষভাবে উল্লেখ করলেন গম্ভীর

বাংলাদেশের ৩ ক্রিকেটারের নাম বিশেষভাবে উল্লেখ করলেন গম্ভীর

26


স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আগামীকাল টেস্ট খেলতে নামবে ভারত। একে তো ঘরের মাঠ, তার ওপর ধারে-ভারে অনেক এগিয়ে ভারত; তবে বাংলাদেশের সাম্প্রতিক ফর্মের কারণে বেশ সতর্ক তারা। এছাড়া বাংলাদেশে এমন কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছেন, যারা ম্যাচের হাল ধরতে পারেন যেকোনো সময়। অভিজ্ঞতার প্রশ্নে বাংলাদেশের ৩ ক্রিকেটারের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর।

পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জেতায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে গম্ভীর বলেন, ‘পাকিস্তানে তারা যা করেছে তার জন্য আমি অভিনন্দন জানাই। কিন্তু এটা সম্পূর্ণ নতুন একটি সিরিজ, তারা ভালো দল এবং আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। হ্যাঁ তাদের সাকিব (আল হাসান), মুশফিকুর (রহিম) এবং মেহেদী (হাসান মিরাজ)-এর মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে কিন্তু আমরা প্রথম বল থেকে আধিপত্য বজায় রাখতে চাই।’

বাংলাদেশের বিপক্ষে নিজেদের মতো খেলাই দেখতে চান গম্ভীর, ‘আমি চরমভাবে বিশ্বাস করি যে আমরা কাউকে ভয় পাই না কিন্তু সবাইকে সম্মান করি। বাংলাদেশের বেলায়ও একই কথা প্রযোজ্য। আমরা প্রতিপক্ষের দিকে তাকাই না এবং নিজেদের খেলাটা খেলি।’

অনেক আগে থেকেই ভারত ব্যাটিং নির্ভর দল হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন দলটির বোলাররা। এক্ষেত্রে পেসার জাসপ্রিত বুমরাহর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাও ভারতের ম্যাচ জেতানো বোলার। দলের বোলারদের ভূয়সী প্রশংসাও ঝড়েছে গম্ভীরের কণ্ঠে।

ভারতের কোচ বলেন, ‘সব সংস্করণ মিলিয়ে জাসপ্রিত বুমরাহ বিশ্বের সেরা বোলার। ড্রেসিং রুমে বুমরাহকে পাওয়া দারুণ ব্যাপার, যে ক্রিকেটার যেকোনো সময় খেলার গতিপথ পরিবর্তন করে দিতে পারে। …ভারত ব্যাটিং বেশি পছন্দ করা জাতি। কিন্তু বুমরাহ, অশ্বিন এবং জাদেজা সেটির পরিবর্তন ঘটিয়েছে। বুমরাহ টেস্টে স্মার্ট বোলার। এটা ভালো যে তাদের কারণে প্রথার পরিবর্তন ঘটছে।’