Home খেলাধুলা বাংলাদেশ-ভারত ম্যাচে আবহাওয়া বাধা হবে না তো?

বাংলাদেশ-ভারত ম্যাচে আবহাওয়া বাধা হবে না তো?

30


স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে ফিরেছে বাংলাদেশ। এবার সামনে প্রতিবেশী দেশ ভারত। আত্মবিশ্বাসে টইটুম্বুর দল বাংলাদেশ। অন্যদিকে, দীর্ঘ বিরতির পর মাঠে নামছে ভারত। সবমিলিয়ে রোমাঞ্চকর একটি ম্যাচেরই অপেক্ষা করছেন ক্রিকেটভক্তরা। তবে সেই আগ্রহে বাধ সাধতে পারে বেরসিক বৃষ্টি।

আগামীকাল চেন্নাইয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থা আকুওয়েদার ডটকম জানিয়েছে, প্রথম দিনের খেলায় বৃষ্টির বাধ সাধার ভালো সম্ভাবনাই আছে। এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, আগামীকাল সকালে বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। তবে বিকেলে এই সম্ভাবনা গিয়ে দাঁড়াবে ৪৬ শতাংশে। তবে বৃষ্টির কারণে পুরো দিনের খেলা ভেসে যাওয়ার সম্ভাবনা তেমন নেই। তবে খেলায় কিছুটা বিঘ্ন ঘটাতে পারে।

বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও বাংলাদেশের ম্যাচে ফল বের হয়ে আসার ঘটনা আছে। সাম্প্রতিক পাকিস্তান সিরিজই সবচেয়ে বড় উদাহরণ। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের বেশিরভাগ খেলাই নষ্ট হয় বৃষ্টির কারণে। সেই ম্যাচে ১০ উইকেটে জেতে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচের প্রথম দিনের পুরোটাই ভেসে যায় বৃষ্টির বাধায়। সেই ম্যাচে ৬ উইকেটে জেতে টাইগাররা।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার পর অনেকদিন ধরেই দীর্ঘ সংস্করণের এই ক্রিকেটে নেই ভারত। এর মাঝে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে বেশ কিছু ম্যাচ খেলেছে দলটি। এর মাঝে পরিবর্তন হয়েছে তাদের কোচিং স্টাফও। রাহুল দ্রাবিড়ের পরিবর্তে দলের হেড কোচ এখন গৌতম গম্ভীর। এই কোচের অধীনে শ্রীলংকায় ওয়ানডে খেললেও টেস্টে এই প্রথম মাঠে নামছে স্বাগতিকরা।