অনলাইন ডেস্ক।।
আফ্রিকার কঙ্গোতে (ডিআরসি) কারাগার থেকে পালানোর চেষ্টা করার সময় ১২৯ জন কারাবন্দি নিহত হয়েছেন। এদের মধ্যে নিরাপত্তারক্ষীদের গুলিতে ২৪ ও বাকিরা হুড়োহুড়িতে নিহত হন। দেশটির রাজধানী কিনশাসার কেন্দ্রীয় মাকালা কারাগারে সোমবার (২ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুকো বলেছেন, সোমবার অগ্নিকাণ্ডের মধ্যে বন্দিরা পালানোর চেষ্টা করেছিলো। এতে ভবনের প্রশাসনিক দপ্তরসহ হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে লুকো বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী, সতর্ক করার পর গুলি চালানোয় ২৪ জনসহ মোট ১২৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৫৯ জন আহত হয়েছেন বলেও জানান তিনি। লুকো বলেন, এ ঘটনায় উল্লেখযোগ্য পরিমাণে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, ডিআরসির সবচেয়ে বড় কারাগার হচ্ছে মাকালা এবং প্রায় দেড় হাজার কয়েদীর জন্য এটি তৈরি করা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে কারাগারটিতে ১৪ থেকে ১৫ হাজার বন্দি আছে। এই কারাগারে আগেও বন্দি পালানোর ঘটনা ঘটেছে। ২০১৭ সালেও এই কারগার থেকে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ৪ হাজারের বেশি বন্দি পালিয়ে যায়











































