অনলাইন ডেস্ক।।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে দুর্নীতি, ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের অভিযোগে শতাধিক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে–দুর্নীতি, ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অন্তত ১৩৯ সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত দুই প্রতিষ্ঠান সৌদি ওভারসাইট ও দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ (নাজাহা) এ কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে।
দেশটির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গোয়েন্দা নজরদারি এবং দফায় দফায় তদন্তের মাধ্যমে দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের শনাক্ত করা হয়। অভিযানের অংশ হিসেবে গত আগস্ট মাসজুড়ে ২ হাজার ৯৫০টি তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অভিযুক্ত সরকারি কর্মকর্তারা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় এবং জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষের মতো বিভিন্ন হাইপ্রোফাইল প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তদন্তে সরকারি চাকরি বিধিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ৩৮০ সন্দেহভাজন কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে।
সরকারি আর্থিক তহবিলের সুরক্ষা ও ক্ষমতার অপব্যবহার রোধে সৌদি আরবের বিভিন্ন সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের তদারকি করে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা নাজাহা। এ ধরনের দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।











































