ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের খেলা স্থগিত করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে বলেছিলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সঠিক সিদ্ধান্তই নিয়েছে এএফসি।
গতকাল বৃহস্পতিবার বাফুফের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় খেলা বন্ধ হওয়ায় হতাশা প্রকাশ করলেও সিদ্ধান্তকে সঠিকই বলেছেন। জেমি ডে বাছাইয়ের গ্রুপবের্রর বাকি চার ম্যাচ থেকে কিছু পয়েন্ট পাওয়ার কথা বলে আসছিলেন সব সময়। চার ম্যাচের একটিতে জয় পেলে সেটা দুর্দান্ত হবে বলেও উল্লেখ করেছিলেন। তবে ম্যাচ পিছিয়ে ২০২১ সালে নিয়ে যাওয়ার পর প্রত্যাশার পরিধি বাড়িয়েছেন বাংলাদেশের সঙ্গে দুই বছরের জন্য নতুন চুক্তি করা এ কোচ। ১৬ আগস্ট শুরু হবে তার নতুন দুই বছর মেয়াদকাল। ওই দিনই তার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা ছিল। কিন্তু বুধবার ফিফার অনুমতি নিয়ে এএফসি বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো এ বছর আয়োজন না করার সিদ্ধান্ত নেয়।
জেমি ডে বলেছেন, ‘খেলাগুলো বাতিল করা হওয়াতে স্বভাবতই কিছুটা হতাশ হয়েছি। তবে আমি মনে করি এটি সঠিক সিদ্ধান্ত। ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষা সবার আগে আসে। বেশি সময় পেলাম। এখন আমাদের নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। ২০২১ সালে আমাদের কিছু ভালো খেলা থাকবে। ঐ খেলাগুলোতে যাতে জয় পেতে পারি, সে লক্ষ্য নিয়ে প্রস্তুত হতে হবে।’
গ্রুপ ‘ই’ তে বাংলাদেশ চার প্রতিপক্ষ আফগানিস্তান, কাতার, ভারত ও ওমানের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলেছে। ফিরতি ম্যাচ চারটি হওয়ার কথা ছিল অক্টোবর ও নভেম্বরে। এখন সেটা পিছিয়ে নেয়া হয়েছে ২০২১ সালে। তবে ঠিক কবে ম্যাচগুলো হবে তা নিশ্চিত করেনি এএফসি। মূলতঃ বিভিন্ন দেশে আন্তর্জাতিক ফাইটের নিষেধাজ্ঞা থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে এএফসি।
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে পিএসজির ইতিহাস
ক্রীড়া প্রতিবেদক
উৎসবের সব আয়োজন প্রস্তুত ছিল। আর কয়েকটা মিনিট লিড ধরে রাখতে পারলেই প্রথমবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল, আতালান্তার ডাগআউটে যখন এই অবস্থা, প্যারিস সেন্ত জার্মেইয়ের ডাগআউট তখন ছেয়ে গেছে বিষাদে। অথচ তিন মিনিটের ব্যবধানে পুরো দৃশ্যপটটাই গেলো পাল্টে। উৎসবের নগরীতে পরিণত হলো প্যারিস, আর স্বপ্নভঙ্গের বেদনায় নীল আতালান্তা। অবিশ্বাস্য প্রত্যার্বতনে সেমিফাইনাল পৌঁছে গেছে পিএসজি।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের মিনি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আতালান্তাকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। ৮৯ মিনিট পর্যন্ত লিড ধরে রাখা ইতালিয়ান কাবটি শেষ তিন মিনিটের ঝড়ে বিদায় নিয়েছে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে। বিপরীতে শ্বাসরুদ্ধকর জয়ে ১৯৯৫ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে প্যারিসের কাবটি। আরেকবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার ঘোর শঙ্কা তৈরি হয়েছিল পিএসজির। ২৭ মিনিটে পিছিয়ে পড়ার পর কিছুতেই সমতায় ফিরতে পারছিল না। যদিও নির্ধারিত সময়ের শেষ মিনিটে সমতায় ফিরে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল তারা। তবে সেই অপেক্ষায় আর থাকতে হয়নি ফরাসি চ্যাম্পিয়নদের, ইনজুরি টাইমের তৃতীয় মিনিটের গোলে পৌঁছে যায় শেষ চারে। লিসবনের ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিল পিএসজির। কিন্তু সহজ সুযোগ নষ্ট করেন নেইমার। এরপর আরও একবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে আতালান্তার মারিও পাসারিচ ভুল করেননি। দারুণ এক গোলে এগিয়ে নেন ইতালিয়ান কাবটিকে। প্রথমার্ধে নেইমার ছাড়া আর কেউ আলো ছড়াতে না পারায় পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় পিএসজিকে। দ্বিতীয়ার্ধেও তাদের আক্রমণে গতি না থাকায় সুবিধা করতে পারছিল না। বেশ কয়েকটি সুযোগ তৈরি হয়েছিল, তবে গোল করার জন্য যথেষ্ট ছিল না।
ফরাসি চ্যাম্পিয়নদের আসল রূপ দেখা গেছে ৯০ থেকে ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে মারকিনুসের গোলে সমতায় ফেরার পর অবিশ্বাস্য জয় নিশ্চিত করেন এরিক মাক্সিম চুপো-মোটিং। দুটো গোলেই আছে নেইমারের ছোঁয়া। প্রথমটিতে ছোট বক্সের সামনে থেকে নেওয়া ব্রাজিলিয়ান তারকার শট পায়ে ঠিকমতো না লাগলেও চলে আসে মারকিনুসের কাছে। একেবারে গোলমুখের সামনে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পায়ের আলতো ছোঁয়ায় জড়িয়ে দেন জালে।
আর ইতিহাস গড়া দ্বিতীয় গোলটি নেইমারের চমৎকার পাস থেকে বক্সের ভেতর নিয়ন্ত্রণে নেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের ক্রস পায়ে লাগিয়ে ঠিকানায় পৌঁছে দেন ৩১ বছর বয়সী চুপো-মোটিং। সেমিফাইনাল নিশ্চিত করা পিএসজি শেষ চারে খেলবে আতলেতিকো মাদ্রিদ-লাইপজিগ ম্যাচের জয়ী দলের বিপক্ষে।
অনলাইন দাবা অলিম্পিয়াড শুরু আজ
ক্রীড়া প্রতিবেদক
করোনার সময়ে নিয়মিত প্রতিযোগিতা বিশ্ব দাবা অলিম্পিয়াড আর হচ্ছে না। সেটি পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছর। তবে এই সময়ে দাবাড়ুদের ব্যস্ত রাখতে বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা প্রথমবারের মতো অনলাইনে দাবা অলিম্পিয়াড শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
দুইভাগে হচ্ছে এই প্রতিযোগিতা। ডিভিশন এক-এ গতবারের শীর্ষ ২৫টি দেশ সরাসরি খেলবে। আর ডিভিশন দুই-এ বাংলাদেশ ছাড়াও আছে ৫০টি দেশ। তাদেরকে পাঁচ গ্রুপে বিভক্ত হয়ে খেলতে হচ্ছে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দেশ জায়গা করে নেবে ডিভিশন এক-এ। বাংলাদেশের খেলা শুরু হচ্ছে আজ শুক্রবার থেকেই। প্রথম খেলায় তারা মুখোমুখি হবে জার্মানির। এই গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জার্মানি, বেলারুশ, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, তুর্কমেনিস্তান ও কিরগিজস্থান। তিনদিন ব্যাপী হবে এই গ্রুপের র্যাপিড ভিত্তিক খেলাটি। খেলা হবে চার ক্যাটাগরিতে-ওপেন, মহিলা ও অনূর্ধ্ব-২০ পুরুষ ও মহিলা দুই বিভাগে।
এইচপির নতুন কোচ টবি র্যাফোর্ড
ক্রীড়া প্রতিবেদক
অবশেষে হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের খেলোয়াড় তৈরির বড় এই প্ল্যাটফর্মে কোচ করে আনা হচ্ছে টবি র্যাফোর্ডকে।
অথচ গুরুত্বপূর্ণ এই ইউনিটের প্রধান কোচের পদটি প্রায় ৯ মাস ধরেই শূন্য পড়ে ছিল। গত বছর ডিসেম্বরে এইচপির প্রধান কোচ সাইমন হেলমট পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির সঙ্গে সাড়ে তিন বছরের সম্পর্ক ছিন্ন করেন।
নতুন কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, ‘হ্যাঁ, আমরা টবি র্যাডফোর্ডকে আমাদের এইচপির কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। র্যাডফোর্ড বছরে ১০০ দিনের জন্য কাজ করবেন। প্রাথমিকভাবে চুক্তিটি এক বছরেরই। সেটি যাচাই করে পরে চুক্তি বাড়ানো হবে।’
তামিম ইকবাল অনুশীলনে ফিরছেন রবিবার
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসের শঙ্কা পেছনে ফেলে জাতীয় দলের ক্রিকেটাররা ঈদের আগেই অনুশীলনে ফিরেছেন। ঈদের পরও অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন মুশফিক-মাহমুদউল্লাহরা।
সামনে শ্রীলঙ্কা সিরিজ। সেজন্যই ক্রিকেটাররা অনুশীলনে আরও বেশি মনযোগী। তবে অনুশীলনে এখনও ফেরেননি দেশ সেরা ওপেনার ও টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অনেকে তার অনুশীলনে না ফেরা নিয়ে দায়িত্বহীনতার প্রশ্ন তুলেছেন। তবে গতকাল বৃহস্পতিবার টাইগারদের ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, আগামী রবিবার থেকে অনুশীলনে ফিরবেন তিনি। চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তামিম। তাই সেখান থেকে ফিরে সরকারের নিয়ম মানতেই বর্তমানে ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন ৩১ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান।
গাজীপুরে ৮৪ অস্বচ্ছল ক্রীড়াসেবী পেল ভাতা
ক্রীড়া প্রতিবেদক
করোনাকালে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। আছেন আর্ত মানুষ আর ক্রীড়াবিদদের পাশে। এবার বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুর জেলার ৮৪ জন অস্বচ্ছল ক্রীড়াসেবীদের পাশে দাঁড়ালেন। তাদের মাসিক ক্রীড়া ভাতার চেক প্রদান করেন। মাসিক ২ হাজার টাকা করে প্রত্যেক ক্রীড়াসেবীকে ২৪০০০ টাকা প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্বচ্ছল ক্রীড়াসেবীদের হাতে মাসিক ক্রীড়া ভাতার এ অর্থ তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব মো. মোশারফ হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. তরিকুল ইসলাম।
বাসায় চিকিৎসা নিচ্ছেন বাদল রায়
ক্রীড়া প্রতিবেদক
তিন বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণের পর বেশ কিছুদিন দেশে ও দেশের বাইরে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন সাবেক তারকা ফুটবলার ও বাফুফে সহসভাপতি বাদল রায়। ২০১৭ সালের পর থেকে জাতীয় দল ও মোহামেডানের সাবেক এ অধিনায়ক সাংগঠনিক কার্যক্রমও চালিয়ে গেছেন।
দেশে করোনা শনাক্ত হওয়ার পর ক্রীড়াঙ্গনের বিভিন্নজনকে ফোন করে খবরও নিয়েছেন। পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করতে। সেই বাদল রায় নিজেই এখন করোনা আক্রান্ত। বাদল রায়ের বাসা রাজধানীর ‘করোনা রেড জোন’ হিসেবে চিহ্নিত ওয়ারিতে। শরীরে করোনা উপসর্গ দেখা দিলে দুইদিন আগে ভর্তি হয়েছিলেন রাজধানীর আজগর আলী হাসপাতালে। কোভিড-১৯ পরীক্ষা করানোর রিপোর্ট পজিটিভ আসে। তবে চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার বাড়িতে ফিরে এসেছেন তিনি।
কোর্টে ফিরেই জয় পেলেন সেরেনা
ক্রীড়া প্রতিবেদক
কোর্টের লড়াইয়ে প্রথম সেটে পিছিয়েই পড়ে ছিলেন সেরেনা উইলিয়ামস। তবে হাল ছেড়ে দেননি। ঘুরে দাঁড়িয়ে ঠিকই জয় ছিনিয়ে নিয়েছেন সাবেক নাম্বার ওয়ান এ তারকা।
করোনাভাইরাস লকডাউন কাটিয়ে দীর্ঘ ছয় মাস পর খেলায় ফিরে শুরুটা মোটেই ভালো ছিল না সেরেনা। প্রথম সেট হেরে যান ৪-৬ গেমে। পরের দুই সেট ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে টপ সিড ওপেনের শেষ ষোল পর্বে উঠে গেছেন এ মার্কিন তারকা। কেনটাকির এই টেনিস আসরে জিততে ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনার লেগেছে দুই ঘণ্টা ১৫ মিনিট। পরের রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ তারই বড় বোন ভেনাস উইলিয়ামস। ভেনাস সরাসরি সেটে ৬-৩ ও ৬-২ গেমে ধরাশায়ী করেন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে।
চরম ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
রোজ বোলে টস জিতে ব্যাটিং বেছে নেয়াটাই যেন কাল হলো পাকিস্তানের। বৃষ্টি বাধায় মনোযোগ ধরে রাখা রীতিমত কঠিন হয়ে পড়েছে তাদের ব্যাটসম্যানদের। শুরুতেই ধাক্কা খেয়ে শুরু। তবু বিপদ সামলে উঠেছিল সফরকারিরা। কিন্তু বৃষ্টি ফের ঝামেলা করল, এরপরই ব্যাটিং বিপর্যয়।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই আগের টেস্টের সেঞ্চুরিয়ান শান মাসুদকে হারায় পাকিস্তান। জেমস অ্যান্ডারসনের এলবিডব্লিউয়ের শিকার হয়ে মাসুদ ফেরেন মাত্র ১ রান করে। ৬ রানে প্রথম উইকেট হারানো সফরকারিরা দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। আবিদ আলি আর আজহার আলি যোগ করেন ৭২ রান। দেখেশুনেই খেলছিলেন আজহার। ৮৫ বল মোকাবেলায় ২০ রান করা পাকিস্তান অধিনায়ককে দ্বিতীয় স্লিপে ররি বার্নসের ক্যাচ বানিয়ে জুটিটি ভাঙেন ওই অ্যান্ডারসনই। পাকিস্তান ২ উইকেটে ৮৫ রান তোলার পর অনেকটা সময় বৃষ্টির কারণে খেলা ছিল বন্ধ। এর মধ্যেই চা-বিরতিতে যায় তারা। বিরতির পর আনপ্রেডিক্টেবলরা হারিয়ে বসে হাফসেঞ্চুরিয়ান আবিদ আলিকেও। ১১১ বলে ৭ বাউন্ডারিতে ৬০ রান করে তিনিও দ্বিতীয় স্লিপে ধরা পড়েন, স্যাম কুরানের বলে। এরপর আসাদ শফিক উইকেটে দাঁড়াতে পারেননি। স্টুয়ার্ট ব্রডের ডেলিভারি স্টিয়ার করতে গিয়ে ৫ রান করে তৃতীয় স্লিপে ডম সিবলির তালুবন্দী হন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
১১৭ রানে ৪ উইকেট। এমন চাপের মুখে উইকেটে আসেন ১১ বছর পর সুযোগ পাওয়া ফাওয়াদ আলম। ফেরাটা একদমই সুখকর হয়নি। শূন্য রানেই ক্রিস ওসকের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। ১২০ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছে পাকিস্তান।
১১ বছর পর পাকিস্তান টেস্ট একাদশে ফাওয়াদ
ক্রীড়া প্রতিবেদক
হয়তো ফাওয়াদ আলম নিজেও আশা ছেড়ে দিয়েছিলেন। দল থেকে বাদ পড়েছেন সেই ২০০৯ সালে। এদিকে বয়সটাও থেমে নেই, ৩৪ পেরিয়ে ৩৫ ছুুঁইছুঁই। এমন সময়ে এসে ফের টেস্ট দলে জায়গা করে নিলেন। শুধু কি জায়গা করে নিলেন? এবার একাদশেও ঢুকে পড়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
ইংল্যান্ড সফরে প্রথম টেস্টে সুযোগ হয়নি। তবে সাউদাম্পটনের রোজ বোলে শুরু দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা করে নিয়েছেন ফাওয়াদ। বাদ পড়েছেন শাদাব খান। প্রথম টেস্টটা পাকিস্তান হেরেছে ৩ উইকেটে। এটি তাই সফরকারিদের বাঁচা-মরার লড়াই। হারলেই তিন ম্যাচের সিরিজ খোয়াতে হবে। এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতে নামা টেস্টে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সিপিএল থেকে সরে দাঁড়ালেন সারওয়ান
ক্রীড়া প্রতিবেদক
চলতি বছরের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। কিন্তু এমন এক সময় পারিবারিক কারণ দেখিয়ে এবারের আসর থেকে সরে দাঁড়ালেন জ্যামাইকা তালাওয়াসের সহকারী কোচ রামনরেশ সারওয়ান।
গতকাল বৃহস্পতিবার ‘ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো নিউজডে’কে এমনটাই জানিয়েছেন তালাওয়াসের প্রধান নির্বাহী জেফ মিলার। সারওয়ানের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পরই ওয়েস্ট ইন্ডিজের সাবেক স্পিনার রায়ান অস্টিন এবং বিনোদ মহারাজকে প্রধান কোচ ফয়েড রেইফারের সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে তালাওয়াস।
ক্রিকেট থেকে মার্শের অবসর
ক্রীড়া প্রতিবেদক
৩৩ বছর বয়সের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছন লরা মার্শ। বুধবার অবসরের বিষয়টি নিশ্চিত করেন এই ইংলিশ অফ-স্পিনার। ইংল্যান্ড নারী জাতীয় দলের হয়ে ৯ টেস্ট, ১০৩ ওয়ানডে এবং ৬৭টি টি-টোয়েন্টি খেলেছেন মার্শ। ক্রিকেটের তিন ফরম্যাটে নিয়েছে ২১৭ উইকেট।
গত ডিসেম্বরে অবসরের ডাক দিতে চেয়েছিলেন মার্শ। সেবার অবশ্য তিনি অপেক্ষায় ছিলেন দ্য হান্ড্রেড’র উদ্বোধনী আসরের। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা স্থগিত হয়। যার ফলে মার্শের বিদায়ও পিছিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে ২০০৯ ও ২০১৭ সালে আইসিসি নারী বিশ্বকাপ জিতেছেন তিনি। এছাড়া ২০০৯ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন মার্শ।
মেসির যে রেকর্ডে ভাগ বসালেন নেইমার
ক্রীড়া প্রতিবেদক
নাটকীয় ম্যাচে আতালান্তাকে হারিয়ে ২৫ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পা রেখেছে পিএসজি। ম্যাচে গোল না পেলেও একটা রেকর্ডে ঠিকই নাম লিখিয়েছেন ফরাসি জায়ান্টদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি ড্রিবলিংয়ের রেকর্ড এতদিন লিওনেল মেসির দখলে ছিল। এখন সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন নেইমার। ইতালিয়ান কাব আতালান্তার বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন নেইমার। কিন্তু সহজ দুটি গোলের সুযোগ নষ্ট করায় আরেকটু হলেই ভিলেন হতে যাচ্ছিলেন তিনি। ইনজুরি সময় পর্যন্ত তার দল ১-০ গোলে পিছিয়ে যাওয়ার পেছনে তার ওই গোল মিসের বড় ভূমিকা ছিল। তবে সময়েমতো কাজের কাজটা ঠিকই করেছেন তিনি। পিএসজির প্রথম গোল ও দ্বিতীয় গোলে ভূমিকা ছিল নেইমারের। প্রথমটি তো সরাসরি তার অ্যাসিস্ট থেকেই এসেছে। পরে শেষ তিন মিনিটের ঝড়ে আতালান্তার স্বপ্ন চুরমার করে ২-১ গোলে ম্যাচ জিতে নিয়েছে টমাস টুখেলের দল। এই ম্যাচে ১৬টি ড্রিবলিং করেছেন নেইমার। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সমান ড্রিবলিং করে রেকর্ড গড়েছিলেন মেসি।
২০২০ সালের প্যারিস ম্যারাথন বাতিল
ক্রীড়া প্রতিবেদক
এই বছরের প্যারিস ম্যারাথন শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। করোনা মহামারির সময় এই প্রতিযোগিতার আয়োজন অসম্ভব বলে আজ বুধবার আয়োজকরা তা বাতিলের ঘোষণা দিয়েছে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ৫ এপ্রিল ফ্রান্সের রাজধানীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে পরবর্তীতে তা পিছিয়ে ১৫ নভেম্বর করা হয়েছিল। কিন্তু করোনার কারণে শেষ পর্যন্ত তা বাতিল ঘোষণা করা হলো। পাশাপাশি এ বছর বাতিল হওয়া অভিজাত টুর্নামেন্টের তালিকায় যুক্ত হলো এই প্রতিযোগিতাটিও। এর আগে এ বছরের নিউইয়র্ক, বোস্টন, শিকাগো এবং বার্লিন ম্যারাথন বাতিল করেছে। আর লন্ডন ঘোষণা করেছে যে তারা কেবল অভিজাত অ্যাথলেটদের নিয়েই এই প্রতিযোগিতা আয়োজন করবে। কারণ ৪৫ হাজার দৌড়বিদ নিয়ে এর আয়োজন নিরাপদ হবে না। প্রথমবারের মতো দুই ঘন্টার বাধা টপকে যাওয়া কেনিয়ার এলিউড কিপচোগ এবং ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের মধ্যে প্রতিযোগিতা লন্ডনের রুদ্ধদ্বার বায়ো সুরক্ষিত কোর্সে অনুষ্ঠিত হবে।











































