Home আঞ্চলিক ব্যবসায়ীর ১৪লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

ব্যবসায়ীর ১৪লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

9

স্টাফ রিপোর্টার

নগরীর জিলা স্কুলের পাশের সড়কে অস্ত্রের মুখে ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাত আসামিদের নামে ক্ষতিগ্রস্ত মডার্ণ সী ফুড নামের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। তবে এখনো পর্যন্ত ছিনতাইকারীদের সণাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল বৃহস্পতিবার খুলনা থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম এ তথ্য দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১২ আগস্ট দুপুরে খুলনার মডার্ণ সী ফুড  অফিসের ১৪ লাখ টাকা ব্যাংক থেকে তুলে ফেরার সময়ে জিলা স্কুলের পাশের সড়কে পৌঁছালে মোটর সাইকেলযোগে ছিনতাইকারীরা এসে গাড়ির পথ আটকায়। এরপর আগ্নেয়াস্ত্র তাক করে গাড়িতে থাকা ১৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইয়ের সময়ে গাড়িতে মডার্ণ সী ফুডের ম্যানেজার ও কর্মচারী ছিলেন। ছিনতাইয়ের স্থান ও দুর্বৃত্তরা যে সড়কটি দিয়ে পালিয়ে যায় সে সড়কে পুলিশ সুপারের বাসভবন, জেলা প্রশাসকের বাসভবন, রেঞ্জ ডিআইজির বাসভবন, বিভাগীয় কমিশনারের বাসভবন, জেলা ও দায়রা জজের বাসভবন, নগরীর আদালত পাড়া, জেলা প্রশাসন ভবন, অফিসার্স কাব, জেলা  স্টেডিয়ামসহ আরো গুরুত্বপূর্ণ সরকারি অফিস রয়েছে। এর আগেও ওই সড়কে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনাসহ বিভিন্ন অপরাধ সংগঠিত হয়েছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম জানান, এঘটনায় মামলা দায়ের হয়েছে। ছিনতাইকারীদের সণাক্ত  ও গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।