নিজস্ব প্রতিবেদক
দেনা পাওনাকে কেন্দ্র করে দুই জ্বালানী তেল ব্যবসায়ীর দ্বন্দ্ব থানা পর্যন্ত পৌছেছে। এক পক্ষ জুনায়েদ হোসেন লস্কর অভিযোগ করেছেন খুলনার যমুনা ডিপোতে তার প্রতিষ্ঠান লস্কর ফিলিং স্টেশনের একটি ট্যাংক লরী তেল নিতে আসলে উদ্দেশ্য প্রনোদিত ভাবে তা আটকের অভিযোগ । অন্যপক্ষ বাংলাদেশ ট্রাংকলরী ওনার্স এসোসিয়েশনের এক অংশের সভাপতি শেখ ফরহাদ হোসেন জানিয়েছেন, ব্যাবসায়িক সূত্রে তিনি জুনায়েদ হোসেন লস্করের কাছে এক কোটি ৭৫ লাখ টাকা পান। ঘটনার দিন জুনায়েদ হোসেন লস্করের ট্যাংক লরির ড্রাইভারের মাধ্যমে তার মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে জুনায়েদ লস্কর সেদিন বা তার আগে থেকেই কোনো প্রকার ফোন ধরছেন না।
সূত্র জানায়, ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরার জুনায়েদ হোসেন লস্কর খুলনার শেখ ফরহাদ হোসেনের কাছ থেকে ব্যাংক চেক ও লিখিত স্ট্যাম্পের মাধ্যমে ১ কোটি ৭৫ লক্ষ টাকা গ্রহণ করেন। এই লেনদেনের বিপরীতে জুনায়েদ হোসেন লস্কর তার পূবালী ব্যাংক সাতক্ষীরা শাখার লস্ক ট্রেডারস একাউন্ট নং ১৮১২৯০১০১৭১০৭ হতে তিন দফায় ৭৫ লাখ, ৫০ লাখ ও ৩০ লাখ এবং সাউথ ইস্ট ব্যাংক সাতক্ষীরা শাখার একাউন্ট নং ০০১৩১০০০০০০০২ থেকে ২০ লাখ সহ মোট ১ কোটি ৭৫ লাখ টাকার চেক প্রদান করেন। এবিষয়ে উভয় পক্ষের একটি লিখিত বায়নাও করা হয়। এর পরে জুনায়েদ হোসেন লস্কর পাওনা পরিশোধে গরিমসি শুরু করেন এবং এক পর্যায়ে শেখ ফরহাদ হোসেনের সাথে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেন। এমনকি ফরহাদ হোসেনের ফোনও তিনি ধরা বন্ধ করে দেন।
গত ২৭ আগস্ট দুপুরে খুলনার কাশিপুরস্থ যমুনা তেল ডিপোতে জোনায়েদ হোসেন লস্করের মালিকানাধীন লস্কর ফিলিং স্টেশনের একটি ট্যাংক লরী তেল উত্তোলন করতে আসলে খবর পান শেখ ফরহাদ হোসেন। এসময় তিনি ডিপোতে গিয়ে জুনায়েদ লস্করের ট্রাংকলরির ড্রাইভারের কাছে তার মালিক জুনায়েদ লস্করের কাছে ফোন দিতে বলেন। এ সময় খুলনা বিভাগীয় ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ এমাম মুন্সী উপস্থিত হলে ফরহাদ হোসেনের জরুরী কাজ থাকায় এনাম মুন্সির কাছে পাওনা টাকার ব্যাপারে দায়িত্ব দিয়ে চলে যান তিনি। পরবর্তীতে শেখ ফরহাদ হোসেনের নামে ভয়-ভীতি ও ট্রাক আটকে রেখে হুমকির দেয়ার অভিযোগ তুলে খালিশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন জুনায়েদ হোসেন লস্করের ছোট ভাই জাকির লস্কর। অন্যদিকে, শেখ ফরহাদ হোসেন দাবি করেছেন, হুমকির কোনো ঘটনা ঘটেনি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খালিশপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সনজিত কুমার মন্ডল জানান, তিনি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন, তবে সেখানে ট্যাংকলরি থামিয়ে ড্রাইভার এর সাথে কথা বলেছেন শেখ ফরহাদ হোসেন। তবে হুমকি-ধামকি, কিংবা সন্ত্রাসী কোন কর্মকাণ্ডের ঘটনা সেখানে ঘটেনি। দু পক্ষই থানায় অভিযোগ করেছেন। আমরা তাদের অভিযোগপত্র গ্রহণ করেছি। যমুনা ডিপোর আওতাধীন সিসি টিভি ফুটেছে দেখা গেছে জোনায়েদ লস্করের ট্রাংকলরির ড্রাইভারকে কোনো ধরনের হুমকি বা অস্ত্র দিয়ে ভয় দেখানো হয়নি।











































