শাহজাহান সিরাজ,কয়রা।।
দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞার পর জেলে বাওয়ালীদের জন্য উন্মুক্ত সুন্দরবন। মাছ ও কাঁকড়া ধরতে যাওয়ার জন্য কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন বনজীবী পরিবারগুলোতে বইছে উৎসব আমেজ। বন বিভাগের কাছ থেকে বৈধ পাশ-পারমিট নিয়ে আজ রবিবার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবনে প্রবেশ করছেন জেলে-বাওয়ালীসহ দেশ-বিদেশি পর্যটকরা। ফলে সুন্দরবনে প্রবেশে পর্যটক, জেলে, বাওয়ালি বা বনজীবীদের ক্ষেত্রে আর কোনো বাঁধা থাকছে না।
এর আগে গতকাল শনিবার (৩১ আগস্ট) পর্যন্ত প্রাণী-প্রকৃতিসহ বন্যপ্রাণী ও মাছের প্রজনন নিশ্চিতে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। সুন্দরবনের বন্যপ্রানী ও মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানস (আইআরএমপি)-এর সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতি বছরের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই তিন মাস বিশ্ব ঐতিহ্য এলাকা (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) ম্যানগ্রোভ বনে প্রবেশে নিষেধজ্ঞা জারি করে থাকে বন বিভাগ। সেই নিষেধাজ্ঞা তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর সেটি আবার খুলে দেওয়া হল।
আজ সকালে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই জেলেরা সুন্দরবনে দলে দলে নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছেন। স্টেশনের সামনে বনজীবী জেলেদের নৌকাগুলো বেঁধে রাখা। আনুষ্ঠানিকভাবে বনজীবীদের হাতে মাছ ও কাঁকড়া আহরণের অনুমতিপত্র (পাস) দেওয়া হচ্ছে। জেলেরা কেউ মাছ ধরার জাল টেনে নৌকায় তুলছেন। নৌকার সামনের অংশে বরফ আর প্রয়োজনীয় বাজার-সদাই রেখে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন সুন্দরবন যাত্রার। কেউ অনুমতিপত্র (পাস) না পেয়ে বন বিভাগের কার্যালয়ের আশপাশে ঘোরাঘুরি করছেন। আবার কেউ অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
সুন্দরবন–সংলগ্ন মঠবাড়ি গ্রামের মইনুদ্দীন গাজী অনুমতি পত্র নেওয়ার আশায় ভোরে সূর্য ওঠার আগেই সিরিয়াল নেওয়ার জন্য বসে ছিলেন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন ঘাটে। তিনি বলেন, আমরা জেলেরা বনে মাছ কাঁকড়ার উপর নির্ভরশীল। বনে মাছ ধরেই সংসার চলে। দীর্ঘদিন বন্ধ থাকায় কোন কাজ কাম করতে না পারায় সংসার চালাতে কষ্ট হয়েছে। বিভিন্ন জায়গায় দিনমজুরি করে সংসার চালাতে হয়েছে। প্রথম দিকে সুন্দরবনে ঢুকতে পারলে বেশি মাছ পাওয়া যাবে। অনেক জেলের হাতে পাশ দিতে সারাদিন লেগে যাবে। এ কারণে ভোরেই পাস নেওয়ার জন্য চলে এসেছেন।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনের নদীতে বেঁধে রাখা নৌকার পাটাতন মেরামত করছিলেন জেলে আব্দুস সামাদ । তিনি বলেন, প্রজনন মৌসুমে মাছ, কাঁকড়া শিকার নিষিদ্ধ হলেও তা উপেক্ষা করে অসাধু জেলেরা বনে ঢুকে বিষ ছিটিয়ে এসব শিকার করছেন। তাই মাছ-কাঁকড়া কেমন হবে, তা বলা যাচ্ছে না। বন্ধের সময় যদি অসাধু জেলেরা চুরি করে বিষ দিয়ে মাছ না মারত তাহলে জেলেরা সবাই বন্ধের পর ব্যাপক মাছ, কাঁকড়া পেত। তারপরও যাচ্ছি আল্লাহ ভরসা।
তার পাশের নৌকায় কাঠ ও বরফ ওঠাচ্ছিলেন জেলে আসাদুল ইসলাম। তিনি বলেন, ‘তিন মাস সরকারি কোনো সহযোগিতা পাইনি। বড্ড কষ্টে কেটেছে।’
বনজীবী জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি নৌকায় দুই থেকে তিনজন জেলে থাকেন। প্রথম পর্যায়ে তাঁরা ছয় দিন সুন্দরবনে অবস্থান করে মাছ ও কাঁকড়া ধরে আবার ফিরে আসবেন। পরে আবার সুন্দরবনে যাবেন। এভাবে বছরে ৯ মাস সুন্দরবন থেকে মাছ ধরবেন তাঁরা।
অপরদিকে সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার ও হরিণ শিকার প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ক্যাম্পেইন অনুষ্টিত হতে দেখা দেখে। সকাল ৯ টায় কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন অডিটোরিয়ামে ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট ( আইসিডি) এর আয়োজনে ও বন বিভাগের সার্বিক সহযোগিতায় এ৷ সচেতনতামূলক সভা অনুষ্টিত হয় ।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেক,আইসিডি’র প্রতিষ্ঠতা আশিকুজ্জামান (আশিক), স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ মোল্ল্যা, নিরপদ মুন্ডা, আশিকুজ্জামান, সুব্রত মুন্ডা জেলে পক্ষে ইসমাইল হোসেন, নুরুল্লাহ, বিল্লাল হোসেন সোলায়মান মোল্ল্যা প্রমুখ। সভায় অধ্যাপক আ,ব,ম আঃ মালেক বলেন, ’সুন্দরবন আমাদের মায়ের মতন’ প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছ্বাস ও ঝড় ঝঞ্ঝার সময় সুন্দরবন দক্ষিন অঞ্চলের মানুষের ঢাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন সময় বুক চিতিয়ে আগলে রাখে এই সুন্দরবন।
আইসিডির প্রতিষ্ঠতা আশিকুজ্জামান (আশিক) বলেন, সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের ফলে ওই মাছ ও পানি খেয়ে বাঘ, হরিণ, ডলফিনসহ বিভিন্ন বন্যপ্রাণী রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আর ওই মাছ খেয়ে মানুষ ক্যান্সার, কিডনি ও লিভারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষা ও নিজেদের বাঁচতে বনের খালে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল বলেন, এ স্টেশনের আওতায় ৯৪৩টি নৌকার অনুমতিপত্র রয়েছে। সকাল থেকে পাঁচ শতাধিক জেলে অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছেন। তিন মাসের নিষেধাজ্ঞায় বনের নদী-খালে মাছ ও বন্য প্রাণীর প্রজনন বৃদ্ধি পেয়েছে, এতে সুন্দরবনের জীববৈচিত্র্য সমৃদ্ধ হয়েছে।
সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান বলেন, সব বনজীবীকে বনের আইন মেনে চলতে হবে। বনরক্ষীদের টহল ও অন্য কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল বলেন, এ স্টেশনের আওতায় ৯৪৩টি নৌকার অনুমতিপত্র রয়েছে। সকাল থেকে পাঁচ শতাধিক জেলে অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছেন। তিন মাসের নিষেধাজ্ঞায় বনের নদী-খালে মাছ ও বন্য প্রাণীর প্রজনন বৃদ্ধি পেয়েছে, এতে সুন্দরবনের জীববৈচিত্র্য সমৃদ্ধ হয়েছে।
সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান বলেন, সব বনজীবীকে বনের আইন মেনে চলতে হবে। বনরক্ষীদের টহল ও অন্য কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।











































