Home খেলাধুলা আমি জানি সাকিব কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না: মুশফিক

আমি জানি সাকিব কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না: মুশফিক

20


স্পোর্টস ডেস্ক

গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এই আমলে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২২ আগস্ট রাতে সাকিবের নামে একটি হত্যা মামলা হয়। গত ৫ আগস্ট গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের হয়েছে। সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে।

যদিও গত ৫ আগস্ট রুবেল নিহত হওয়ার সময় সাকিব কানাডায় ছিলেন। সে সময় কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছিলেন তিনি। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরো সময়েই দেশে ছিলেন না সাকিব। তাই, তার সতীর্থরা মনে করছেন, সাকিবের বিপক্ষে এই মামলার যৌক্তিকতা নেই। এটি নিয়েই সম্প্রতি ফেসবুকে সরব হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ব্যাটার মুমিনুল হক, এনামুল হক বিজয়সহ অনেকে। এবার সাকিবের পক্ষে ব্যাট ধরলেন তার দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম।

সম্প্রতি নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে ছাড়িয়ে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছেন সাকিব। ফেসবুকে দেওয়া পোস্টের প্রথম অংশে সাকিবের এই গুণগান গেয়ে মুশফিক লেখেন, ‘সাকিবকে বাঁ’হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত।’

স্ট্যাটাসের পরের অংশে সাকিবের নামে মামলার বিরোধিতা করে মুশফিক লেখেন, ‘একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’