Home খেলাধুলা ইংল্যান্ডের প্রথম বিদেশি কোচ আর নেই

ইংল্যান্ডের প্রথম বিদেশি কোচ আর নেই

14


স্পোর্টস ডেস্ক

প্রথম বিদেশি কোচ হিসেবে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলকে কোচিং করিয়েছেন সভেন-গোরান এরিকসন। দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করে আসছিলেন সুইডিশ এই কোচ। অবশেষে হার মানতে হলো তাকে। নিজ বাসায় আজ মারা গেলেন ৭৬ বছর বয়সী এরিকসন। এ সময় পাশে ছিল তার পরিবার।

গত জানুয়ারিতেই ক্যানসার হওয়ার খবর নিশ্চিত করেছিলেন এরিকসন। সে সময় তিনি বলেছিলেন, হাতে সর্বোচ্চ আর এক বছর সময় আছে। তবে সেই সময়ও বাঁচতে পারলেন না সাবেক এই কোচ। ৮ মাস না পেরোতেই ইহলোকের মায়া ত্যাগ করতে হয়েছে তাকে।

১৯৭৭ সালে কোচিং ক্যারিয়ার শুরু এরিকসনের। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচ ছিলেন এরিকসন। এই সময়ে ২০০২ ও ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলেছিল ইংলিশরা। এছাড়া ২০০৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও শেষ আটে ওঠে এরিকসনের ইংল্যান্ড।

খেলোয়াড়ি জীবনে খুব একটা নাম করতে না পারলেও এরিকসেনের কোচিং ক্যারিয়ার খুবই সমৃদ্ধ। ইংল্যান্ড ছাড়াও বেনফিকা, লেস্টার সিটি, এএসরোমা, লাৎসিও ম্যানচেস্টার সিটিসহ বেশ কয়েকটি ক্লাবের কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন এই সুইডিশ।