স্টাফ রিপোর্টার
নগরীর হরিণটানা থানাধিন সিটি বাইপাস সড়কের বিসমিল্লাহ নগর মার্কেটের পাশে ইজিবাইক চালক মো. টুটুল মোল্লা (২৫) কে গুরুতর অহত করে ইজিবাইক ছিনতাই মামলার ৩আসামিকে গ্রেফতার করেছে হরিণটানা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন খালিশপুর আলমনগর নুরানীয়া জামে মসজিদের পাশের বাসিন্দা শহিদুল ইসলাম আকনের ছেলে মো. রবিউল ইসলাম রাজু (২০), একই এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. রাকিব হোসেন রকি (২২) ও বাগেরহাট জেলা সদরের বড় বাঁশবাড়িয়া শিকদারবাড়ির সামনের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের ছেলে মো. সাদ্দাম হাওলাদার (৩০)।
গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা হরিণটানা থানার এসআই রাসেল হোসাইন গ্রেফতার ৩ আসামিকে আদালতে হাজির করেন। এ সময় আসামি সাদ্দাম হাওলাদার আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। তার দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম রেকর্ড করেছেন। পরে তাদের ৩জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, দৌলতপুর থানাধিন দেয়ানা উত্তর পাড়ার মো. একলাচ মোল্লার ছেলে মো. টুটুল মোল্লা গত ৬ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। পরের দিন অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে দৌলতপুর থানায় জিডি করা হয়। ৮ আগস্ট সকাল ৮টার দিকে থানার মাধ্যমে জানা যায় হরিণটানা থানা এলাকায় অজ্ঞাত লাশ উদ্ধার হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে। টুটুলের ভাইসহ অত্মীয়রা এসে লাশ সণাক্ত করে। পরে জানা যায়, ৬ আগস্ট রাত পৌনে ১২টার দিকে নগরীর হরিণটানা থানাধিন সিটি বাইপাস সড়কের বিসমিল্লাহ নগর মার্কেটের পাশে টুটুলকে পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত দেড়টার দিকে চিকিৎসাধিন অবস্থায় টুটুল মারা যায়। এঘটনায় নিহত টুটুলের বড় ভাই মো. রাজিব মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হরিণটনা থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং- ৩।











































