Home খেলাধুলা বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ২৪ অক্টোবর

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ২৪ অক্টোবর

16

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার সফরের টেস্ট সিরিজ চূড়ান্ত হলেও আলোচনা চলছে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। যার ফলে বিসিবি ও লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও ম্যাচের সূচি ঠিক করতে পারেনি। তবে পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত করতে না পারলেও বিসিবি জানিয়েছে, ২৪ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট।
গতকাল বুধবার মিরপুরে বিসিবি কার্যালয়ে এক সভার পর জানানো হয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টেস্টের দিনক্ষণ। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সেপ্টেম্বরের মাঝামঝিতে হয়তো আমরা ১০-১২ দিন অনুশীলন করে এইচপি দলকে নিয়ে শ্রীলঙ্কায় চলে যাব। ওখানে প্রায় ২০-২৫ দিন আমরা অনুশীলন করবো। এরপর অক্টোবরের ২৪ তারিখে আমাদের প্রথম টেস্ট শুরু হবে।’
২০১৪ সালের পর আবারও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে মনে করেন আকরাম, ‘যেকোনও সিরিজ বা সফরে তিনটি টেস্ট খেলা দারুণ কিছু। তবে এবার আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। কারণ আমরা চার-পাঁচ মাস ধরে একেবারে মাঠের বাইরে। মাঠে যারা খেলবে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে। তাদের প্রস্তুতির জন্য আমরা সেরা পরিকল্পনা তৈরি করেছি। আশা করছি অমরা পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো।’
ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরু হয়েছে। আর আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে দলীয় অনুশীলন। সেই লক্ষ্যে নানা পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। কোচিং স্টাফদের সবাই চলে আসবেন আগামী মাসের শুরুতেই। এ প্রসঙ্গে সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমরা সব প্রস্তুতিই যথাযথভাবে নিচ্ছি। সেপ্টেম্বরের শুরুতে আমরা কোচিং স্টাফদের ঢাকায় আনার চেষ্টা করছি। আশা করি সবকিছুই পরিকল্পনামাফিক হবে।’

সেপ্টেম্বরে শুরু টাইগারদের দলীয় অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন চলছে সেই ঈদের আগে থেকেই। এখন ঈদের ছুটির পর চুটিয়ে অনুশীলন করে যাচ্ছেন ক্রিকেটাররা। কিন্তু সবার কৌতূহলি প্রশ্ন, জাতীয় দলের পুরোদস্তুর অনুশীলন শুরু হবে কবে?
এদিকে শ্রীলঙ্কা সফরের কথাবার্তাও একরকম চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ অক্টোবর শুরু বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম টেস্ট। গত কদিন ধরে বারবার শ্রীলঙ্কা সফরের আপডেট আসছে। কিন্তু তাতে নেই জাতীয় দলের অনুশীলন শুরুর দিনক্ষণ। এদিকে ভক্তরা অধীর অপেক্ষায়, কবে আবার দল বেঁধে অনুশীলনে নামবেন টাইগাররা?
বিসিবি থেকে জানানো হয়েছে, সফরসূচি চূড়ান্ত হলেই অনুশীলন শুরুর দিন ঘোষণা করা হবে। তবে জাতীয় দলের প্রস্তুতি শুরুর দিন মোটামুটি চূড়ান্ত হয়েছে। গতকাল বুধবার ক্রিকেট অপস, এইচপি, বোর্ড সিইও আর নির্বাচকদের যৌথ সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময় দেশের মাটিতেই প্রাথমিক অনুশীলন শুরু হবে জাতীয় দলের।
বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ঐ যৌথ সভা শেষে জাগো নিউজকে জানিয়েছেন, ‘আগামী ১০ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় দলের অনুশীলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ জাতীয় দলের সব বিদেশি কোচ ঢাকায় চলে আসবে। তাদের অধীনেই ১৪ সেপ্টেম্বরের ভেতর শুরু হয়ে যাবে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি। সব মিলে ৭-৮ দিনের মতো অনুশীলন হবে দেশে।’
তবে আকরাম খানের কথায় পরিষ্কার, এটা অনেকটা কন্ডিশনিং ক্যাম্পের মতোই হবে। আসল মানে ক্রিকেট প্র্যাকটিসটা হবে শ্রীলঙ্কা যাওয়ার পর কলম্বোয়। বলে রাখা ভাল, আগামী ২৩ সেপেটম্বর এইচপির ২৪ সদস্যের দল ও জাতীয় দল একসঙ্গে রাজধানী থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর পথে যাত্রা করবে। জাতীয় দলের অনুশীলনে এইচপির ক্রিকেটাররাও সহায়ক ভূমিকা রাখবেন।
আকরাম খান আরও জানান যে, ক্রিকেটারদের মোট দুই দফা করোনা টেস্ট দিতে হবে। প্রথমবার দেশে প্র্যাকটিসে নামার আগে। আর পরেরবার ঠিক শ্রীলঙ্কা যাওয়ার আগে দিয়ে। শ্রীলঙ্কায় গিয়ে হয়তো ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এটা নিশ্চিত করে বলতে পারেননি আকরাম।
তবে অনুশীলন নিয়ে যেভাবে কথা বলেছেন, তা শুনে মনে হচ্ছে শ্রীলঙ্কা গিয়ে আরেক দফা করোনা টেস্ট দিতে হবে সবার। সে টেস্ট নেগেটিভ আসলে হয়তো আর ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার দরকার পড়বে না। এমনিতেই প্র্যাকটিসে নামা যাবে।

স্থগিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো খেলতে বাংলাদেশসহ বিভিন্ন দল প্রস্তুতি শুরু করে দিয়েছিল। কিন্তু গতকাল বুধবার ফিফা ও এএফসি অক্টোবর ও নভেম্বরে নির্ধারিত ম্যাচ চারটি পিছিয়ে আগামী বছর নিয়ে গেছে।
এএফসির ওয়েবসাইটে জানানো হয়েছে, বিভিন্ন দেশের করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে ২০২১ সালে ম্যাচ চারটির তারিখ নির্ধারণ করা হবে।
বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল সিলেটে ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। পরের ম্যাচ ছিল ১৩ অক্টোবর দোহায় কাতারের বিরুদ্ধে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ ছিল ১২ নভেম্বর) ও ওমানের বিপক্ষে ১৭ নভেম্বর।
এই চার ম্যাচের জন্য বাফুফে গত ৫ আগস্ট থেকে গাজীপুরের সারা রিসোর্টে আবাসিক ক্যাম্প শুরু করেছে। ৩০ জন ফুটবলার ক্যাম্পে রিপোর্ট করেছেন যার মধ্যে ১৮ জনেরই করোনা পজিটিভ।

জাতীয় ফুটবল দলের ক্যাম্প স্থগিত

ক্রীড়া প্রতিবেদক

করোনা ভাইরাসের কারণে ফের পিছিয়ে গেল এশিয়া অঞ্চলের কাতার ২০২২ বিশ্বকাপ ও এশিয়ান কাপ ২০২৩ বাছাইপর্বের ম্যাচ। এ বছর আর হচ্ছেই না এই ম্যাচগুলো। যার কারণে শুরু হওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে স্থগিত করা হয়েছে।
গতকাল বুধবার এ কথা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এসময় তিনি আরও জানান ফুটবলার ও কর্মকর্তাসহ ৩৬ জনের আবারও করোনা পরীক্ষা করানো হয়েছে যাদের মধ্যে ৭ জন করোনা পজিটিভ। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
বাফুফের সাধারণ সম্পাদক বলেন, ‘কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ভ্রমণের বিধিনিষেধসহ ফাইট জটিলতার কারণে ফিফার অনুমোদনক্রমে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২, কোয়ালিফায়ার্স’ এবং ‘এএফসি এশিয়ান কাপ চায়না ২০২৩, কোয়ালিফায়ার্স প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফিকেশন রাউন্ড-২’ এর আগামী অক্টোবর ও নভেম্বর ২০২০ এর ম্যাচসমূহ স্থগিত করে আগামী ২০২১ সালে আয়োজন করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চলমান আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প আগামীকাল (১৩ আগস্ট) হতে স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত খেলোয়াড়দের বাফুফের তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করা হবে। ’

রোমান সানাদেরও হবে করোনা পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

করোনার কারণে অনেকদিন ধরেই বন্ধ আর্চারি দলের অনুশীলন ক্যাম্প। তবে স্বাস্থ্যবিধি মেনে আর্চারি ফেডারেশন আবারও জাতীয় দলের আর্চারদের নিয়ে আবাসিক প্রস্তুতি শুরু করতে যাচ্ছে। আগামী ১৬ আগস্ট থেকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শুরু হবে রোমান সানাদের অনুশীলন। ক্যাম্পে যোগ দেওয়া আর্চার-কোচসহ সংশ্লিষ্টদের করা হবে করোনা পরীক্ষা।
শুধু টোকিও অলিম্পিক নয়, একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতা সামনে রেখে আপাতত ১৮ জন আর্চার তিন ধাপে ক্যাম্পে যোগ দেবেন। প্রথম ধাপে আট, দ্বিতীয় ধাপে ছয় ও তৃতীয় ধাপে যোগ দেবেন চারজন আর্চার। প্রধান কোচ হিসেবে থাকবেন জার্মানির মার্টিন ফ্রেডরিক। এছাড়া থাকবেন দুজন সহকারী কোচ। প্রতিটি ধাপে যোগ দেওয়া কোচ ও আর্চারদের প্রশিক্ষণ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা হবে। আর্চারি ফেডারেশনের মেডিক্যাল কমিটির আহ্বায়ক ও কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. এহছানুল করিমের তত্বাবধানে হবে কোভিড-১৯ পরীক্ষা।

সহায়তা পেলেন ঢাকার ৮৫ জন অসচ্ছল ক্রীড়াসেবী

ক্রীড়া প্রতিবেদক

আর্থিকভাবে অস্বচ্ছল, আহত ও অসমর্থ-অসহায় ক্রীড়াসেবীদের পাশে দাঁড়ানোর মহতী উদ্যোগ নিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। সেই উদ্যোগের অংশ হিসেবে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে অস্বচ্ছল ক্রীড়াসেবীদের হাতে প্রথমবারের মতো মাসিক ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঢাকা জেলার ৮৫ জন অসমর্থ-অসহায় অস্বচ্ছল ক্রীড়াবিদের হাতে এই মাসিক ভাতার চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব মোশারফ হোসেন মোল্লা।
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন ২০১৯-২০ অর্থ বছরে মোট ১১ শত ৫০ জন ক্রীড়াসেবীকে সর্বমোট ২ কোটি ৭৬ লক্ষ টাকা মাসিক ভাতা হিসেবে প্রদান করছে। আর প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৪ শত ৪৯ জন ক্রীড়াসেবীকে ৯ কোটি ১১ লক্ষ ৩৫ হাজার টাকা এককালীন আর্থিক অনুদান বা মাসিক ভাতা হিসেবে প্রদান করেছে।

বিসিবির করোনা অ্যাপসে যুক্ত হচ্ছেন যুবা ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় ধরে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত ছিল। গত মাস থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করে দেয়।
এছাড়া করোনাকালে ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজ-খবর রাখতে বিসিবি কোভিড-১৯ ওয়েল বিং অ্যাপস চালু করে। জাতীয় পুরুষ ক্রিকেট দল, এইচপি দল ও নারী দলের ক্রিকেটারদের এই অ্যাপসের আওতায় নিয়ে আসা হয়েছিল। এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক দলের সদস্যরা।
বুধবার (১২ আগস্ট) সংবাদমাধ্যমে এখবর জানিয়েছেন বিসিবির ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন (এমইএস) ম্যানেজার নাসিরউদ্দিন আহমেদ নাসু। শুধু অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা নয়, বিসিবির ৮০ জন কর্মকর্তাকেও এই অ্যাপসের অন্তর্ভূক্ত করা হয়েছে। আগামী ২৩ আগস্ট থেকে বিকেএসপিতে এক মাসের জন্য স্কিল ট্রেনিংযের জন্য ক্যাম্প শুরু হবে। ক্যাম্প শেষ হবে ১৮ সেপ্টেম্বর। ক্যাম্পের জন্য ৪৫ সদস্যের অনুর্ধ্ব-১৯ প্রাথমিক দলও ঘোষণা করেছে বিসিবি।

শ্রীলঙ্কা সফরেই ফিরবেন সাকিব


ক্রীড়া প্রতিবেদক

পথটা সহজ নয়। তবে শ্রীলঙ্কা সফর দিয়ে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার একটা সম্ভাবনা জেগেছে। দু’জন বিসিবি পরিচালক জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে ফেরানো নিয়ে আলোচনা চলছে।
সেপ্টেম্বরের শেষে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর শুরু হবে সিরিজ। আর ২৯ অক্টোবর শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। নিয়ম অনুযায়ী নিষিদ্ধ থাকার সময়টায় জাতীয় দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ নেই সাকিবের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, সাকিবকে দলে ফেরানোর পথ খুঁজছেন তারা।
“অবশ্যই সে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে দলে থাকলে বাংলাদেশের শক্তি অনেক বেড়ে যায়। সুতরাং এটাতো আমাদের মাথায় আছে।”

অবশেষে মাঠে ফিরল নারী ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

গত ৮ মার্চ সবশেষ মাঠে গড়িয়েছিল আন্তর্জাতিক নারী ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে লড়েছিল অস্ট্রেলিয়া ও ভারতের নারী ক্রিকেটাররা। মেলবোর্নের গ্যালারিতে সেদিন উপস্থিত ছিলেন ৮৬ হাজারের বেশি দর্শক। ফলে এটি পেয়েছে ঐতিহাসিক ম্যাচের মর্যাদা। কেননা এর আগে নারী ক্রিকেটে দেখা যায়নি এত বেশি দর্শক।
কিন্তু সেই ম্যাচের পর থেকেই থমকে গেছে নারী ক্রিকেটের সব সিরিজ। মাঝের পাঁচ মাসে কোথাও হয়নি নারী ক্রিকেটের স্বীকৃত কোনো খেলা। অবশেষে ৫ মাস ৪ দিন পর পুনরায় শুরু হলো নারী ক্রিকেট। তাও কি না বড় কোনো দল নয়, অস্ট্রিয়া ও জার্মানির মধ্যকার সিরিজ দিয়ে। অস্ট্রিয়ার সিবার্ন ক্রিকেট গ্রাউন্ডে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে অস্ট্রিয়া ও জার্মানির মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারী জার্মানি। লক্ষ্য তাড়া করতে ব্যাটিং করছে অস্ট্রিয়া।

স্পেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেঙ্গল কাব

ক্রীড়া প্রতিবেদক

স্পেনের কানারিয়া দ্বিপপুঞ্জ টেনেরিফেতে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে বেঙ্গল কাব চ্যম্পিয়ন হয়েছে। ১০ আগস্ট রাতে টুর্নামেন্টের সমাপনী খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় টুর্নামেন্টের সকল দলের খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় বেঙ্গল কাব মোকাবিলা করে আনস্টোপেবোল টাইগারের সাথে। খেলায় আনস্টোপেবোল টাইগার নির্ধারিত ১২ ওভার ব্যাট করে ৭২ রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে বেঙ্গল কাব ২ ওভার হাতে রেখেই ৭২ রান টপকে ৭৩ রান সংগ্রহ করে বিজয় নিশ্চিত করে। বেঙ্গল কাবের কয়েকজন তরুণের উদ্যোগে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলের হয়ে খেলেন ৮ জন খেলোয়াড়। রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে খেলায় ৪টি দল বাদ পড়ে। রাতে চলাকালীন এ টুর্নামেন্টের খেলা দেখতে মহিলাসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

বার্সেলোনার এক খেলোয়াড় করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক

করোনা হানা দিল বার্সেলোনা শিবিরেও। প্রাক-মৌসুম ট্রেনিংয়ে নয়জন খেলোয়াড়ের করোনা টেস্ট করানো হয়েছিল, এর মধ্যে একজন করোনা ‘পজিটিভ’ হিসেবে ধরা পড়েছেন।
চ্যাম্পিয়নস লিগে ১৫ আগস্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ আটের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন লিওনেল মেসিরা। বার্সার আরেকটি দল প্রস্তুতি নিচ্ছে আগামী মৌসুমের জন্য। এমন সময়ে এলো দুঃসংবাদটি। যদিও বার্সা করোনা আক্রান্ত খেলোয়াড়ের নাম প্রকাশ করতে চায়নি। শুধু জানিয়েছে, যিনি করোনা পজিটিভ হয়েছেন, তার মধ্যে তেমন কোনো বড় লক্ষণ ছিল না। বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে ওই খেলোয়াড়কে।

সেমিফাইনাল নিশ্চিত করেছে সেভিয়া

ক্রীড়া প্রতিবেদক

১৩ মিনিটের পেনাল্টি নিয়ে আফসোস করতেই পারে উলভস। সেভিয়ার বিপক্ষে প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। কিন্তু রাউল জিমিনেসের স্পট কিক শেষ পর্যন্ত সেভ হয়ে যাওয়ায় ইউরোপা লিগ স্বপ্নের ইতি ঘটেছে সেখানেই। শেষ মুহূর্তে এক গোল দিয়ে ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে সেভিয়া।
পেনাল্টি মিসের পর আহামরি আর কিছু করে দেখাতে পারেনি উলভারহাম্পটন। নাহলে ম্যাচটি ঠিকই অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া যেত। তার আগে ৮৮ মিনিটে ওকাম্পোসের জয় সূচক গোলে শেষ চার সুনিশ্চিত করে ফেলে সেভিয়া।
প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করায় পরের বার ইউরোপিয়ান প্রতিযোগিতায় থাকতে পারছে না উলভস। উল্টো দিকে ৫ বারের চ্যাম্পিয়ন সেভিয়া শেষ চারে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। অপর কোয়ার্টার ফাইনালে এফসি বাসেলকে বিধ্বস্ত করেই সেমিফাইনাল নিশ্চিত করেছে শাখতার দোনেৎস্ক। শাখতার জিতেছে ৪-১ গোলে।
ইউক্রেনের কাব শাখতার এগিয়ে যায় দ্বিতীয় মিনিটেই। জুনিয়র মোরায়েসের গোলের পর ২২ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন টাইসন। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন অ্যালান প্যাটট্রিক। ৮৮ মিনিটে ডোডোর কল্যাণে আসে চতুর্থ গোল। তবে যোগ হওয়া সময়ে একটি সান্ত¡নার গোল দিতে পারে বাসেল। শেষ চারে শাখতারের প্রতিপক্ষ ইন্টার।