স্পোর্টস ডেস্ক
রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছে পাকিস্তান। যাতে সবচেয়ে বড় অবদান উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। এরই মধ্যে দেড়শ ছাড়ানো রানের ইনিংস খেলেছেন এই ক্রিকেটার।
টেস্টে রিজওয়ান এখন দেড়শ বা তার বেশি রানের ইনিংস খেলা পঞ্চম পাকিস্তানি উইকেটকিপার। এর আগে এই কীর্তি গড়তে পেরেছেন ইমতিয়াজ আহমেদ, তসলিম আরিফ, রশিদ লতিফ ও কামরান আকমল।
এছাড়াও টেস্টে ২০০৯ সালের পর দেড়শ ছাড়ানো ইনিংস খেলা প্রথম পাকিস্তানি ক্রিকেটার রিজওয়ান। ২১৯ বলে দেড়শর মাইলফলক স্পর্শ করেন রিজওয়ান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭০ রানে অপরাজিত আছেন এই উইকেটকিপার ব্যাটার।
রাওয়ালপিন্ডি টেস্টের শুরুতেই পাকিস্তানের ৩ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। সেটিই ছিল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের একমাত্র দাপট। এরপর শুধু শাসনই করে গেছেন পাকিস্তানের ব্যাটাররা। গতকাল প্রথম দিনে সাইম আইয়ুব ফিফটি করে আউট হলেও আজ সেঞ্চুরি তুলে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের রান ৮৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩১০। ১১৬ রানে অপরাজিত আছেন রিজওয়ান। দুজনের জুটিতে এখনো পর্যন্ত এসেছে ১৯৬ রান। আরেক পাশে শাকিল অপরাজিত ১১৩ রানে।
৩১ ম্যাচের ক্যারিয়ারে রিজওয়ানের এটি তৃতীয় সেঞ্চুরি। ১৪৩ বলে ৮ চার ও ২ ছক্কায় এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর কিছুক্ষণ পরই সেঞ্চুরি পান চাপের মুখে ব্যাট করতে নামা সৌদ শাকিল। মাত্র ১১ ম্যাচের ক্যারিয়ারে এটি তার তৃতীয় সেঞ্চুরি। এছাড়া ফিফটি করেছেন আরও ৬টি। মাইলফলকে পৌঁছতে ১৯৫ বল খেলেছেন শাকিল।
৪ উইকেটে ১৫৮ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। মধ্যাহ্ন বিরাতির আগেই ৪ উইকেটে ২৫৬ রান তোলে পাকিস্তান। আজকে প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। এখান থেকেই ৯৮ রান তুলেছে পাকিস্তান।
গতকাল বৃষ্টি ও ভেজা মাঠের কারণে অনেক দেরিতে শুরু হয়েছে খেলা। ৪১ ওভারের বেশি খেলা মাঠে গড়ায়নি। বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও টসই হয়েছে বিকেল তিনটায়। টস জিতে ফিল্ডিং বেছে নিতে দেরি করেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।










































