Home জাতীয় ঘুষের টাকায় কমিশনার হয়ে জমি দখলের অভিযোগ

ঘুষের টাকায় কমিশনার হয়ে জমি দখলের অভিযোগ

125


খুলনাঞ্চল রিপোর্ট।।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে ২০২২ সালের ৩০ জুন নিয়োগ পান পুলিশের ডিআইজি মোল্যা নজরুল ইসলাম। কমিশনার পদ পেতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে তিনি ৫ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন। সম্প্রতি দুদকে জমা পড়া অভিযোগে এমন তথ্য উল্লেখ করা হয়েছে। এদিকে জিএমপি কমিশনার হওয়ার পর মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে সরকারি জমি অবৈধভাবে দখল করার পাশাপাশি বেদখল হওয়া জমি পুনরুদ্ধারে অসহযোগিতা করার অভিযোগও ওঠে। গাজীপুরের তৎকালীন জেলা প্রশাসক আনিসুর রহমান মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো এক চিঠিতে এমন অভিযোগ করেন।


দুদকে জমা পড়া অভিযোগের সারসংক্ষেপে বলা হয়েছে, জিএমপি কমিশনার হিসেবে বদলি হওয়ার মাসখানেক আগে স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হারুন অর রশীদ বিশ্বাসের কাছে ৫ কোটি টাকার একটি চেক দেন মোল্যা নজরুল ইসলাম। পদায়নের পর একটি হোটেলে হারুন অর রশীদের কাছে নগদ ২ কোটি টাকা দেন তিনি। তখন আগের চেকটি ফেরত নিয়ে নজরুল ৩ কোটি টাকার আরেকটি চেক দেন। পরবর্তীতে বাকি টাকাও দেন। এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হয় তৎকালীন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ফার্মগেটের বাসায়।

এদিকে গত বছরের জানুয়ারিতে গাজীপুরের তৎকালীন জেলা প্রশাসক আনিসুর রহমান মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার মোল্যা নজরুল ইসলামের যোগদানের পর থেকে খাসজমি দখল পুনরুদ্ধার কার্যক্রম পুলিশের অসহযোগিতার কারণে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাজীপুর জেলার মূল্যবান খাসজমি অবৈধ দখল করছে এবং দখলে সহায়তায় লিপ্ত হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো চিঠিতে জেলা প্রশাসক আনিসুর রহমান অভিযোগ করেন, গাজীপুর মহানগর পুলিশ টঙ্গী মৌজায় টঙ্গী হাট বা বাজারের আওতাভুক্ত শূন্য দশমিক ১৮ একর খাসজমি বিভিন্ন সময়ে দখল করে ‘গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মার্কেট’ নামে একটি মার্কেট বানিয়েছে। তিনি সহকারী কমিশনার (ভূমি), টঙ্গী রাজস্ব সার্কেল দপ্তরের কানুনগো ও সার্ভেয়ারের সরেজমিন প্রতিবেদনের বরাত দিয়ে চিঠিতে বলেন, গাজীপুর মহানগর পুলিশ দখল করা জমির একাংশে একটি নামাজঘর এবং বাকি অংশে ৬০টি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছে।

২০১৩ সালে ঢাকা মহানগর (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) ডিসি থাকা অবস্থায় মোল্যা নজরুলের টিম আবিদুল হক নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে আটকে রেখে তার ব্যাংকের হিসাব থেকে ঘুষ নেওয়ার দৃশ্য ওই ব্যাংকের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়ে। ওই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ডিবির উত্তর বিভাগের সাবেক উপকমিশনার মোল্যা নজরুল ইসলামকে সেখান থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এ ঘটনায় ডিবির উত্তর বিভাগের সাবেক পরিদর্শক আজহারুল ইসলাম ও এসআই হাসনাত খন্দকারকে প্রত্যাহার করা হয়।

এ ঘটনার পর নড়াইল এলাকার তৎকালীন সরকারদলীয় সংসদ সদস্য কবিরুল হক নিজস্ব প্যাডে মোল্যা নজরুলের নেতৃত্বে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। তিনি পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে অভিযোগপত্রের অনুলিপি দেন। অভিযোগকারী ব্যবসায়ী আবিদুল হক তৎকালীন এমপি কবিরুল হকের আত্মীয়। ঘুষ কেলেঙ্কারির বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশ বিভাগসহ সারাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ কা-ে ২০১৩ সালের ১২ নভেম্বর মোল্যা নজরুল ইসলামকে বাদ দিয়ে মামলার অনুমোদন দেয় দুদক। তখন দুদক জানায়, ‘ঘুষ গ্রহণের অভিযোগের সঙ্গে মোল্যা নজরুলের কোনো সম্পৃক্ততা না থাকায় তাকে আসামি করা হয়নি।’ ওই সময় দুদকের উপপরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে দুই এসআইয়ের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন। তখন আসামি করা হয় তৎকালীন ডিবির উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত খন্দকার ও বংশাল থানার এসআই মো. জুয়েল মিয়াকে।