স্পোর্টস ডেস্ক
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টটি আগামী ৩০ আগস্ট করাচিতে মাঠে গড়ানোর কথা ছিল। তবে সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’ জানায়, করাচি থেকে সরিয়ে দ্বিতীয় টেস্টটিও রাওয়ালপিন্ডিতে নেওয়া হবে।
প্রতিবেদনে বলা হয়, করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে সংস্কারকার্য চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য করাচির এই স্টেডিয়ামটির সংস্কারকার্য চলছে।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরিকল্পনা ছিল, দর্শক ছাড়াই করাচিতে দুই দলের এই টেস্টটি আয়োজিত হবে। তবে সংস্কারের প্রথম পর্যায় সম্পন্ন করার তাড়ার জন্য ভেন্যু পরিবর্তন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। টেস্ট খেলা হলে স্টেডিয়ামের সংস্কারকার্য বাধাগ্রস্ত হতো।
পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘ভেন্যুর প্রস্তুতি নিয়ে আমরা ইঞ্জিনিয়ারদের থেকে নির্দেশনা পেয়েছি। তারা পরামর্শ দিয়েছেন, খেলার সময় নির্মাণ কাজ চললে সেই শব্দদূষণ ক্রিকেটারদের বিরক্তির কারণ হতে পারে। এছাড়াও নির্মাণ কাজের কারণে ধূলিকণা খেলোয়াড়, কর্মকর্তা, সম্প্রচারক এবং গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্য এবং সুস্থতার উপরও প্রভাব ফেলতে পারে।’
‘‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫’-এর জন্য ভেন্যুটি কার্যকরভাবে প্রস্তুত কি না তা নিশ্চিত করার জন্য নির্মাণ অবশ্যই নিরবচ্ছিন্নভাবে চলতে হবে। তাই পিসিবি ও সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করার পরে এবং অপারেশনাল এবং লজিস্টিক বিষয়গুলি পর্যালোচনা করার পরে উভয় টেস্টই রাওয়ালপিন্ডিতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।’











































