ক্রীড়া প্রতিবেদক
গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনার কারণে সিরিজিটি স্থগিত করতে বাধ্য হয় লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। স্থগিত হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ আগামী সেপ্টেম্বর-অক্টোবরে হওয়ার কথা থাকলেও এখনও সূচি চূড়ান্ত করতে পারেনি দুই বোর্ড। সমস্যাটা বেঁধেছে ফরম্যাট নিয়ে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, এখনও ফরম্যাট চূড়ান্ত না হওয়াতেই সূচি করা যাচ্ছে না।
সূচি অনুযায়ী, শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও আয়োজন করতে চাইছে। দুই বোর্ডের মধ্যে এ নিয়ে এখনও আলোচনা চলছে। ফরম্যাট নিয়ে তারা সিদ্ধান্তে এলেই আসবে চূড়ান্ত সূচির ঘোষণা।
গতকাল সোমবার বিসিবি থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তেমনটাই জানিয়েছেন নিজামউদ্দিন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমাদের প্রাথমিক আলোচনা ছিল তিন টেস্টের একটা সিরিজ হবে। এর সঙ্গে আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব এসেছে, যেটা আমরা অভ্যন্তরীণ আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানাবো। সূচি আমরা এখনও চূড়ান্ত করিনি, কোন কোন ফরম্যাটে খেলা হবে, সেটা চূড়ান্ত করে তারিখগুলো ফাইনাল করবো।’
ক্যাম্প শুরুর আগে ক্রিকেটাদের করোনা পরীক্ষা করানোর কথাও শোনালেন বিসিবির প্রধান নির্বাহী, ‘জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের একটা অ্যাপসের অধীনে নিয়ে আসা হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে তাদের স্বাস্থ্যের অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করছে আমাদের মেডিক্যাল ডিপার্টমেন্ট। যখনই আমরা ক্যাম্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো, তখন তাদেরকে আইসোলেশনে রেখে করোনা টেস্ট করবো। তারপরই তাদের রেসিডেন্সিয়াল ক্যাম্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’
খেলাধুলা শুরু করার অনুমতি মিললো ১০ শর্তে
ক্রীড়া প্রতিবেদক
করোনা প্রাদুর্ভাবে পাঁচ মাস থমকে থাকার পর অবশেষে অনুমতি মিললো খেলাধুলা শুরু করার। একইসঙ্গে খেলাধুলা সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রও চালু করার অনুমতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে খেলাধুলা এবং প্রশিক্ষণ কেন্দ্র চালু করার জন্য ১০টি শর্ত মানতে হবে ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ফুটবল, হকি ফেডারেশনসহ সবাইকে।
এ নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহেদ আহসান রাসেল এমপি বলেন, ‘বিশ্বের অনেক দেশে করোনা সংক্রমণ কমে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আমাদের দেশেও করোনা সংক্রমণের হার নিম্নমুখী। আর তাই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে খেলাধুলা চালু করার জন্য আমরা অনুমতি চাই। তারা ১০টি শর্তে সীমিত আকারে খেলাধুলা চালু করতে মত দিয়েছে।’
শর্ত ১০টি হচ্ছে- খেলার মাঠ ও প্রশিক্ষণ কেন্দ্র চালু করার আগে মহামারি প্রতিরোধক সরঞ্জাম যেমন মাস্ক, গ্লাভস, জীবাণুনাশক এবং নন-কন্ট্যাক্ট ইনফ্রারেড থার্মোমিটার সংরক্ষণ করে করোনা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কাজের পরিকল্পনা নিশ্চিত করতে হবে। খেলাধুলা শুরু করার আগেও এসব নিশ্চিত করতে হবে। সীমিত আকারে প্রশিক্ষণ কার্যক্রম ও খেলাধুলার আয়োজন করতে হবে। খেলোয়াড়, প্রশিক্ষক, ম্যানেজমেন্ট কমিটি এবং খেলাধুলা সংশ্লিষ্ট সকলের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে দেখতে হবে। ক্যাম্প শুরুর আগে প্রয়োজনবোধে সবার কোভিড-১৯ পরীক্ষা করতে হবে। খেলোয়াড়দের প্রশিক্ষণকালীন ক্যাম্পে অবস্থানের সময় স্বাস্থ্য বিধি মেনে থাকার ব্যবস্থা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে পুষ্টিকর ও স্বাস্থ্য সম্মত খাবারের ব্যবস্থা করতে হবে। সামাজিক দুরত্ব বজার রেখে খাবার গ্রহণ ও খাবারের ব্যবহৃত থালা বাসন পরিস্কার ও জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে। খেলা ও প্রশিক্ষণের সময় ব্যক্তিগত পানির বোতল ও তোয়ালে ব্যবহার করতে হবে। ব্যক্তিগত সরঞ্জাম এবং জামাকাপড় নিজস্ব ব্যাগে রাখতে হবে। টিস্যু, রুমাল বা অন্যান্য ব্যবহৃত উপকরণ যেমন প্লাস্টার, ব্যান্ডেজ ইত্যাদি তাৎক্ষণিকভাবে উপযুক্ত পাত্রে (মুখবন্ধ ময়লার পাত্র) ফেলে দিতে হবে। অধিক জনসমাগম না করে সীমিত আকারে খেলাধুলার আয়োজন করা যেতে পারে। মাঠে প্রবেশ ও বাহির হওয়ার সময় দর্শকদের সারিবদ্ধভাবে পরস্পর হতে এক মিটারেরও বেশি দূরত্ব বজায় রাখতে হবে। মাঠে প্রবেশের পর নির্দিষ্ট দূরত্ব (১মিটার) বজায় রেখে বসার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি দুইজন দর্শকদের মাঝে এক সিট খালি রাখতে হবে। খেলার মাঠের প্রবেশ পথে খেলোয়াড়, প্রশিক্ষক, ম্যানেজমেন্ট কমিটি এবং বহগিরাগত দর্শনার্থীদের (প্রযোজ্য ক্ষেত্রে) শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখতে হবে। এক্ষেত্রে যাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হবে তাদের মাঠে প্রবেশ নিষিদ্ধ করে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠাতে হবে। খেলোয়াড়, প্রশিক্ষক/কোচ এবং ম্যানেজমেন্ট কমিটির মধ্যে কোভিড-১৯ এর সন্দেহভাজন কোনো রোগী থাকলে তাৎক্ষিণকভাবে আইসোলেশনের ব্যবস্থা করতে হবে। খেলার মাঠের আবর্জনা প্রতিদিন পরিষ্কার করতে হবে এবং আবর্জনা সংরক্ষণকারী পাত্র প্রতিদিন জীবাণুমুক্ত করতে হবে। স্টেডিয়ামে আগত সকলকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্য সহজে দৃশ্যমান হয় এমন স্থানে বিলবোর্ড, রেডিও, ভিডিও ও পোস্টারের মাধ্যমে সচেতনতামূলক বক্তব্য প্রচার করার ব্যবস্থা করতে হবে।
ক্যাম্পের জন্য ডাকা হলো ৪৫ যুবা ক্রিকেটারকে
ক্রীড়া প্রতিবেদক
করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা আয়োজনের অনুমতিও দিয়েছে সরকার। তার আগেই অবশ্য সর্বোচ্ছ স্বাস্থ্য প্রটোকল মেনে অনুশীলন ক্যাম্পের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এরই মধ্যে ক্রিকেটাররা ব্যাক্তিগত অনুশীলন শুরু করেছে। দু’দিন আগেই জানা গেছে, যুব দলের ক্রিকেটারদের স্কিল ক্যাম্প করা হবে। সিলেটে হবে নাকি বিকেএসপিতে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প তা নিয়ে দ্বীধা-দ্বন্দ্বে ছিল বিসিবি। শেষ পর্যন্ত বিকেএসপিই নির্ধারিত হয়েছে এই ক্যাম্পের জন্য। অবশেষে গতকাল সোমবার বিসিবি থেকে পাঠানো হয়েছে এই স্কিল ক্যাম্পের জন্য ৪৫ জনের প্রাথমিক তালিকা। ১৫জন করে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে এই ক্রিকেটারদের। মোট চার সপ্তাহ ধরে চলবে এই আবাসিক স্কিল ক্যাম্প। ক্যাম্প চলাকালে তিন গ্রুপ নিজেদের মধ্যে মোট ৮টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে।
করোনার রিপোর্টের অপেক্ষায় ফুটবলাররা
ক্রীড়া প্রতিবেদক
ম্যানেজার, সহকারী কোচ থেকে শুরু করে ফুটবলার এবং জাতীয় দলের ক্যাম্পের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আজ মঙ্গলবার দুই প্রতিষ্ঠানে দুইবার করে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে হয়েছে। কারণ, দুই প্রতিষ্ঠানের ফলাফল মিলে গেলেই কেবল বাফুফে করোনা পজিটিভ ও নেগেটিভ হওয়াদের আলাদা করে পরবর্তী পদক্ষেপ নেবে।
আইসিডিডিআরবি এবং প্রাভা হেলথ থেকে ডাক্তার গাজীপুরের সারা রিসোর্টে গিয়ে ৩০ ফুটবলার এবং ৬ অফিসিয়াল এবং অন্য স্টাফদের নমুনা সংগ্রহ করে নিয়েছেন। এখন ফুটবলারদের অপেক্ষার পালা। বুধ কিংবা বৃহস্পতিবার সন্ধ্যায় দুই প্রতিষ্ঠান ফলাফল জানাবে। জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ৩৩ ফুটবলারের মধ্যে ৩০ জন রিপোর্ট করেছেন গত ৫, ৬ ও ৮ আগস্ট। তাদের করোনা পরীক্ষা করা হলে ১৮ জনের পজিটিভ রিপোর্ট আসে। সে সঙ্গে একজন সহকারী কোচেরও পজিটিভ রেজাল্ট আসে।
বিশ্ব দাবা অলিম্পিয়াডে ‘এ’ গ্রুপে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডের (ডিভিশন-২) এ বাংলাদেশ পুল ‘এ’ তে অন্তর্ভূক্ত হয়েছে। গতকাল সোমবার বিশ্ব দাবা সংস্থা ফিদে ডিভিশন-২ এর ৫০ দলকে ৫ পুলে ভাগ করেছে।
বাংলাদেশের সঙ্গে পড়েছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জার্মানি, বেলারুশ, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, তুর্কমেনিস্তান ও কিরগিজস্তান। ১৪, ১৫ ও ১৬ আগস্ট পুল ’এ’-এর খেলা অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১০টি দেশ পুল ‘এ’ তে অংশ নিচ্ছে এবং শীর্ষ তিনটি দল টপ ডিভিশনের উন্নীত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে।
বাংলাদেশ দল : অধিনায়ক ড. শোয়েব রিয়াজ আলম, অতিরিক্ত অধিনায়ক আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, ফিদে মাস্টার তৈয়বুর রহমান, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমীন সিম্মী, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম।
অনুশীলনে যোগ দিলেন সৌম্য-সাদমান
ক্রীড়া প্রতিবেদক
মিরপুরের হোম অব ক্রিকেটে চলছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের দ্বিতীয় ধাপ। আর করোনা বিরতির পর মিরপুরে প্রথমবারের মতো অনুশীলন করেছেন সৌম্য সরকার ও সাদমান ইসলাম।
শনিবার থেকে শুরু হওয়া অনুশীলনের সূচি অনুযায়ী ৯ আগস্ট অনুশীলন করার কথা ছিল সৌম্যর। তবে ঢাকায় পৌঁছাতে না পারায় অনুশীলন করতে পারেননি তিনি। গতকাল সোমবার অনুশীলনের তৃতীয় দিনে শুরুটা করেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। সকাল ৯টার দিকে এসে আগে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন মুশি। এরপর ১০টার দিকে মূল মাঠে ও জিমে অনুশীলন করে ফিরে যান জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। টেস্ট অধিনায়ক মুমিনুল আগে মূল মাঠে ও জিমে অনুশীলন করেন। এরপর ইনডোরে ব্যাট হাতে ঝালিয়ে নেন নিজেকে। সূচি অনুযায়ী অনুশীলন করেছেন মোহাম্মদ মিঠুন। এনামুল হক বিজয় অবশ্য নির্ধারিত সময়ের কিছু আগে অনুশীলন করেছেন।
মাঠে ফিরেছেন টাইগ্রিসরা
ক্রীড়া প্রতিবেদক
সর্বশেষ অস্ট্রেলিয়ায় মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল। এরপর করোনাভাইরাসের জেরে তাদের আর মাঠে নামা হয়নি। লকডাউনে ঘরেই গুটিকয়েক খেলোয়াড় নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছে। তবে এবার মাঠে ফিরেছেন জাহানারা-সালমারা। ছেলেদের পর এবার তারাও শুরু করেছেন মাঠের অনুশীলন। গতকাল সোমবার থেকে কয়েকটি ভেন্যুতে শুরু হয়েছে এই অনুশীলন।
ঈদের আগেই ছেলেদের একক অনুশীলনের সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ঝালিয়ে নেন মুশফিক-মাহমুদুল্লাহরা। ছেলেদের পর এবার মাঠে নেমেছেন নারী ক্রিকেটাররাও। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামসহ বগুড়া ও খুলনায় একক অনুশীলন করেন ৯ নারী ক্রিকেটার। মিরপুরে অনুশীলন করেন শামিমা সুলতানা, শারমিন সুপ্তা, জাহানারা আলম, নাহিদা আক্তার। আগামীকাল অনুশীলনে নামবেন লতা ম-ল। এছাড়া খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নারী ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক রুমানা আহমেদ ও সালমা খাতুনের অনুশীলন করার কথা রয়েছে। এছাড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করবেন খাদিজাতুল কুবরা ও শারমিন সুলতানা।
দুই হাসপাতালে ফুটবলারদের নমুনা
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় দলের ফুটবলারদের নিয়ে বেশ বিপাকেই আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেটাই তো স্বাভাবিক। ২৪ জনের মধ্যে যখন ১৮ জন করোনা আক্রান্ত তখন দুশ্চিন্তা তো থাকবেই। এ কারণেই ফের ফুটবলারদের করোনা পরীক্ষা করাচ্ছে বাফুফে।
এরইমধ্যে আইসিডিডিআরবি ও প্রভা হেলথের প্রতিনিধিরা গাজীপুরে বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে গিয়ে সংগ্রহ করেছেন ফুটবলারদের নমুনা। আগামী বুধ কিংবা বৃহস্পতিবার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। ২০২২ কাতার ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচের জন্য গত শুক্রবার গাজীপুরে ক্যাম্প শুরুর কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। আগামী অক্টোবরে শুরু হবে মাঠের লড়াই। তার আগে তিন ধাপে ক্যাম্প করার আগে ১৮ জন খেলোয়াড় ও একজন স্টাফের কোভিড-১৯ পজিটিভ হলে সরগরম হয়ে উঠে ফুবলাঙ্গন। সমালোচনার মুখে পড়ে বাফুফে। এরপরই সোমবার গাজীপুরের সারাহ রিসোর্টে খেলোয়াড়, অফিসিয়াল এবং ক্যাম্প সংশ্লিষ্টদের কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহ করে আইসিডিডিআরবি ও প্রভা হেলথের প্রতিনিধিরা।
চ্যাম্পিয়ন ফিওনা ফেরো
ক্রীড়া প্রতিবেদক
পালের্মো ওপেনের শিরোপা জিতে নিয়েছেন ফিওনা ফেরো। বিশ্ব টেনিস র্যাঙ্কিং’র ৫৩তম এ খেলোয়াড় চ্যাম্পিয়ন হয়েছেন এস্তোনিয়ান প্রতিপক্ষ চতুর্থ বাছাই অ্যানেট কন্টাভেইটকে হারিয়ে।
গত পাঁচ মাসে এই প্রথম ট্যুর লেভেলের শিরোপা জিতে নিয়েছেন ফিওনা ফেরো। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ডব্লিউটিএ ট্যুর শিরোপা। ফেরো প্রথম শিরোপা জিতেন ২০১৬ সালে সুইস ওপেনে। ইতালিয়ান এই টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পথে ২৩ বছরের ফেরো সরাসরি সেটে ৬-২ ও ৭-৫ গেমে হারান র্যাঙ্কিংয়ের ২২তম খেলোয়াড় কন্টাভেইটকে। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে মার্চে সব ধরনের টেনিস টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ার পর এটাই ছিল পুরুষ বা নারীদের প্রথম পেশাদার টেনিস টুর্নামেন্ট।
অ্যাতলেতিকো মাদ্রিদে করোনার হানা
ক্রীড়া প্রতিবেদক
১৪ আগস্ট চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে অ্যাতলেতিকো মাদ্রিদ। এর আগেই করোনার হানায় জর্জরিত কাবটি। লিসবনে যাওয়ার আগে নতুন পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন কাবের দু’জন। অবশ্য তারা খেলোয়াড় নাকি স্টাফ সে বিষয়টি পরিষ্কার করেনি কর্তৃপক্ষ।
শেষ আটের লড়াইয়ে অ্যাতলেতিকোর প্রতিপক্ষ আরবি লাইপজিগ। ম্যাচটি হবে পর্তুগালের লিসবনে। সেখানে সফরের আগেই এমন ধাক্কা খেলো অ্যাতলেতিকো। এই পরিস্থিতে তাদের সব আয়োজনই এখন হুমকির মধ্যে পড়ে গেছে। কাবটি জানিয়েছে, ‘লিসবন সফরের জন্য মূল দল ও সফরে যারা সঙ্গী ছিল, তাদের সবারই সিউদাদ দেপোর্তিভো দে মাহাদাহোন্দাতে পিসিআর টেস্ট করানো হয়েছিল। তাদের মধ্যে থেকে দু’জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এখন তাদের যার যার বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। এই ফলাফল উয়েফা, স্প্যানিশ ও পর্তুগিজ কর্তৃপক্ষদেরও জানানো হয়েছে।’
অবসরের গুজব উড়িয়ে দিলেন অ্যান্ডারসন
ক্রীড়া প্রতিবেদক
জেমস অ্যান্ডারসন জানিয়েছেন, এই মৌসুম শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কোনো অভিপ্রায় নেই তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী শীতকালীন অ্যাশেজও (২০২১/২২ মৌসুম) খেলার ইচ্ছে পোষণ করেছেন তিনি।
বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছে, টেস্ট থেকে অ্যান্ডারসনের অবসর নিয়ে। তবে সেই গুজব উড়িয়ে দিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি বলেন, ‘না, একেবারেই না। আমি এখনও খেলার জন্য ক্ষুধার্ত। একটি ম্যাচের পরেই আমার হতাশা বেড়েছিল, তারপরই এসব নিয়ে গুঞ্জন ওঠেছিল। আমি মনে করি না এসব সুন্দর। ’ এই গ্রীষ্মে শেষ তিন ম্যাচে অ্যান্ডারসনের বোলিং গড় ৪১.১৬। অবশ্য পরিসংখ্যান যা দেখাচ্ছে তার চেয়েও ভাল বল করেছেন ৩৮ বছর বয়সী পেসার।
লিভারপুলে আসছেন নতুন ডিফেন্ডার
ক্রীড়া প্রতিবেদক
কোচ ইয়ুর্গেন কপের হাত ধরে ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১৯/২০ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে লিভারপুল। আগামী মৌসুমেও শিরোপা ধরে রাখার জন্য তারা এবার নজর দিচ্ছে শক্তিটা আরও বাড়ানোর দিকে।
তার জন্য অ্যানফিল্ডে নতুন ডিফেন্ডার আনতে যাচ্ছে অলরেডরা। গ্রিসের কাব অলিম্পিয়াকোস থেকে ১১.৭৫ পাউন্ডের বিনিময়ে লেফ্ট-ব্যাক কস্তাস সিমিকাসকে কিনতে রাজি হয়েছে লিভারপুল। ২৪ বছর বয়সী গ্রিক ডিফেন্ডারের দ্রুত মেডিক্যাল পরীক্ষা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য টাইমসের সাংবাদিক পল জয়েস। তিনি আরও জানান, সিমিকাসের সঙ্গে লিভারপুল ট্রান্সফার ফি’র বিষয়ে রাজি হলেও এখনও কিছু ব্যক্তিগত চুক্তি রয়ে গেছে। ২০১৫ সাল থেকে অলিম্পিয়াকোসের হয়ে খেলছেন সিমিকাস। ২০১৮ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। গ্রিসের হয়ে এখন পযর্ন্ত ৩ ম্যাচ খেলেছেন তিনি।
আইপিএল আয়োজনের সরকারি ছাড়পত্র পেল বিসিসিআই
ক্রীড়া প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতে হবে ২০২০ সালের আইপিএল। যা আগেই ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। ফাইনাল হবে ১০ নভেম্বর।
তবে করোনা উদ্বেগের মধ্যে আরব আমিরাতে আইপিএল আয়োজনের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে ছাড়পত্র পাওয়া বাকি ছিল বিসিসিআইয়ের। অবশেষে সরকারি সেই ছাড়পত্র মিলেছে, বলেই জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
আইপিএল চেয়ারম্যান জানান, করোনা ভাইরাসের আবহে আইপিএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আবেদন কেন্দ্রীয় সরকারকে করা হয়েছিল তা মঞ্জুর হয়েছে। এদিকে চীনা মোবাইল প্রস্তুতকারি সংস্থা ভিভো আইপিএল এর টাইটেল স্পন্সর থেকে সরে যাওয়ার পর নতুন টাইটেল স্পন্সর খুঁজতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৮ আগস্টের মধ্যেই আইপিএল এর নতুন টাইটেল স্পন্সরের নামও জানা যাবে বলে জানান ব্রিজেশ প্যাটেল।











































