Home আঞ্চলিক টেকসই বাঁধের শতকোটি টাকা জলে

টেকসই বাঁধের শতকোটি টাকা জলে

90


কয়রা প্রতিনিধি।।

খুলনার কয়রায় শাকবাড়িয়ার নদীতে টেকসই বাঁধ নির্মাণ প্রকল্পে ঠিকাদার-কর্তৃপক্ষ যোগসাজশে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এতে সরকারের শত কোটি টাকা জলে যাচ্ছে।
উপজেলার তিন লাখ মানুষের দাবি ছিল টেকসই বেড়িবাঁধের। সেই দাবি বাস্তবায়নে ‘পুনর্বাসন’ প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খুলনা ও সাতক্ষীরা-২ বিভাগ যৌথভাবে এ প্রকল্পের আওতায় ৩২ কিলোমিটার বাঁধ নির্মাণে উদ্যোগ নিয়েছে। প্রকল্পের কাজের মধ্যে রয়েছে– মাটি দিয়ে বাঁধের উচ্চতা ও প্রশস্ততা বাড়ানো, সিসি ব্লক ও বালুভর্তি জিওব্যাগ দিয়ে ঢাল সংরক্ষণ, চর বনায়ন, নদী খনন ও বালুর বস্তা ডাম্পিং।

অভিযোগ উঠেছে, বালুর বস্তা ডাম্পিংয়ের ক্ষেত্রে কোনো নিয়ননীতি মানা হচ্ছে না। মানহীন জিওব্যাগে চিকন দানার বালু ভরে তা ডাম্পিং করা হচ্ছে নদীতে। নিয়ম অনুযায়ী মান যাচাই শেষে সরাসরি টাস্ক ফোর্সের উপস্থিতিতে বস্তা গণনা করে ডাম্পিং করার কথা। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে সে নিয়ম মানা হচ্ছে না। ঠিকাদারের লোকজনের দাবি অনেক সময় টাস্ক ফোর্সের সঙ্গে ভিডিও কলে সংযুক্ত হয়ে বস্তা গণনা শেষে ডাম্পিং করা হয়। স্থানীয় মানুষের অভিযোগ অল্পসংখ্যক বস্তা ডাম্পিং করে গণনায় বেশি দেখিয়ে বরাদ্দের অর্থ নয়-ছয় করা হচ্ছে।
প্রকল্প এলাকার পার্শ্ববর্তী গাববুনিয়া গ্রামের বাসিন্দা দেবাশীষ মণ্ডল, সন্তোষ মণ্ডল, প্রতিমা রানীসহ বেশ কয়েকজন অভিযোগ করেন, রাতে ড্রেজার মেশিন দিয়ে নদীর এক পাড় থেকে বালু তুলে সকালে বস্তায় ভরা হয়। বিকেলে সেই বালুর বস্তা বার্জে ভরে নদীর আরেক পাড়ে ডাম্পিং করা হচ্ছে। এতে নদীভাঙন থেকে রক্ষা করা হচ্ছে, না ভাঙন বাড়ানো হচ্ছে বোঝা মুশকিল। অহেতুক জলের নিচে সরকারের শত কোটি টাকা ঢালা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

পাউবো সূত্রে জানা গেছে, পুনর্বাসন প্রকল্পের আওতায় কয়রা উপজেলার ১৪/১ নম্বর পোল্ডারের ৩২ কিলোমিটার বাঁধ নির্মাণে ১৯টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া জাইকার অর্থায়নে আরও কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। এসব ঠিকাদারি প্রতিষ্ঠান মাটির কাজসহ অন্যান্য কাজের সঙ্গে নদী শাসনের জন্য প্রায় ২০ লাখ বস্তা ডাম্পিং করবে। প্রতিটি বস্তা ডাম্পিংয়ে ৪৫২ টাকা হিসেবে খরচ হবে প্রায় একশ কোটি টাকা।

বাঁধ নির্মাণ কাজের পার্শ্ববর্তী বাসিন্দারা জানান, বালুর বস্তা ডাম্পিংয়ের সময় মাঝেমধ্যে পাউবো দু-একজন কর্মকর্তাকে দেখা যায়। তবে অধিকাংশ সময় ঠিকাদারের লোকজন দাঁড়িয়ে থেকে শ্রমিক দিয়ে নদীতে বস্তা নিক্ষেপ করেন। প্রতিদিন এভাবে কত বস্তা পানির নিচে ফেলা হচ্ছে, সে হিসাব চাইলেও পাওয়া যায় না।
গত শনিবার উত্তর বেদকাশি ইউনিয়নের গাতিরঘেরি এলাকায় গিয়ে দেখা গেছে, শাকবাড়িয়া নদীর তীর রক্ষায় একটি বার্জে করে বালুর বস্তা ডাম্পিংয়ের কাজ চলছে। সেখানে পাউবো অথবা টাস্কফোর্সের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

ঠিকাদারের লোকজন ও শ্রমিকরা জানান, টাস্কফোর্সের কর্মকর্তার সঙ্গে ভিডিও কলে সংযুক্ত হয়ে তারা নদীতে বালুর বস্তা ফেলছেন। সে সময় ৭৪০ বস্তা ডাম্পিং করা হয়েছে বলে
ঠিকাদারের লোকজন দাবি করেন। তবে ডাম্পিংয়ের আগে বালুভর্তি বস্তা গণনা, পরিমাপ ও বালুর এফএম পরীক্ষা করা প্রসঙ্গে স্পষ্ট উত্তর দিতে পারেননি তারা।
এর একটু দূরে গাববুনিয়া এলাকায় নদী তীরবর্তী চরের কয়েক স্থানে ধসে যেতে দেখা গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী ওই স্থানে প্রায় ৪০ হাজার বালুর বস্তা ডাম্পিং করা হয়েছে।
কয়রা উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা বলেন, সঠিক তত্ত্বাবধায়ন ও অব্যবস্থাপনার কারণে বালুর বস্তা ডাম্পিংয়েই এ প্রকল্পে নয়-ছয় হচ্ছে বেশি। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমন সুযোগ পাচ্ছেন ঠিকাদার। কারণ বালুর বস্তা নদীতে ফেলা হয়ে গেলে চাইলেও তার হিসাব এবং মান যাচাই করা সম্ভব নয়। এ অনিয়মে ঠিকাদারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

প্রকল্পের কাজ তত্ত্বাবধায়নে পাউবো খুলনা ও সাতক্ষীরা-২ বিভাগের ৭ জন উপসহকারী প্রকৌশলী ও দু’জন উপবিভাগীয় প্রকৌশলী দায়িত্ব পালন করছেন। তাদের ভাষ্য, বালুর বস্তা ডাম্পিংয়ের সময় তারা সেখানে উপস্থিত থাকেন। তবে একই সঙ্গে একাধিক জায়গায় ডাম্পিং করা হলে কিছুটা সমস্যায় পড়তে হয় তাদের।
প্রকল্প পরিচালক ও পাউবো খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছবিবুর রহমান বলেন, বালুর বস্তা ডাম্পিংয়ের আগে টাস্কফোর্সের সদস্যরা গণনা করে নাম্বারিং করে যান। পরে সেখানে পাউবোর দায়িত্বসীল কর্মকর্তার উপস্থিতিতে ডাম্পিং করা হয়। এখানে অনিয়মের সুযোগ নেই। তবে বালু ও জিওব্যাগের মান নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।