আন্তর্জাতিক ডেস্ক।।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গ্রান্ড হায়াত ইরায়ান হোটেল থেকে ছয় পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের সবাই জন্মসূত্রে ভিয়েতনামের। চারজন ভিয়েতনামের নাগরিক, দুইজন ভিয়েতনামের বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, পুলিশের প্রাথমিক অনুমান ছিল বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তদন্ত করতে গিয়েও তারা দেখতে পায় তারা যেই পাত্রে চা খেয়েছেন, তাতে বিষাক্ত দ্রব্য সায়ানাইডের আলামত মিলেছে।
পুলিশ জানিয়েছে, ফরেনসিক পরীক্ষার প্রাথমিক রিপোর্ট বলছে, ধস্তাধস্তির কোনো ঘটনা ঘটেনি। তবে প্রত্যেকেরই দেহে বিষ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, হোটেলের কর্মীদের কাছ থেকে ফোন পাওয়ার পরেই তারা ঘটনাস্থলে যান এবং মৃতদেহগুলি উদ্ধার করেন। মৃতদের সকলেরই মঙ্গলবার চেক আউট করার কথা ছিল, এবং তাদের ব্য়াগ গোছানো ছিল। ঘরে খাবারও মিলেছে। রুম সার্ভিসে ফোন করে ওই খাবার আনানো হয়েছিল বলে জানা গেছে। কিন্তু খাবার খাওয়া হয়নি।
পর্যটন থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। গত বছর দেশটিতে দুই কোটি ৮০ লাখ বিদেশি পর্যটক বেড়াতে গেছেন। সব মিলিয়ে তারা কয়েক ট্রিলিয়ন বাট (থাই মুদ্রা) খরচ করেছেন। গ্র্যান্ড হায়াত দেশটির বিখ্যাত হোটেল। বহু পর্যটক এই হোটেলে ওঠেন। এই ঘটনার প্রভাব যেন পর্যটনে না পড়ে, তার দিকে কড়া দৃষ্টি রেখেছে থাই সরকার। প্রধানমন্ত্রী সব এজেন্সিকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।











































