স্টাফ রিপোর্টার
খুলনার ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ রবিউল ইসলাম রবি হত্যা মামলায় তেমন কোনো অগ্রগতি নেই। ১০ দিনেও উন্মোচন হয়নি খুনের রহস্য, ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখনও এজাহারভুক্ত সব আসামি ধরা পড়েনি। পুলিশ তিনজনকে আটক করে রিমান্ডে নিলেও ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেনি কেউ। উল্টো অভিযুক্তদের কারণে আতঙ্কে আছে নিহতের পরিবার ও স্বজন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবি হত্যার দু’দিনের মাথায় মামলার ৫ নম্বর আসামি জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশ্বাস প্রোপার্টিজের মালিক আজগর বিশ্বাস তারাকে লাইসেন্স করা অস্ত্র, গুলিসহ এবং ৭ নম্বর আসামি আল ফোরকান খান ও সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সরদার ওরফে কিলার বাবুকে গত ৮ জুলাই গ্রেপ্তার করে পুলিশ। তাদের রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কেউ হত্যায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেননি। পলাতক আছেন এজাহারভুক্ত আসামি এইচ এম উবাঈদ উল্লাহ, তাঁর ভাই ওয়ালী উল্লাহ অলি, আল মামুন সানা, রফিক শেখ ও আলামিন শেখ।
নিহতের স্ত্রী ও মামলার বাদী শায়লা ইরিন বলেন, মামলাটি নিয়ে পুলিশ তৎপর আছে বলে মনে হচ্ছে। তবে অগ্রগতির বিষয়ে কিছু জানাচ্ছে না।
নিহতের ভাগনে সাইফুর রহমান রাজু বলেন, ‘তদন্তের স্বার্থে আপাতত অগ্রগতি বিষয়ে কিছু জানানো যাচ্ছে না বলে দাবি করছে পুলিশ। অন্যদিকে আসামি পক্ষের লোকজন এলাকায় উল্টাপাল্টা কথা বলছে– এ নিয়ে আমরা শঙ্কায় আছি।’
ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বলেন, গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু প্রকাশ করা যাচ্ছে না।
পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। হত্যার কারণ উদ্ঘাটনেও কাজ চলছে। শিগগিরই এ হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত জানা যেতে পারে।
গত ৬ জুলাই ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান রবি। পরদিন থানায় মামলা করেন তাঁর স্ত্রী শায়লা ইরিন। এতে সাতজনের নাম উল্লেখসহ আরও ৭-৮ জনকে আসামি করা হয়।
এজাহারে বাদী উল্লেখ করেন, ১ নম্বর আসামি উবাঈদের নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে রবি তিনবার ইউপি চেয়ারম্যান হন। গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থন করেন রবি, আর ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থীর বিরোধিতা করেন উবাঈদ। এ ছাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচনে বর্তমান চেয়ারম্যানকে সমর্থন করেন রবি। অপরদিকে আসামিরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী তারা বিশ্বাসের পক্ষে কাজ করেন এবং তারা বিশ্বাস পরাজিত হন। এসব কারণে রবির জনপ্রিয়তা
বেড়ে যায়। এতে ঈর্ষান্বিত হয়ে হত্যার পরিকল্পনা করা হয়। উবাঈদ বারবার পরাজিত হয়ে তারা বিশ্বাসের অর্থায়নে ভাড়াটিয়া খুনিদের দিয়ে রবিকে হত্যা করায়।











































