খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দায়িত্বশীলদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে বলেন, জামায়াতের দায়িত্বশীলদের নিজেদের সচেতন হতে হবে এবং জনগণকেও সচেতন করতে হবে। সাংগঠনিক দায়িত্ব যশ-খ্যাতি অহঙ্কারের জন্য না এটা একটা জিম্মাদারি, আমানত ও জবাবদিহিতার জায়গা। আল্লাহ তা’য়ালার কাছে মাগফিরাত ও সন্তুষ্টির উসিলা। তিনি বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। জননিরাপত্তা মারাত্মক সংকটে নিপতিত। পারিবারিক, সামাজিক ও ইসলামী মূল্যবোধ অবক্ষয়ের কারণে সামাজিক নিরাপত্তা ও নাগরিক অধিকারের কোনো মর্যাদা নেই বললেই চলে। সিন্ডিকেটের কারণে গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে। সাধারণ জনগণ আজ দিশেহারা। দীর্ঘ ১৫ বছরের অধিক গণতন্ত্রহীনতার কারণে সর্বক্ষেত্রে দুর্নীতি, নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। এহেন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টির জন্য বর্তমান সরকারই দায়ী। তাই সকল সংকট, সীমাবদ্ধতা ও রক্তচক্ষু উপেক্ষা করে দেশের মানুষের কল্যাণ ও মুক্তির লক্ষ্যে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের অগ্রণী ও সাহসী ভূমিকা পালন করার আহবান জানান। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে থানা আমীর/সভাপতি ও সেক্রেটারি সম্মেলন-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খুলনা সদর থানা আমীর মাওলানা আবু তারিম, সোনাডাঙ্গা থানা আমীর মাওলানা শাহারুল ইসলাম, খালিশপুর থানা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন, দৌলতপুর থানা আমীর ফোরকান উদ্দীন মিঠু, আড়ংঘাটা থানা আমীর মো. আশরাফ হোসেন, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, লবণচরা থানা আমীর মাস্টার হানিফ বালী প্রমূখ।
সেক্রেটারি জেনারেল আরও বলেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের জ্ঞান অর্জনকে গুরুত্ব দিতে হবে। জ্ঞান ও যোগ্যতায় অগ্রগামী হতে হবে। নিজেদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন লোকেরা আকৃষ্ট হয়। ধনী গরীব সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে ইাসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে হবে। তিনি আরও বলেন, কুরআনের আলোকে সার্বিক জীবন গঠন ও রাষ্ট্র-সমাজসহ সর্বক্ষেত্রে কুরআনি জীবনব্যবস্থা কায়েম করার জন্য সাহসী ভূমিকা পালন করতে হবে। বাতিলের রক্ত চক্ষুকে ভয় না পেয়ে আল্লাহ তায়ালার ওপর তাওয়াক্কুল করে যুগোপযোগী কর্মপন্থা নিয়ে মাঠে ময়দানে দৃঢ়তা ও সাহসিকতার সাথে নেতৃত্ব দিতে হবে।
সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, দেশের নিরীহ মানুষগুলো চরম দূঃখ দুর্দশায় দিনাতিপাত করছেন। এই সুবিধা বঞ্চিত মানুষগুলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা, কর্মী ও সমর্থকদের দিকে চেয়ে আছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি নেতা, কর্মী ও সমর্থক দানশীল, পরোপকারী, দেশপ্রেমিক। তাঁরা সব সময় অসহায় দুস্থ আর্ত মানবতার সেবায় নিয়োজিত। তিনি আরও বলেন, জামায়াতের প্রতিটি নেতা কর্মীকে দাওয়াতী কাজের উপর গুরুত্ব বেশি দিতে হবে। এই দাওয়াতী কাজে অনেকের মাঝে হীনমন্যতা কাজ করে যা কোনোভাবেই উচিৎ নয়। নিজের সমপর্যায়ে বা নিচের স্তরের লোকদের মাঝে দাওয়াত দিতে কোন হীনমন্যতা রাখা যাবে না এবং দাওয়াতি কাজের ফরজিয়াত এবং গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, রাসূল (সা.) এবং আম্বিয়ায়ে কেরামগণ প্রচন্ড প্রতিকূল পরিবেশে দাওয়াত দিয়েছেন। রাসূল (সা.) তায়েফবাসীর কাছে ছুটে গিয়ে ছিলেন, অত্যন্ত দুর্গম পথ পাড়ি দিয়ে। তাঁকে পাগল, যাদুকর, গনক, মিথ্যাবাদী বলা হয়েছে, তবুও তিনি দাওয়াতী কাজে পিছু হটেন নাই। দাওয়াত দিতে গিয়ে তিনি কতই না কষ্ট এবং ধৈর্য্য ধারণ করেছেন। সেক্রেটারি জেনারেল বলেন, আল্লাহর রুবুবিয়াত উলুহিয়াতের দিকে দাওয়াত প্রদান এবং এই দাওয়াত মেনে নেওয়ার মাঝে রয়েছে মানবতার মুক্তি। দাওয়াত শুধু মৌখিকভাবে নয় বরং চরিত্র কর্ম এবং আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে তুলে ধরতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে ইসলাম ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। মানবরচিত মতাদর্শের বিপরীতে ইসলামী আদর্শের শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরার জন্য নিজেদের অনুকরণীয় মডেল হিসেবে উপস্থাপন করতে হবে। সত্য, সুন্দর ও কল্যাণকর কাজে অন্য সকলের চেয়ে জামায়াতে ইসলামীর নেতাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।











































