স্টাফ রিপোর্টার।।
অস্ত্রের ভয় দেখিয়ে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপো থেকে অতিরিক্ত তেল উত্তোলনের অভিযোগে আওয়ামী লীগ নেতা শেখ ফরহাদ হোসেনের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। চলতি মাসে খুলনার জেলা প্রশাসক চিঠি দিয়ে তার ব্যবহৃত শটগানের লাইসেন্স বাতিল ও অস্ত্রটি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।
শেখ ফরহাদ হোসেন নগরীর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ১ নং সদস্য এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, ফরহাদ হোসেন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোগুলোর ডেলিভারি পয়েন্টে ট্যাংকলরি ড্রাইভার, হেলপার ও মিটারম্যানদের চাপ প্রয়োগ করে জোরপূর্বক অতিরিক্ত তেল উত্তোলন করেন। তিনি তার লাইসেন্স করা শটগান ব্যবহার করে এ ভয়ভীতি দেখাতেন, যা আগ্নেয়াস্ত্র প্রদান ও নবায়ন নীতিমালার পরিপন্থী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অভিযোগটি তদন্ত করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। তিনি নোটিশের জবাব দিলে সেটা সন্তোষজনক না হওয়ায় গত ২ জুলাই লাইসেন্স বাতিল ও অস্ত্র বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।
খালিশপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ফরহাদ হোসেন তার শটগানটি থানায় জমা দিয়েছেন। এ বিষয়ে ফরহাদ হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।











































