Home খেলাধুলা রোনালদোর পথে এমবাপ্পে

রোনালদোর পথে এমবাপ্পে

25


ক্রীড়া ডেস্ক।।

স্বপ্নের নায়ক। শৈশবের আদর্শ। পথচলার অনুপ্রেরণা। সুপারস্টার হয়ে যাওয়ার পরও ক্রিস্টিয়ানো রোনালদোর অনুসরণ ছাড়েননি কিলিয়ান এমবাপ্পে। বরং পর্তুগিজ যুবরাজের পথেই হাঁটতে যাচ্ছেন ফরাসি সেনসেশন। বিশ^কাপজয়ী এই তারকা যোগ দিতে চলেছেন স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে। আগামীকাল নতুন ঠিকানা সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পের বরণ অনুষ্ঠান হবে।


এই স্বপ্নযাত্রার আগে নিজের আদর্শ রোনালদোর কথা আরও একবার মনে করিয়ে দিলেন এমবাপ্পে। জানালেন- সম্ভাব্য সেরা ফিটনেসের জন্য ‘সিআর সেভেন’কে অনুসরণ করেন তিনি। তার এমন সিদ্ধান্ত অমূলক নয়। কেননা বয়স যে স্রেফ একটা সংখ্যা, সেটি প্রমাণ করেই চলেছেন রোনালদো। এটির বড় কারণ ফিটনেস ধরে রাখা। তার বয়স এখন ৩৯। এই বয়সে এসেও তরুণ ফুটবলার এমবাপ্পে, জুড বেলিংহাম, আর্লিং হাল্যান্ডের মতো তারকাদের টেক্কা দিচ্ছেন রোনালদো। গত মৌসুমে তো এসব ফুটবলারকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলের নজিরও দেখিয়েছেন তিনি।

তেমন কিছু করার স্বপ্ন দেখছেন এমবাপ্পে। যাতে ৪০ ছুঁই ছুঁই রোনালদোর মতো ক্যারিয়ারটা লম্বা করা যায়। এমবাপ্পেকে নিয়ে ফিটনেস কোচ অ্যান্তনিও পিন্তুস নিজেও রোনালদোর ফিটনেস প্রক্রিয়ায় হাঁটার পরিকল্পনা করছেন। অবশ্য এই মুহূর্তে এমবাপ্পের ফিটনেস সঠিক পর্যায়েই আছে। এটির স্থায়িত্ব দীর্ঘমেয়াদি করাই বড় চ্যালেঞ্জ পিন্তুসের।

এমবাপ্পের উত্থান ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল এএস মোনাকোর হয়ে; কিন্তু সেখানে বেশি সময় থাকা হয়নি তার। তাকে ধারে খেলতে নিয়ে যায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এক বছর পর ২০১৮ সালে এমবাপ্পেকে পাকাপাকিভাবে রেখে দেয় প্যারিসিয়ানরা। পিএসজিতে অর্ধ যুগের ক্যারিয়ারে ঘরোয়া ট্রফির বাইরে বড় কোনো সাফল্য পাননি এমবাপ্পে। এই দুঃখ নিয়েই পিএসজি ছাড়তে হয়েছে তাকে। জল অনেক দূর গড়ানোর পর শেষ পর্যন্ত ২৫ বছর বয়সী তারকা যোগ দেন রিয়াল মাদ্রিদে। নতুন ঠিকানায় ৯ নম্বর জার্সিতে খেলবেন এমবাপ্পে। তার সঙ্গে আগামী মৌসুম থেকে রিয়ালে খেলবেন ব্রাজিলিয়ান উঠতি তারকা এন্ড্রিক। এই ফরোয়ার্ডকে ফুটবলের মহাতারকা পেলের সঙ্গে তুলনা করা হচ্ছে। এখনই পেলের সঙ্গে তুলনা করাটা অবশ্য একরকম বাড়াবাড়ি। এন্ড্রিক বার্নাব্যুতে আসায় রিয়ালে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হয়ে গেলেন তিন জন। অন্য দুজন ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গৌজ। সঙ্গে এমবাপ্পে ও জুড বেলিংহামের উপস্থিতি। এই পঞ্চমুখের সুবাদে স্প্যানিশ জায়ান্টরা আক্রমণভাগে হয়ে উঠতে পারে বিশে^র সবচেয়ে ভয়ঙ্কর দল।