মিলি রহমান।।
গ্রিন টি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এটা কমবেশি সবারই জানা। ওজন নিয়ন্ত্রণে রাখা, বিপাকহার উন্নত করা, এমনকি শরীর থেকে ‘টক্সিন’ দূর করতে গ্রিন টি’র তুলনা নেই। যারা নিয়মিত শরীরচর্চা করেন , তাদের কাছেও এই পানীয়ের বেশ কদর রয়েছে। তবে শুধু শরীরের জন্যই নয়, আজকাল রূপচর্চার ক্ষেত্রেও গ্রিন টি-র ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
রূপ বিশেষজ্ঞেদের মতে, গ্রিন টি ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখে। ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে এই চা ব্যবহার করতে পারেন। গ্রিন টি চামড়া কুঁচকে যাওয়া রোধ করে। ব্রণের সমস্যা সমাধানেও গ্রিন টি-র জুড়ি নেই। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গ্রিন টি-তে থাকা বিভিন্ন অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান ত্বকের ক্যানসারের ঝুঁকি কমায়। রোদে বেরোলেই অনেকের ত্বক লাল হয়ে যায়, জ্বালা করে। এ ক্ষেত্রেও গ্রিন টি উপকারী হতে পারে।
গ্রিন টি টোনার তৈরি করবেন কী ভাবে?
একটি পাত্রে গরম পানি ফুটিয়ে নিন। এর মধ্যে গ্রিন টি ব্যাগ ভিজিয়ে রাখুন বেশ কিছু ক্ষণ। দশ মিনিট পর পাত্রের মধ্যে রাখা টি ব্যাগটি তুলে ফেলুন। তার পর একেবারে স্বাভাবিক তাপমাত্রায় এলে স্প্রে বোতলে ভরে নিন। চাইলে এই প্রসাধনীটি ফ্রিজে রেখে দিতে পারেন। মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তার পর এই টোনার ব্যবহার করা যেতে পারে।











































