Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

40
সড়কে চলছে অবৈধ তিন চাকার যান নছিমন।

সাবেক সাংসদ এম এ বারী’র মৃত্যুবার্ষিকী ১৫ কাল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সাংসদ এম এ বারী’র মৃত্যুবার্ষিকী ১৫ জুলাই সোমবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর আওয়ামী লীগ সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নির্বাচিত দলীয় সকল কাউন্সিলরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

ভারতে দেড় বছর কারাভোগের পর দেশে ফিরেছে ৫ বাংলাদেশি যুবক যুবতী
বেনাপোল প্রতিনিধি
ভারতে দেড় বছর কারাভোগের পর শনিবার বিকেলে ৫ বাংলাদেশি যুবক যুবতীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি যুবক যুবতী দেড় বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আজহারুল ইসলাম জানান, গত ২ বছর আগে ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের মুম্বাই শহরে যায়। সেখানে কাজের সন্ধানে ঘুরাঘুরি করার সময় পুলিশ তাদেরকে আটক করে। পরে আদালতে সোপর্দ করলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদেরকে দেড় বছরের কারাদন্ড প্রদান করেন। পরে সাজাভোগ শেষে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বিকেলে তারা দেশে ফিরেছেন। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসা যুবক-যুবতীদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ গ্রহন করে। ফেরত আসাদের মধ্যে ৪জন যুবক ও একজন যুবতী রয়েছে। যাদের বাড়ি খুলনা, রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা গ্রহণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানান তিনি।

দামুড়হুদায় গো গ্রীন সেন্টারে সফল উদ্যোক্তা সম্মাননা ২০২৪ প্রদান অনুষ্ঠান
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গো গ্রীন সেন্টারে সফল উদ্যোক্তা সম্মাননা ২০২৪ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার কোষাঘাটা গো গ্রীন সেন্টারে সফল উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের উপ পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড,কিসিঞ্জার চাকমা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হোসেন কচিসহ দামুড়হদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা। অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুস শুকুর, সহকারি পরিচালক কিতাব আলী ও সিনিয়র সমন্বয়কারী আব্দুস সালাম প্রমূখ।

নড়াইলে খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মত বিনিময় সভা
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, দেশ নায়ক তারেক রহমানের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, গনতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা কৃষকদলের আহবায়ক মোঃ নবীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল কবীর চন্দন এর সঞ্চলনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ইউসুফ আলী মোল্যা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদল খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ আলী হাসান, সহ-সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অশোক কুন্ডু, মোঃ আসাদুজ্জামান জামান, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক মোমিনুর রহমান, প্রচার সম্পাদক সামসুর রহমান সামস, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কাজী খাইরুল্লাহ শিপন, মাগুরা জেলা কমিটির আহকায়ক রোবায়েত হোসেন। আরও উপস্থিত ছিলেন সদর থানা কৃষকদলের আহবায়ক মো: রফিকুল ইসলাম, সদস্য সচিব নিয়াজ আহমেদ, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আলমগীর কবির প্রমূখ। বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। মত বিনিময় সভায় জেলা কৃষকদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যশোরে র্যাবের অভিযানে চার’শ বোতল ফেনসিলসহ আটক এক
শহিদুল ইসলাম দইচ যশোর।
যশোরে র্যাব -৬ অভিযান চালিয়ে চার”শ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মো. মাসুম হোসেন(৩১) নামে চিহ্নত মাদক ব্যাবসায়িকে আটক করেছে। ১৩ ( জুলাই) সকাল সোয়া ১০ টার দিকে যশোর বেনাপো পুটখালি পশ্চিম পাড়া মাসুমের বসত ঘরের খাটের নিচে বিশেষ কায়দায় সাজানো অবস্থায় ফেনসিডিল গুলি উদ্ধার করা হয়।
আটক মাসুম হোসেন পুটখালি পশ্চিম পাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। যশোর র্যাব – ৬ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ্র্যাবের কাছে গোপন খবর ছিল মাদকের ( ফেনসিডিল) একটি বড় চালন মজুদ করা হয়েছে ষা দেশের বিভিন্ন যায়গায় পাচার করে ছড়িয়ে দেওয়া হবে।
র্যাবে গোয়েন্দা তর্থের ভিত্তিতে সকাল সোয়া ১০ টার দিকে একটি আবিযনিক টিম অভিনয় পরিচালনা করে সুমন হোসেনকে আটক করে। এবং সুমনের দেখানো বিশেষে। কায়দায় সাজানো অবস্থায় তার ঘরের সয়ন কক্ষের নিচে থেকে চারশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় বেনাপোল পোর্ট থানার নিয়মিত মামলা হয়েছে।

মোংলার সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা জুলফিকারের বিরুদ্ধে তদন্তে পিবিআই

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা ব্যবসায়ী জুলফিকার আলীর বিরুদ্ধে হামলা, আর্থিক ক্ষতি ও চাঁদাবাজির মামলার তদন্তে নেমেছে পিবিআই। গত বছর ঢাকার ব্যবসায়ী এফার রহমান ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলা করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত বুধবার (১০জুলাই) এই মামলার তদন্তে মোংলায় এসে জুলফিকার আলীর সহযোগী রামপালের বিএনপি নেতা হাফিজুর রহমান তুহিনের তেতুলিয়া এলাকার ট্যাংরামারীর মাছের ঘের থেকে ছিনতাই হওয়া একটি এস্কেভেটর/ভেকু (মাটি কাটা যন্ত্র) উদ্ধার করে।

মামলার বাদী ও পিবিআই সূত্রে জানা গেছে, ঢাকার কলাবাগানের সিআর রোডস্থ মেসার্স এরশাদ ব্রাদার্স করপোরেশন নামক একটি প্রতিষ্ঠান ২০১৭সালে মোংলার স্থায়ী বন্দরের আমজাদ বেগ পেট্রোল পাম্প এলাকায় পদ্মা সেতুর জন্য আমদানীকৃত পাথর স্তুপ/সংরক্ষণ করে। পরে ওই পাথর বোঝাই করার জন্য প্রতিষ্ঠানটি ৩কোটি টাকা মূল্যের ৫টি ট্রাক ও ১টি এস্কেভটর/ভেকু মোট ৬টি যানবাহন ব্যবহার করতে থাকে। এক পর্যায়ে মোংলা পোর্ট পৌরসভার তৎকালীন মেয়র জুলফিকার আলীর দৃষ্টি পড়ে পাথর বোঝাইয়ের কাজে নিয়োজিত ওই যানবাহনগুলোর ওপর। ওই বছরের ২৬ফেব্রুয়ারী সন্ধ্যার দিকে জুলফিকার আলীর নেতৃত্বে ৬/৭জন সন্ত্রাসী ক্যাডার অস্ত্রশস্ত্র নিয়ে পাথর স্তুপ/সংরক্ষণ করে রাখার স্থানে চড়াও হয়ে অস্ত্রের মুখে ওই ৬টি যানবাহন জোর করে ছিনিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ওই যানবাহন ছেড়ে দেবার কথা বলে জুলফিকার আলী প্রতিষ্ঠানের মালিক মোঃ এরশাদ আলীর কাছ থেকে চাঁদা বাবদ ৫লাখ টাকা আদায় করে। এ চাঁদার টাকা নিয়েও পরবর্তীতে জুলফিকার আলী যানবাহনগুলো না ছেড়ে পুনরায় ৬লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওই কোম্পানী আটক যানবাহনগুলো ছেড়ে দেওয়ার জন্য জুলফিকার আলীকে একাধিকবার লিগ্যাল নোটিশ পাঠালেও তিনি তাতে কোন সাড়া দেননি। এভাবে প্রায় ৫বছর অতিবাহিত হওয়ার পর জুলফিকার আলী সৃষ্ট সমস্যার সমাধানের প্রস্তাব দিয়ে ২০২৩সালের ১২এপ্রিল সন্ধ্যার পর ঢাকার বিজয় নগরের পানির ট্যাংক এলাকায় মেসার্স এরশাদ ব্রাদার্স করপোরেশনের মালিকের ছেলে এফার রহমানের সাথে দেখা করেন। এ সময় জুলফিকার আলী এফার রহমানের কাছে আটক যানবাহনগুলো ছাড়া বাবদ ২০লাখ টাকা চাঁদা দাবি করেন। এক পর্যায়ে সেখানে জুলফিকার আলী ও তার সহযোগী বাহাদুরসহ কয়েকজন ক্যাডার ব্যবসায়ী এফার রহমানের উপর চড়াও হয়ে হামলা ও মারধর করে। এক পর্যায়ে এনিয়ে বাড়াবাড়ি করলে ওই ব্যবসায়ীকে গুম ও খুন করার ভয়ভীতি প্রদর্শন করে।
এ ঘটনায় মেসার্স এরশাদ ব্রাদার্স করপোরেশনের মালিকের ছেলে এফার রহমান বাদী হয়ে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে জুলফিকার আলীসহ ৭/৮জনের নামে গত বছরের ১৭এপ্রিল একটি মামলা করেন। এ মামলার আর্জিতে বাদী আরো উল্লেখ করেন, জুলফিকার আলী তাদের ৬টি যানবাহন দীর্ঘ কয়েক বছর আটকে রেখে প্রায় ৯কোটি টাকার ক্ষতিসাধন করেছেন।
এদিকে আদালত মামলাটির প্রথমে তদন্তের দায়িত্ব দেন পল্টন থানা পুলিশকে। পল্টন থানা পুলিশ মামলাটির তদন্ত শেষে আদালতে মামলাটির চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পরে বাদী আদালতে ওই প্রতিবেদনের নারাজি দিলে আদালত গত ২৪জানুয়ারী ঢাকা মেট্রো দক্ষিণ’র পিবিআইকে মামলাটির তদন্তের দায়িত্ব দেন। তদন্তের সূত্র ধরে মামলাটির তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক এমদাদুল হক মঙ্গলবার (৯জুলাই) সরেজমিনে মোংলায় আসেন। পরে বুধবার (১০জুলাই) তদন্তকারী কর্মকর্তা অভিযান চালিয়ে জুলফিকার আলীর সহযোগী মোংলার পাশ্ববর্তী রামপাল থানা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান তুহিনের মৎস্য ঘের থেকে এরশাদ ব্রাদার্স করপোরেশনের আটকে রাখা ৮৮লাখ টাকা মূল্যের এস্কেভেটরটি উদ্ধার করে রামপাল থানা পুলিশের হেফাজতে দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র (ঢাকা মেট্রো দক্ষিণ) পরিদর্শক এমদাদুল হক জানান, মামলাটির তদন্ত প্রায় শেষ পর্যায়ে। খুব শিগগির এর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।
এদিকে মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলীর বিরুদ্ধে পিবিআই’র মামলার তদন্তকে কেন্দ্র করে মোংলায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এতদিন মামলার বিষয়টি প্রকাশ্যে না আসলেও মোংলায় পুলিশের তদন্ত আসার পর পুরো শহরে ঘটনাটি ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মেয়রের প্রভাব দেখিয়ে তিনি এরকম অনেক ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জুলুম ও প্রতারণা করেছেন বলে অভিযোগ রয়েছে। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স হাসেম এন্ড সন্সের কাছে বিপুল পরিমান শ্রম মজুরী ও বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। কিন্তু তিনি প্রভাবশালী হওয়ায় ভূক্তভোগীরা তার বিরুদ্ধে তেমন কোন কার্যকরী ব্যবস্থা নিতে পারে না বলেও অভিযোগ রয়েছে।

উত্থাপিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে জুলফিকার আলী বলেন, ওই কোম্পানির আমদানী পণ্য খালাসের ষ্টিভিডর্রিং করা বাবদ আমি তাদের কাছে ১৮লাখ টাকা পাই। সেই টাকা না দিয়ে উল্টো তারা আমাকে নানাভাবে হয়রানী করছে। তারা এর আগেও আমার বিরুদ্ধে একটি মামলা করেছিলো সেটিতেও তারা হেরে যান। তারপরও তারা আমাকে একের পর এক হয়রানী করে যাচ্ছে। #

যশোরে ভুয়া ডিবি পুলিশ আটক; ওয়াকিটি সেট, হ্যান্ডকাপ, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
শহিদুল ইসলাম দইচ যশোর।
যশোরে দুর্জয় বাবু ঘোষ (২২) নামে ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে, একটি অকিটকিসেট, চার জোড়া হ্যান্ডকাপ,১২টি শটগানের বিস্ফোরক কার্টুজ,একটি লেটবল কার্টুজ,পাঁচটি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল, দুটি বোঝালে, একটি হাসুয়া ও একটি ছুরি।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান গতকাল ১২ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে যশোর শহরের বেজপাড়া শ্রীধরপুর রোডে দুর্জয়ের বাসর ঘর থেকে উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের( পরিদর্শক) শহিদুল ইসলাম হাওলাদার ১২ জুলাই শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ডিবি কার্যালয় একপ্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
এ সময় শহিদুল ইসলাম হাওলাদার বলেন, জেলা গোয়েন্দা ডিবি পুলিশের কাছে গোপন তথ্য ছিল , দুর্জয় বাবু ঘোষ নিজেকে বহা ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় আর্থিক সুবিধা নিয়ে নিচ্ছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওয়াকিটকি সেট,সট গানের গুলি হেন্ডকাপ সহ ওই দেশীয়ও অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলার রুজু হয়েছে।
জানতে চাইলে তিনি বলেন, তাকে রিমান্ডে এনে গভীরভাবে খতিয়ে দেখা হবে এগুলোর উৎস কোথা থেকে কিভাবে পেয়েছে।

৯ বছরের সাজার ভয়ে ৩৫ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
১৯৮৯ সালে একটি হত্যা প্রচেষ্টা মামলায় পিরোজপুরের একটি আদালতে ৯ বছরের সাজা হয় হাকিম মাতুব্বরের। সেই থেকে পলাতক ছিলেন তিনি। ৩৫ বছর পর খুলনা থেকে র্যাব গ্রেপ্তার করেছে তাকে।

শুক্রবার রাতে নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে র্যাব-৬ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাকে পিরোজপুরের ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হাকিম মাতুব্বরের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালি গ্রামে। তার বাবার নাম মৃত মোবারক আলী মাতুব্বর।

র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবির জানান, ১৯৮৭ সালে হাকিমের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি হত্যা চেষ্টায় মামলা দায়ের হয়। ১৯৮৯ সালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ওই মামলায় তাকে ৯ বছরের সাজা দেন। এরপর থেকে তিনি বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। গত ১২ জুলাই খুলনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের এক বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, লিটন বিশ্বাস (৩৫) ও রাজিব আলী (২৩)। লিটন বিশ্বাস বাগোয়ান গ্রামের হারান বিশ্বাসের ছেলে ও রাজিব আলী একই গ্রামের জিয়ার আলীর ছেলে। তারা দুজনই রাজমিস্ত্রির কাজ করতেন।

মথুরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু বলেন, ‘সেপটিক ট্যাংকে নামলে অক্সিজেন সংকটে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে বাগোয়ান গ্রামের মোশাররফ আলীর বাড়িতে সেপটিক ট্যাংকের কাজ করতে যায় রাজমিস্ত্রী লিটন এবং রাজিব। তারা এক সঙ্গে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। সেখানেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্যাংক থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দৌলতপুর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ওই এলাকার মোশাররফের বাড়িতে নির্মিত সেপটিক ট্যাংকটি অনেকদিন ধরেই বন্ধ ছিল। লিটন ও রাজিব নামে দুই শ্রমিক সেখানে কাজ করতে নামলে ভেতরে জমে থাকা গ্যাসের বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়। মৃত শ্রমিকদের মরদেহ এখনো হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দ্রব্যমূল্য: ‘ডাল-ভাত খেয়ে বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়েছে’
সাতক্ষীরা প্রতিনিধি
বাজারে পর্যাপ্ত সবজি থাকলেও দাম চড়া। কিছুতেই কমছে না দাম। পাশাপাশি চাল-ডাল, তেল-আটার দামও বেড়ে চলেছে। ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

সাতক্ষীরা শহরের বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির অজুহাতে বেড়েছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে দাম বৃদ্ধি পেয়ে মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। এছাড়া বেড়েছে অন্য সবজির দামও। তবে, কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। মুরগির দাম কেজিপ্রতি কমেছে ২০ টাকা।
সুলতানপুর কাঁচাবাজারে দেখা যায়, কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি, করলা ৯০-১০০ টাকা, চিচিঙ্গা ৭০-৮০ টাকা, ঢেঁড়স ৬০-৬৫ টাকা, আলু ৬০ টাকা, পটল ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, বরবটি ১৩০-১৪০ টাকা, টমেটো ১৫০-১৬০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, গাজর ১৩০ টাকা এবং শসা ১০০ টাকা কেজি দরে।

অপরদিকে বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা, সোনালি ৩০০ টাকা এবং দেশি মুরগি ৪৮০ টাকা কেজি দরে। অপরিবর্তিত রয়েছে মাছ-মাংসের দাম। গরুর মাংস ৭৫০-৮০০ টাকা, ছাগলের মাংস ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া আকার ভেদে রুই ২৬০-৩৬০ টাকা, কাতলা ৩২০-৩৬০ টাকা, মৃগেল ২০০-২৫০ টাকা, পাঙ্গাশ ১৮০-২২০ টাকা, তেলাপিয়া ২০০-২২০ টাকা, বাগদা চিংড়ি ৮০০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, টেংরা ৩৭০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুদিপণ্যের মধ্যে খোলা চিনি ১৪০ টাকা, প্যাকেটজাত চিনি ১৪৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন ১৪৭ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৬৭ টাকা, ছোট মসুর ডাল ১৪০ টাকা, মোটা মসুর ডাল ১১০ টাকা, বড় মুগ ডাল ১৬০ টাকা, ছোট মুগ ডাল ১৮০ টাকা, খেসারি ডাল ১২০ টাকা, বুটের ডাল ১১৫ টাকা।

উপজেলার বিভিন্ন বাজারে জাতভেদে ৯৫-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। রসুন বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা কেজি দরে।
বড় বাজারে পণ্য কিনতে আসা মাহবুবার রহমান বলেন, বাজারে গেলে বোঝা যায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেমন বেড়েছে। এক হাজার টাকার নোটে ৩-৪ আইটেম পণ্য নিলে ফুরিয়ে যায়। মানুষের জীবনযাপনে খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে যারা দিনমজুর, নিম্ন আয়ের মানুষ তারা অনেক কষ্টে আছে। সিন্ডিকেটের কারণে মূল্যবৃদ্ধি পাচ্ছে। জবাবদিহিতা করার কেউ নেই। জনপ্রতিনিধিরা মানুষের দুঃখ-কষ্ট নিয়ে ভাবেন না। প্রশাসন তেমন মনিটরিং করে না।

আরেকজন ক্রেতা দিনমজুর রবিউল ইসলাম বলেন, গরীব মানুষের সবচেয়ে বড় জ্বালা। যা ইনকাম করি ডাল-ভাত খেয়ে বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম আকাশচুম্বী। মাছ সপ্তাহে ও মাংস তো মাসে একদিন কিনতে হিমশিম খাই। ঘরে ছোট দুই ছেলে, তারা ডাল, মাছ ছাড়া খাবার খেতে চায় না।

সাতক্ষীরা নাগরিক কমিটির সভাপতি আজাদ হোসেন বেলাল বলেন, সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বেড়েছে। তাদের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। প্রশাসনের নীরবতার কারণে সিন্ডিকেট সক্রিয়। সঠিকভাবে বাজার মনিটরিং করলে সিন্ডিকেট ভেঙে ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারবেন।
সাতক্ষীরা জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান বলেন, শাক-সবজির বাজার নিয়ন্ত্রণ করে মধ্যস্বত্ত্বভোগীরা। বর্ষায় ক্ষেত নষ্টের অজুহাত দেখিয়ে অনেক বাজারে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালাচ্ছে।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকতা শোয়াইব আহমেদ জানান, বাজারে নিয়মিত নজর রাখা হচ্ছে। অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
যশোর অফিস
যশোরের বাঘারপাড়ায় পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) যশোর-নড়াইল সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে সিদ্দীক শেখ (৫০), কেশবপুর উপজেলার রাজাকাঠি গ্রামের বাবু সরদারের ছেলে তারেক রহমান (৩৫) ও সবুর ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের সবেদ আলীর ছেলে আব্দুস সবুর (৪২)।
আহতরা হলেন- দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মোস্তাক মোল্লার ছেলে আবু সুফিয়ান (২০), আক্কাস মোল্লার ছেলে সাহিদুল ইসলাম (১৮), বারিক মোল্লার ছেলে আব্দুল মজিদ (৪৮) ও জালাল মোল্লার ছেলে কবির হোসেন (৩৫) এবং গাজীপুর জেলার রায়হান হোসেন, ফরিদ আলী ও রমজান আলী। তারা যশোর জেনারেল হাসপাতাল ও বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে আব্দুল মজিদের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল থেকে ছেড়ে আসা যশোরগামী বেপরোয়া গতির একটি ট্রাক বাঘারপাড়া উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুর সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদারের বাড়ির সামনে এসে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় কয়েকজন মৎস্য শিকারি চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন সিদ্দিক শেখ। আহত হন চারজন।
একই দিন বেলা ১১টার দিকে যশোর-নড়াইল সড়কের করিমপুর ঈদগাহর সামনে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে তারেক রহমান ও সবুর নিহত হন। এর মধ্যে সবুর ঘটনাস্থলে মারা যান। আর তারেক রহমানকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় আহত রায়হান, রমজান ও শেখ ফরিদকে উদ্ধার করে ২৫০ বিশিষ্ট যশোর সদর হাসপাতালে পাঠানো হয় বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে বাঘারপাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করা হয়। তবে দক্ষিণ শ্রীরামপুরে দুর্ঘটনাকবলিত ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ উদ্ধার করেছে। তবে ট্রাক ও পিকআপের দুই চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, দুটি পিকাপের মুখোমুখি সংঘর্ষে একটির চালক এবং একটির যাত্রী নিহত হয়েছেন।

কষ্টের মধ্যে জীবন যাপন করছেন ছাতা মেরামত কারিগররা!
কয়রা(খুলনা)প্রতিনিধি
ভোর থেকেই মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি। আর বৃষ্টি মানেই এখন জনজীবনে ভোগান্তি। তবে বৃষ্টির দেখা পেয়েই রাস্তা দিয়ে পিঠে মোটা ব্যাগ নিয়ে ও—– ছাতি সারাই করবেন ছাতি সারাই এমন চিৎকার করে বাড়ী বাড়ী ঘুরতে দেখা গেল ছাতা মেরামত কারিদের। বৃষ্টির মৌসুমে একটু কাজ ভাল হয়। তখন দৈনিক ৫ শত থেকে ৬ শত টাকা পর্যন্ত আয় করছি। তয় এহন আর ছাতি মেরামতের কাজে আগের মতো পয়সা নাই। এখন দিনে দুইশত থেকে ৩০০ টাকা পর্যন্ত পাই। খালি ছাতি মেরামত কইরা না, খালি গ্যাসলাইটে গ্যাস ভইরাও কিছু টাকা পাই। কিন্তু এই আয়েও সংসার চলে না। বাজারে সব কিছুর দাম বেশি। আমাগো মতোন গরিবের পক্ষে এতো দাম দিয়া কিন্না খাইতে কষ্ট অইয়া যায়। মাছ – গোশত তো চাইলেই জোডে না। হ্যার মধ্যে আবার মাস শ্যাসে ছেলেমেয়েদের পড়ার খরচ দেতে হয়। আমাগো সংসার এখন আল্লায় চালায়। এভাবেই কথাগুলো বলছিলেন ৬৫ উর্ধ্ব বয়সী আবুল হাসান। উপজেলার মহারাজপুর গ্রামের রাস্তার পাশে কাগজ বিছিয়ে ছাতা মেরামত করছিলেন তিনি। ভাঙা ছাতা ঠিক করেই সংসার চলে তার।

আবুল হাসান বলেন, বৃষ্টি হলেই ছাতা মেরামতের জন্য গ্রাহকের সংখ্যা বাড়ে। নতুবা তেমন একটা আয় হয় না। বৃষ্টি থাকলে এক জায়গাই বসে থাকলেই গ্রাহকের সংখ্যা বাড়তে থাকে দিনে ২০ থেকে ৩০ জন গ্রাহকের কাছ থেকে ৭/৮শত টাকা আয় করতে পারি। আর বৃষ্টি না হলে ছাতা মেরামতের জন্য মানুষের ঘরে ঘরে যেতে হয়। ৫০০ টাকাও আয় করতে পারি। বর্ষা মৌসুম মানুষ ছাতা মেরামত করতে আসলেও অন্য সময়ে তেমন একট আসে না। তাই বৃষ্টি হলে আমাদের একটু আয় বাড়ে।
আবুল হাসানের কাছে ছাতা মেরামত করতে আসা মরিয়মও ভাঙা ছাতা ঠিক করতে এসেছিলেন। তিনি জানান, বাসায় থাকায় তিনটি ছাতার মধ্যে দুটোই নষ্ট হওয়ায় ঠিক করতে নিয়ে এলাম। একটি শিক ঠিক করতে নিচ্ছেন ৪০ টাকা থেকে ৫০ টাকা। আর শিকের সাথে লাগানো কাপড় সেলাই করতে ১০ থেকে ২০ টাকা এবং ছাতার বিভিন্ন অংশ ঠিক করতে নিচ্ছেন ৬০ থেকে ৭০ টাকা। তবুও অনেক ভাল। কেননা এ মহুর্তে নতুন ছাতা কেনা সম্ভব না।

এক সময় হাট-বাজারে ছাতা মেরামত কারিগরদেও দেখা মিললেও এখন আর তেমন চোখে পড়ে না। চাহিদা না থাকায় অনেকেই ছেড়ে দিয়েছেন এই আদি পেশা। অনেকে আবার ছাতা মেরামত করার পাশাপাশি একই সঙ্গে অন্য পেশায় যুক্ত হয়েছেন। কালের বিবর্তনে কমছে এ পেশায় লোকজনের সংখ্যা।

ছাতা মেরামত কারিগর বলেন, এক সময় মানুষ প্রচুর পরিমাণে ছাতা ব্যবহার করতো। কিন্তু এখন মানুষ আর আগের মতো ছাতা ব্যবহার করে না। আগে মানুষ পায়ে হেঁটে বেশি যাতায়াত করতো। তাই রোদ বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাতা ছিল তাদের একমাত্র সম্বল। কিন্তু মানুষ এখন গাড়িতে চড়ে বেশি যাতায়াত করে। তাই রোদ বৃষ্টি থেকে বাঁচতে গাড়ীর মধ্যে আর ছাতা প্রয়োজন হয় না। তাই এখন খুব কম মানুষই ছাতা ব্যবহার করে। এছাড়া ওয়ান টাইম ইউজ চায়না ছাতা বের হয়েছে দামে খুব কম। ছাতা নষ্ট হলে মানুষ এখন ফেলে দেয়, আর ঠিক করে না। তাছাড়া মানুষের আয় এখন বেড়েছে তাই ছাতা নষ্ট হয়ে গেলে তারা ফেলে দেয়, ঠিক করে না। ছাতার বাজার চায়না ও ভারতের দখলে গেছে । তাই কাঠের ছাতার কারিগরদের দুর্দিন চলছে।
ছাতা মেরামতকারী মুসা বলেন, বর্তমানে ছাতা মেরামত করে আমার আয় সামান্য। ছাতার শিক লাগাই। কাপড় সেট করি। এছাড়া সাধারণ মানুষ ছাতা মেরামতের জন্য নিয়ে আসেন। তাদের ছাতা মেরামত করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আয় হয়। এ টাকায় সংসার চলে না। পিতৃ পুরুষের এ পেশা ছাড়তেও পারি না।
আক্ষেপের সুরে আঃ রহিম বলেন, হুনছি সরকার বয়স্ক মানুষের বয়স্ক ভাতা দেয়, চাউল দেয়। কিন্তু আমাগো ভাগ্যে হেডাও জোডে না। রাস্তার পাশে বইয়া ছাতি সারাই করে চলছে সংসার। মেয়ে বিয়ে দিছি, সে শশুর বাড়ী থাহে। একমাত্র ছেলে খুলনায় অটোরিকসা চালায়। কিন্তু আমাগো খোঁজ খবর লয় না। তার পরেও চাই স্ত্রী সন্তান নিয়ে হ্যারা ভাল থাকুক। আমাগো তো দিন শ্যাস এহন শান্তিতে মরতে পারইে হয়।
শুধু রহিম নন, তার মতো আরো অনেকেই সংগ্রাম করে জীবন যুদ্ধে টিকে আছেন। কিন্তু এসব মানুষের খোঁজ নেয়ার সদিচ্ছাও দেখান না কেউ।

বাগেরহাটে তামার তারসহ চোর চক্রের ৪ সদস্য আটক
বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প¬ান্টের তামার তারসহ চোর চক্রের চার সদস্যকে আটক করেছে রামপাল থানা পুলিশ। আটককৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার ভট্টকনকপুর এলাকার মৃত আবু সাঈদ খানের ছেলে মোঃ জব্বার খান(৪০), ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন শেখের ছেলে মিঠু শেখ (৩৫), রামপাল উপজেলার বর্ণি এলাকার মৃত কেরামত আলী শেখের ছেলে মোঃ রাজু শেখ (৪০) ও ফকিরহাট উপজেলার ভবনা এলাকার আঃ রশিদ শেখের ছেলে আঃ রহমান শেখ (৩০)।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে আটক আসামিদের একটি মামলা রজু পূর্বক আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস।
রামপাল থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় উপজেলার কাপাশডাংগা এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তার চুরি করে এনে, পাচারের জন্য অপেক্ষা করছে একটি চোর চক্র। এ খবর পেয়ে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় সোহানুর রহমানের বসত বাড়ির সামনে কালভার্টের উপরে অভিযান পরিচালনা করে ওই চারজনকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে ছোট বড় বিভিন্ন সাইজের কভারযুক্ত ৪৮০(চারশত আশি) কেজি তামার তার যার মূল্য ৫ লক্ষ ৭৬ হাজার টাকা, তার চুরির কাজে ব্যবহৃত দুইটি ব্যাটারি চালিত ভ্যান গাড়িসহ তাদের আটক করে। ওসি সোমেন দাস আরো জানান, চক্রটি দীর্ঘদিন তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে তার চুরি করে পাচার করে। গতরাতে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

ফকিরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ মোহম্মদ আলী কবির মল্লিকের ইন্তেকাল
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের মানসা বাহিরদিয়া ইউনিয়নের গাবাখালী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মোহম্মদ আলী কবির মল্লিক ইন্নেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন) শনিবার (১৩ জুন) সকালে তিনি লালচন্দ্রপুর গ্রামের নিজ বাসভবনে ইন্নেকাল করেন। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫বছর। তিনি উক্ত গ্রামের মরহুম ফাজেল আহম্মেদ মল্লিকের পুত্র। মুত্যুকালে তিনি স্ত্রী ২কন্যা ও ১পুত্র সহ অসংখ্যা আত্নীয় স্বজন রেখে গেছেন। তার জানাযার নামাজ বিকেল ৫টায় বড়বাড়িয়া-লালচন্দ্রপুর দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। তিনি বড়বাড়িয়া-লালচন্দ্রপুর দাখিল মাদ্রাসার প্রতিষ্টাতা ও গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তার মূত্যুতে এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে আসে। ##

খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের প্রার্থনা সভা
খবর বিজ্ঞপ্তি
গত ৭ জুলাই রবিবার বগুড়ার সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় ইসকন মন্দিরের উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রায় দুর্ঘটনাজনিত কারণে বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের পারলৌকিক আত্মার শান্তি ও আহতদের আশু সুস্থতায় কামনায় খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে খুলনার শ্রীশ্রী শীলতবাড়ী মন্দির প্রাঙ্গণে ১৩ জুলাই ২০২৪ শনিবার সকাল ১১টায় মন্দিরের প্রধান পুরোহিত রণজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রার্থনা সভায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। প্রার্থনা সভায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন পূজা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, খুলনা জেলা পূজা পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য কৃষ্ণ পদ দাশ, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা, সহ-সভাপতি অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. তমাল কান্তি ঘোষ, অনিমেষ সরকার রিণ্টু, শীতলাবাড়ী মন্দির কমিটির সভাপতি শ্যামা প্রসাদ কর্মকার, কোষাধ্যক্ষ বিভূতি ভূষণ সাহা, সাংগঠনিক সম্পাদক অমিতাভ ঘোষ, দপ্তর সম্পাদক সুমন দাস, খুলনা জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার রায়, ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার রাহুল, জেলা পূজা পরিষদের উপদেষ্টা বাবুল চন্দ্র সাহা বাবলা, বিধান চন্দ্র রায়, বিজন বিশ্বাস, মাধুরী মণ্ডল, শিক্ষা বিষয়ক সম্পাদক বিমান রায়, মহিলা সম্পাদিকা শোভা রানী হালদার, সহ-পূজা বিষয়ক সম্পাদক দীপংকর সাহা বাবু, সম্মানিত সদস্য এ্যাড. পংকজ কুমার সাহা, নিত্যানন্দ সাহা নিতাই, শংকর সাহা, মিঠুন কুমার দে মিঠু, রঞ্জন কুমার সাহা, বাপ্পী সরকার, জয়দেব কুমার দাস, চন্দন সরকার প্রমুখ নেতৃবৃন্দ।

খুলনা স্টেডিয়ামে ‘অলিম্পিক ডে’ র্যালী অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল ১৩ জুলাই ২০২৪ তারিখ শনিবার সকাল ৭:৩০ মিনিটে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খুলনা জেলা স্টেডিয়ামে ‘অলিম্পিক ডে’ র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকত। অলিম্পিক পতাকা উত্তোলন করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মীর আলিফ রেজা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ। খুলনা স্টেডিয়াম হতে অলিম্পিক ডে’র বর্ণাঢ্য র্যালী নগরীর বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে পিকচার প্যালেস মোড় ও থানার মোড় ঘুরে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়। র্যালীতে অংশগ্রহণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুনসুর আজাদ, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, যুগ্ম সম্পাদক হাসান জহির মুকুল, খুলনা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতালেব মিয়া, যুগ্ম সম্পাদক জি এম রেজাউল ইসলাম, বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য নাজমুল ইসলাম, পারভীন রহমান, ইমতিয়াজ হোসেন পিলু, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত দ্রুততম মানবী সুলতানা পারভীন লাভলী, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন, মহিলা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদিকা নাহিদা রহমান, বিভাগীয় ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ফিরোজা বানু, সুইমিং কোচ শারমীন আক্তার রুপা, হেমায়েত উল্লাহ, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় সেলিম আহমেদ, ক্রিকেট খেলোয়াড় ঝুমুর আক্তারসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ।

মাতৃভাষা গণগ্রন্থাগারের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহরে মহেশপুর উপজেলার মান্দাড়বাড়িয়া ইউপির কালুহুদা গ্রামে ২০০১ সালের ১৩ জুলাই জন্মলাভ করা মাতৃভাষা গণগ্রন্থাগার নামে এই বাতিঘর হাটি হাটি পা পা করে ২৩ তম বর্ষ অতিবাহিত করেছে। শিশু প্রতিষ্টানটি আজ মনে হচ্ছে যৌবনে পদার্পণ করছে।
শনিবার(১৩ জুলাই) সকালে মাতৃভাষা গণগ্রন্থাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণি শিক্ষক সম্মাননা, আনন্দ শোভাযাত্রা ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
মাতৃভাষা গণগ্রন্থাগারে হলরুমে গণগ্রন্থগারের প্রতিষ্ঠাতা সভাপতি এম,কে টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থি ছিলেন, ঝিনাইদহ জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপ-পরিচালক দীপক সাহা, যশোর ড. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সহকারী অধ্যাপক ড. ওয়াহেদুল ইসলাম, প্রভাষক নিখিল পাল, রিপন,শাহিনুর রহমান,হারুন অর রশিদ,আসিফসহ মাতৃভাষা গণগ্রন্থাগারের সকল সদস্য ও গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এলাকার স্বনামধন্য ৪ জন, ওয়ালিউল ইসলাম (‘মরণোত্তর’), প্রফেসর মোহাম্মদ হানিফ,মোঃ তবিবর রহমান ও মোঃ মাসুদুর রহমানকে গুণি শিক্ষক সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্যঃ ২০০১ সালে প্রতিষ্ঠিত মাতৃভাষা গণগ্রন্থাগারে বর্তমানে গ্রন্থ সংখ্যা প্রায় ৭০০০।

ইন্দুরকানীতে ৩৫ বছর পালিয়ে থাকা ৯ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীর ৩৫ বছর পালিয়ে থাকা ৯ বছরের সাঁজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ জনাব মোঃ কামরুজ্জামান তালুকদার এর দিকনির্দেশনায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে ইন্দুরকানী থানার এস আই আব্দুল জলিল ও এএসআই মোঃ মনসুর আলম পরোয়ানা মূলে খুলনার রুপসা এলাকার টুথপাড়া থেকে গ্রেফতার করেন। সাঁজাপ্রাপ্ত আসামী আব্দুল হাকিম মাতুব্বর (৭০) উপজেলার বালিপাড়া গ্রামের মৃত সোহরাফ মাতুব্বরের ছেলে। তিনি ১৯৮৭ সাল হতে খুলনার রূপসার টুথপাড়া এলাকায় ৩৫ বছর আত্মগোপনে ছিলেন।
উল্লেখ্য, ইন্দুরকানী থানার মামলা নং জিআর ১২১/৮৭, ধারা ৩০৭ /৩১৩ পেনাল কোড, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিরোজপুর, ২০০৪ সালে তাকে নয় বছরে সাঁজা প্রদান করেন।
ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে ৩৫ বছর পালিয়ে থাকা ৯ বছরের সাঁজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।