ক্রীড়া প্রতিবেদক
কোরবানির ঈদের বিরতির পর আবারও সরব হচ্ছে ক্রিকেটাঙ্গন। আজ শনিবার থেকে একক অনুশীলনে ফিরছেন জাতীয় ক্রিকেটাররা। করোনাকাল হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেঁধে দেওয়া সূচিতেই অনুশীলনে নামবেন তারা। আগে যারা অনুশীলন শুরু করেননি, এই তালিকায় এবার তাদের নামও যোগ হয়েছে।
প্রথম পর্বের অনুশীলনে মাহমুদউল্লাহ ছিলেন না। এতদিন ঘরোয়াভাবেই সব কিছু করেছেন। বুধবার ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনে ফিরলেও আজ থেকে তিনি অনুশীলনে নামছেন বিসিবির অধীনে। মাহমুদউল্লাহ রিয়াদ অনুশীলন করবেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। তার মতো নতুনদের তালিকায় রয়েছেন মুমিনুল হক, সাব্বির রহমান, সাদমান ইসলাম, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব। এরা সবাই মুশফিকুর রহিমের মতো মিরপুরেই অনুশীলন করবেন। বিসিবির দেওয়া সূচি অনুযায়ী আজ সবার আগে মাঠে নামবেন মুশফিক। প্রথম পর্বে অনুশীলন শুরু করা ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ মেহেদী হাসান রানা ও শফিউলও রয়েছেন এই তালিকায়। এছাড়া বাকি ভেন্যু যেমন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করবেন স্পিনিং অলরাউন্ডডার মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসান। উইকেটকিপার নুরুল হাসান সোহানও তাদের সঙ্গে যোগ দেবেন। সিলেট স্টেডিয়ামে অনুশীলন করবেন আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদরা।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের তালিকায় যাদের নাম রয়েছে এরা হলেন- নাঈম হাসান, ইয়াসির আলী রাব্বি ও ইরফান শুক্কুর। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলন করবেন নাজমুল শান্ত ও সানজামুল ইসলাম। সব ভেন্যুতেই অনুশীলন হবে বিসিবির তত্ত্বাবধানে।
লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করলো পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
বড় লিড দেওয়ার লক্ষ্যে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংস শুরু করেছে পাকিস্তান। ইংল্যান্ডে বিপক্ষে এখন পযর্ন্ত ১১৫ রানের লিড নিয়েছে সফরকারীরা। এই প্রতিবেদন লেখা পযর্ন্ত ৫.৫ ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৮ রান জমা করেছে পাকিস্তান। ব্যাটিংয়ে আছেন আবিদ আলী (৩) ও অধিনায়ক আজহার আলী (০)।
এর আগে ওপেনার শান মাসুদের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তান প্রথম ইনিংসে করে ৩২৬ রান। প্রথম ইনিংসে ১৫৬ রান করে তিনি এলবিডব্লিউর শিকার হয়েছিলেন স্টুয়ার্ট ব্রডের। এবারও মাসুদকে (০) ফেরালেন ইংলিশ পেসার। গতকাল শুক্রবার তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ম্যানচেস্টারে তৃতীয় দিন শুরু করে বেশ ভালোভাবেই এগোচ্ছিল ইংল্যান্ড। কিন্তু স্বাগতিকরা দলীয় ১২৭ রানে নিজেদের পঞ্চম উইকেট হিসেবে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান জস বাটলারকে (৩৮) হারায়। এরপর ওলি পোপ ফিফটি তোলে নিয়ে চেষ্টা করেন দলের বিপর্যয় সামাল দিতে। তবে ব্যক্তিগত ৬২ রানে তিনি ফেরেন নাসিম শাহর বলে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭০.৩ ওভারে প্রথম ইনিংসে দলীয় ২১৯ রানে থামে ইংল্যান্ড। ইংলিশরা তৃতীয়দিন শুরু করেছিল ৪ উইকেটে ৯২ রান নিয়ে। পাকিস্তানের হয়ে ১৮ ওভারে ৬৬ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন স্পিনার ইয়াসির শাহ। দু’টি করে উইকেট নিয়েছেন নাসিম ও মোহাম্মদ আব্বাস।
দ্বিতীয় দিনে ৯২ রানে ইংল্যান্ডের ৪ উইকেট তুলে নেয় সফরকারীরা। শুরুতে ২ উইকেটে ১৩৯ রান নিয়ে খেলা শুরু করেছিল পাকিস্তান। কিন্তু সূচনাতেই তারা হারিয়ে বসে আগের দিন আলো ছড়ানো বাবর আজমের উইকেট। ৬৯ রানের সঙ্গে আর কোনও রান যোগ করতে পারেননি। অ্যান্ডারসনের বলে কট বিহাইন্ড হয়েছেন। এরপর দ্রুত আরও দুই উইকেটের পতন হলে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল পাকিস্তান। তবে অপর প্রান্ত আগলে দলকে উদ্ধার করেছেন ওপেনার শান মাসুদ। তার দৃঢ়তাতেই পাকিস্তান সমৃদ্ধ স্কোরবোর্ড পেয়েছে। শান মাসুদকে সঙ্গ দিয়েছেন শাদাব খান। তিনি ৪৫ রানে ফিরলে ভেঙেছে ১০৫ রানের জুটি। পরে যোগ্য সঙ্গী না পেলেও খানিক্ষণ লড়াই চালিয়ে যেতে থাকেন মাসুদ। কিন্তু ব্রডের বলেই বিদায় নিতে হয়েছে ব্যক্তিগত ১৫৬ রান করে। তার বিদায়ের পর বেশিক্ষণ টেকেনি পাকিস্তানের ইনিংস। ৩২৬ রানেই শেষ হয়। ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নেয় আর্চার ও ব্রড। দুটি নিয়েছেন ক্রিস ওকস।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কায় যাবে ক্রিকেট দল
ক্রীড়া প্রতিবেদক
সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে করোনাকালে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তবে বিসিবি নিজেদের কাজ গুছিয়ে রাখার কাজে ঠিকই মনোযোগ দিচ্ছে। শ্রীলঙ্কায় সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সফরের ক্রিকেট সূচি ঠিকঠাক করছে।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও রাজি। তবে এখনো এই সফরের জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সেদেশের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ঠিক তাই। বিসিবি এই সফরে সূচি থেকে শুরু বিমান যাত্রার দিনক্ষণও সুনির্দিষ্ট করছে। তবে করোনাকালের এই সময়টায় ক্রিকেট দলের বিদেশ সফরের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকেও আনুষ্ঠানিক একটা সিদ্ধান্ত পেতে হবে বিসিবি’কে। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের তিন টেস্ট ম্যাচ খেলার সূচি ছিল জুলাই-আগস্টে। করোনা মহামারীর কারণে সেই সফর এবং সূচি স্থগিত হয়ে আছে। আইসিসি’র টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবেই শ্রীলঙ্কার বিপক্ষে এই তিনটি টেস্ট খেলার কথা বাংলাদেশের।
সহকারী কোচসহ ১৮ ফুটবলার আক্রান্ত
ক্রীড়া প্রতিবেদক
ক্যাম্পে যোগ দেয়ার জন্য প্রথম দুই দিনে রিপোর্ট করা ২৪ ফুটবলারের মধ্যে ১১ জনের করোনা পজিটিভ হয়েছিল। তাদের বাদ দিয়ে ১৩ ফুটবলার এবং দুই স্থানীয় সহকারী কোচ, ফিজিওসহ ২২ জন উঠেছিলেন গাজীপুরের সারা রিসোর্টে। যেখানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প করা হয়েছে। তবে জাতীয় দলের জন্য নতুন দুঃসংবাদ হলো প্রথম দিন ক্যাম্পে ওঠা ৮ ফুটবলারের মধ্যে ৭ জনের দেহেই করোনা ভাইরাস আছে বলে জানা গেছে। এ নিয়ে প্রথম দুই দিনের ২৪ ফুটবলারের মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ হলো।
জানা গেছে, বাফুফে যে খেলোয়াড়দের করোনা পরীক্ষা করিয়েছিল তাদের মধ্যে যাদের রিপোর্ট পজিটিভ তাদের নামগুলো হাসপাতাল থেকে জানানো হয়েছিল। বাকিরা নেগেটিভ ধরেই তাদের নিয়ে যাওয়া হয়েছে গাজীপুরের সারা রিসোর্টে। কিন্তু বাফুফে গতকাল শুক্রবার জানতে পারে প্রথম দিন ক্যাম্পে ওঠা ৮ ফুটবলারের মধ্যে ৭ জনেরই করোনা পজিটিভ। ক্যাম্পে নেয়ার পর যে ৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ জানতে পেরেছে বাফুফে। তারা হলেন ফয়সাল আহমেদ ফাহিম, মানিক হোসেন মোল্লা, মনজুরুর রহমান মানিক, মোহাম্মদ আবদুল্লাহ, ইয়াসিন আরাফাত, বিপলু আহমেদ ও মাহবুবুর রহমান সুফিল। প্রথম দিনে ক্যাম্পে ওঠা কেবল পাপ্পু হোসেন থাকলেন করোনামুক্ত। দুই স্থানীয় সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী ও মাসুদ পারভেজ কায়সার এবং ফিজিওসহ ৯ জন অফিসিয়ালও উঠেছিলেন ক্যাম্পে। তাদের মধ্যে সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারের করোনা পজিটিভ হয়েছে।
পাকিস্তানে ক্রিকেট ম্যাচে এলোপাতাড়ি গুলি
ক্রীড়া প্রতিবেদক
ফের সন্ত্রাসী হামলার শিকার হলো পাকিস্তান ক্রিকেট। করোনাভাইরাসের লকডাউন শিথিল হওয়ার পর খেলাধুলা চালু হলেও, ক্রিকেট মাঠেই সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি সব যেন আবার ওলটপালট করে দিলো।
২০০৯ সালের শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলোয়াড়দের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে এখনও পাকিস্তানের মাটিতে স্বাভাবিক হয়নি আন্তর্জাতিক ক্রিকেট। তবু গত কয়েকবছরে বেশ গুছিয়ে এনেছিল দেশটির ক্রিকেট বোর্ড ও সরকার। এরই মধ্যে এলো আরেকটি সন্ত্রাসী হামলার খবর। তবে কোনো আন্তর্জাতিক ম্যাচ নয়। বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট বিভাগের ওরাকজাই জেলার দ্রাদার মামাজাই অঞ্চলে আমন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে এলোপাতাড়ি গুলি করেছে সন্ত্রাসীরা। সৌভাগ্যবশত মাঠে থাকা কারও তেমন কোন ক্ষতি হয়নি।
সুখবর দিয়ে শুরু সিপিএলের আনুষ্ঠানিকতা
ক্রীড়া প্রতিবেদক
আগামী ১৮ আগস্ট থেকে ত্রিনিদাদ এন্ড টোবাগোতে বসবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) অষ্টম আসর। কিন্তু এর আগে আছে আবার ১৪ দিনের কোয়ারেন্টাইন। ফলে বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গেলো এবারের সিপিএল শুরুর কার্যক্রম।
আর শুরুতেই দারুণ এক সুখবর পেয়েছে সিপিএল আয়োজকরা। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, টিম ম্যানেজম্যান্ট এবং সংগঠকসহ সংশ্লিষ্ট মোট ১৬২ জনের সবাই করোনা নেগেটিভ অর্থাৎ বায়ো সিকিউর বাবল তৈরিতে প্রস্তুত সিপিএল। ত্রিনিদাদ এন্ড টোবাগোর দুইটি ভেন্যুতে হবে পুরো টুর্নামেন্ট। আসরের ৩৩টি ম্যাচের মধ্যে সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ২৩টি ম্যাচ হবে তারুবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। বাকি ১০ ম্যাচ আয়োজন করবে পোর্টস অব স্পেইনের কুইনস পার্ক ওভাল।
ইংল্যান্ডের ভারত সফরও স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
আইপিএলের কারণে অনেক দ্বিপাক্ষিক সিরিজের সূচি-ই প্রভাবিত হচ্ছে। সর্বশেষ স্থগিত করা হলো ইংল্যান্ডের ভারত সফরও। সফরটি আপাতত ২০২১ সালের গোড়ার দিক পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
ইংল্যান্ডের ভারত সফর করার কথা ছিল সেপ্টেম্বরে। সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ছিল। কিন্তু একই সময়ে আইপিএলেরও সূচি থাকায় সিরিজটি বাতিলই করতে হয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে বিলম্বেই হয়তো সিরিজটি অনুষ্ঠিত হতে পারে। ধারণা করা হচ্ছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হতে যাওয়া টেস্ট সফরেই সীমিত ওভারের ম্যাচগুলো হতে পারে। সেই সফরে ৫টি টেস্ট হওয়ার কথা।
স্থগিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছালো দুই বছর
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করেছিল আইসিসি। তিন সপ্তাহ আগে অনুষ্টিত সে সভা শেষে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিন বছরে টানা তিন বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল আইসিসি।
তারমধ্যে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু হিসেবে ভারত ছিল সুনিশ্চিত। তবে ২০২১ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিশ্চিত করেনি আইসিসি। অবশেষে গতকাল বৃহস্পতিবার এক বৈঠক শেষে সে বিষয়ও নিশ্চিত করলো ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। যেখানে জানানো হয়েছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্বের সূচি অনুযায়ী ভারতেই হবে। ২০২২ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরটি বসবে ট্রান্স-তাসমান প্রদেশে অস্ট্রেলিয়াতে। অর্থাৎ, চলতি বছর স্থগিত হওয়া কুড়ি ওভার ফরম্যাটের বিশ্বকাপটি চলে যাচ্ছে ২০২২ সালে।
পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ বাতিল
ক্রীড়া প্রতিবেদক
ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ এর বাছাই পর্বের তিনটি ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের। কিন্তু ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এই সফর বাতিল করার কথা ভাবছে। শেষ পর্যন্ত এটি যদি না হয় তাহলে ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চের আগে আর হবে না।
সম্প্রতি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর গ্রায়েম স্মিথ জানিয়েছেন যে তাদের খেলোয়াড়রা নভেম্বরের আগে ফ্রি হবে না। কারণ, তারা জাতীয় দলের চেয়ে আইপিএলে খেলতে বেশি সাচ্ছন্দবোধ করে। তাছাড়া যেহেতু তারা এই সিরিজের আয়োজক তাই তাদের হাতে ক্ষমতা রয়েছে এটি স্থগিত কিংবা বাতিল করার।
কোয়ার্টার ফাইনালে কোপেনহেগেনকে পেল ম্যানইউ
ক্রীড়া প্রতিবেদক
উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরের মাঠে তারা ২-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়ান কাব এলএএসকে লিঞ্জকে।
প্রথম লেগে হারিয়েছিল ৫-০ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে রেডি ডেভিলসরা জয় পেল ৭-১ গোলের বড় ব্যবধানে। অবশ্য দ্বিতীয় লেগে ঘরের মাঠে তারা সেরা খেলাটা উপহার দিতে পারেনি। ম্যাচের প্রথমার্ধে জালের নাগাল পায়নি ওলে গুনার শুলসারের শিষ্যরা। উল্টো ৫৫ মিনিটে গোল হজম করে বসে। লিঞ্জের ফিলিপ ওয়েসিঙ্গার গোল করে এগিয়ে নেন অস্ট্রিয়ান কাবটিকে। কিন্তু তারা বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি লিঞ্জ। ৫৭ মিনিটে ম্যানইউর জেসে লিনগার্ড গোল করে সমতা ফেরান। আর ৮৮ মিনিটে অ্যান্থনি মার্শাল গোল করে জয় নিশ্চিত করেন। সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে সোমবার ডেনমার্কের কাব এফসি কোপেনহেগেনের মুখোমুখি হবে ম্যানইউ। শেষ ষোলোর দ্বিতীয় লেগে ড্যানিশ কাব কোপেনহেগেন তুরস্কের কাব ইস্তানবুল বাসাকসেহিরকে হারিয়েছে ৩-০ গোলে। প্রথম লেগে তুরস্কের কাবটির কাছে ১-০ গোলে হেরেছিল কোপেনহেগেন। দুই লেগ মিলিয়ে তারা জয় পেয়েছে ৩-১ গোলে।
৫ বদলির নিয়ম থেকে সরে এলো ইপিএল
ক্রীড়া প্রতিবেদক
লকডাউন পরবর্তী সময় স্বল্পদিনের মধ্যে ঘন ঘন ম্যাচ খেলতে হয়েছিল দলগুলোকে। স্বাভাবিকভাবেই ফুটবলারদের চোটের কবলে পড়ার আশঙ্কা বেড়ে গিয়েছিল অনেকটাই। সেকথা মাথায় রেখেই করোনা আবহে ইংলিশ লিগে পাঁচ বদলির নিয়ম চালু হয়েছিল। ইউরোপের অন্য লিগও সেই পথে হেঁটেছিল। তবে নতুন মৌসুমে বদলে যাচ্ছে নিয়মটা। আগের মতোই আবার তিন বদলির নিয়মই থাকছে লিগে।
করোনাকালীন নিয়মানুসারে একটি ম্যাচে প্রত্যেক দল চাইলে তিনটি নয়; বরং সর্বোচ্চ পাঁচটি পরিবর্তন ব্যবহার করতে পারবে। তবে সিদ্ধান্ত কার্যকরের বিষয়টি সম্পূর্ণভাবে যে কোনও দেশের লিগ কমিটির হাতে ন্যস্ত থাকবে। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশনের সেই নিয়ম কার্যকর করেই লকডাউন পরবর্তী সময় লিগ শেষ করেছে ইংল্যান্ড, ইতালি, স্পেনের মতো ইউরোপের মেজর সকার লিগগুলো। সিদ্ধান্তটি ভীষণ সময়োপযোগী বলে বিবেচিত হয়েছিল বিভিন্ন দেশের ফুটবল গভর্নিং বডিগুলোর কাছে।
ওয়াইল্ডকার্ড নিয়ে ইউএস ওপেনে মারে
ক্রীড়া প্রতিবেদক
ইউএস ওপেনে খেলবেন না রাফায়েল নাদাল। করোনা ঝুঁকি ও দীর্ঘ ভ্রমণের ঝামেলার জন্য বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন স্প্যানিশ এ সুপারস্টার। তবে নিউইয়র্কের এ টুর্নামেন্টে ঠিকই খেলবেন অ্যান্ডি মারে। ব্রিটিশ এ টেনিস তারকা আসরে অংশ নিবেন ওয়াইল্ডকার্ড নিয়ে।
২০১৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম আসরে খেলবেন সাবেক নাম্বার ওয়ান তারকা মারে। বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের ১২৯তম স্থানে রয়েছেন এখন মারে। নিয়ম অনুযায়ী টুর্নামেন্টে সরাসরি অংশগ্রহণের জন্য র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে আছেন তিন গ্র্যান্ড স্লামের মালিক। তাই ওয়াইল্ডকার্ড নিয়ে খেলতে হচ্ছে ২০১২ সালের এ ইউএস ওপেন জয়ীকে। ইউএস ওপেন শুরু হবে ৩১ আগস্ট থেকে। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর পর এটাই বিশ্বের প্রথম গ্র্যান্ড স্ল্যাম আসর। কঠোর স্বাস্থ্যবিধি মেনে ফাশিং মিডোসে টুর্নামেন্ট হবে দর্শক শূন্য স্টেডিয়ামে।
কোচ হয়ে শৈশবের কাবে ফিরলেন ফনপার্সি
ক্রীড়া প্রতিবেদক
বাল্যকালের কাব ফেয়েনুর্দে খেলেই অবসরে চলে গেছেন রবিন ফনপার্সি। ২০১৯ সালে ফুটবল থেকে বিদায় নিয়ে এতদিন বসেই ছিলেন। ফের শৈশবের কাবটিতেই ফিরলেন আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এ তারকা স্ট্রাইকার। কাব ফেয়েনুর্দে ফিরলেন কোচ হয়ে।
ডাচ কাবটিতে ফন পার্সি সর্বশেষ খেলেন ২০১৮-১৯ মৌসুমে। ৩৭ বছরের সাবেক এ ফুটবল সুপারস্টার দলকে সামনে এগিয়ে নিতে কাজ করবেন এখন প্রধান কোচ ডিক অ্যাডভোক্যাটের অধীনে। নেদারল্যান্ডসের হয়ে ফনপার্সি খেলেন ১০২টি ম্যাচ। গোল করেন ৫০টি। আর দুই স্পেলে ফেয়েনুর্দের হয়ে ডাচ লিগ এরেডিভিসিয়ে ৯৮ ম্যাচ খেলে পান ৩৫টি গোলের দেখা। গত বছর খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর থেকে ইংল্যান্ডের গণমাধ্যমে কাজ করছিলেন ফনপার্সি।










































