Home আঞ্চলিক প্রতারণা মামলায় শের আলম সান্টু কারাগারে

প্রতারণা মামলায় শের আলম সান্টু কারাগারে

198


স্টাফ রিপোর্টার।।
প্রতারণার অভিযোগে করা মামলায় খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শের আলম সান্টুকে (৫৫) জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (৯জুলাই) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (আমলি আদালত-২) বিচারক আল আমিন এ আদেশ দেন। এর আগে মৌলভীপাড়ার ৮২, সুলতান আহমেদ রোডের বাসিন্দা আহসান-উল-কবীর বাদী হয়ে শের আলম সান্টু ও আহম্মেদ সিরাজী রুবেল এর নামে গত ১৯ মে ২০২৪ তারিখে সিআর-৬৯/২৪ মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও বাদীর সাথে কথা বলে জানা যায়, আসামী শের আলম সান্টুর সাথে বাদীর সুসম্পর্ক থাকায় আসামীর নিকট থেকে বাদী টাকা গ্রহণ করে। বাদী ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি ৬ লাখ টাকার চেক প্রদান করেন। পরবর্তীতে আসামী উক্ত টাকা দাবী করে বাদীকে উকিল নোটিশ ডাক রেজিস্ট্রি যোগে প্রেরণ করে।

বাদী উক্ত উকিল নোটিশ পেয়ে আসামীর সহিত আলাপ আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করেন এবং আসামীকে মূল টাকা এবং কিছু ক্ষতিপূরণ সহ মোট ৮লাখ টাকা দুইটি চেকের মাধ্যমে পরিশোধ করেন। কিন্তু আসামী শের আলম সান্টুর নিকট থাকা বাদীর চেকটি ফেরৎ চাইলে চেকটি হারিয়ে গেছে বলে জানান এবং ফেরৎ প্রদান করেনি। আসামী শের আলম সান্টু ও আহম্মেদ সিরাজী রুবেল (৩৩) পূর্ব পরিকল্পনা অনুযায়ী অবৈধ লাভের আশায় উক্ত চেকটি পুনরায় ব্যাংক থেকে গোপনে ডিসঅনার করে পুনরায় ৬লাখ টাকার দাবীতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। আসামীগণ একই চেক দুইবার ব্যবহার করে প্রতারনার মাধ্যমে টাকা আত্মসাৎ করার জন্য এবং চেকটি পূর্বে হারিয়ে গেছে বলে বাদীর সরলতার সুযোগ নিয়ে বিশ্বাস স্থাপন করে কৌশলে উক্ত মামলাটি দায়ের করে। গত ১৬ মে’২৪ তারিখ গল্লামারী বাজারের ভিতরে বিকালে আসামী সান্টুর সাথে বাদীর দেখা হলে বাদী ঘটনা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করলে আসামী শের আলম সান্টু বাদীকে বাড়াবাড়ি করলে তার ফল ভাল হবে না বলে হুমকি দেয়। এ ব্যাপারে বাদী মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে লবনচরা থানায় তদন্তে পাঠান।

লবনচরা থানার এসআই ঘটনার সত্যতা মিলেছে মর্মে গত ১৬ জুন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করলে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ারা জারি করেন। বাদীর আইনজীবী এড. শেখ ফিরোজ আহমেদ জানান, আসামী শের আলম সান্টু সোমবার আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জু করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন।