ঢাকা অফিস।।
ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের শুরু থেকেই বারবার সামনে আসছে সন্দেহভাজন প্রধান পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের নাম।
এ ঘটনায় ৭ জন গ্রেফতারের পর থেকেই নানা চাঞ্চল্যকর তথ্য পাচ্ছেন গোয়েন্দরা, যা দুইয়ে দুইয়ে মেলালে দেখা যাচ্ছে শাহীনই এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।
গত ১৩ জুন কলকাতার নিউটাউনের সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাটে পাওয়া যায় এমপি আনারের মরদেহ। সেই থেকেই ধীরে ধীরে সামনে আসছে রহস্যে ঘেরা এ হত্যাকাণ্ডের লোমহর্ষক সব তথ্য।
হত্যার পর এমপি আনারের লাশ টুকরো টুকরো করে ফেলা হয় বলে তথ্য কলকাতা পুলিশের। এর নেপথ্যে কাজ করা বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে দুই দেশে। এরপর থেকেই সামনে আসছে আক্তারুজ্জামান শাহীনের নাম। বলা হচ্ছে আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এই শাহীন।
পুলিশ বলছে, কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনে বাসা ভাড়া নেন শাহীন। সেখানে শিলাস্তিকে পরিচয় দেন স্ত্রী হিসেবে। বাংলাদেশ থেকে সঙ্গে নিয়ে যান শিমুল ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে। ভুয়া পরিচয় দিয়ে ফয়সাল এবং মোস্তাফিজের পাসপোর্ট ও ভিসা করিয়ে দেন শাহীন। দেন টিকিট ও হোটেল ভাড়ার ২০ হাজার টাকা।
অন্যদিকে সিয়ামকে নেপালে নিয়ে সেখান থেকে বিহার দিয়ে কলকাতা নিয়ে যান এই শাহীন। লাশ ফেলার জায়গাগুলোও তাকে নিয়েই রেকি করেন শাহীন। এমনকি ফয়সালকে ক্লোরোফর্মও কিনে দেন শাহীন নিজেই।
এমপি আনারকে হত্যা ও লাশ গুমের পর জড়িত সবাইকে বাংলাদেশে ফেরত যাওয়ার বিমান টিকিট কেটে দিয়ে সিয়ামকে নেপালে পাঠিয়ে দেন প্রধান পরিকল্পনাকারী শাহীন।
গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজীম।
২২ মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীভা গার্ডেন নামে ঐ আবাসিক ভবনে আনার খুন হয়েছেন। এ ঘটনায় ঐ দিনই ঢাকার শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।











































