মিলি রহমান।।
পুষ্টিগুণে ভরপুর ফল আনারস। অন্যদিকে, সুস্থ থাকতে গুরুত্বপূর্ণ অবদান রাখে দুধ। প্রচলিত ধারণা আছে দুধ ও আনারস একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়। এমনকি মারা যাওয়ার ঝুঁকির কথাও প্রচলিত আছে। আসলেই কি এটি সত্যি, নাকি কেবল মিথ। এ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি।
আনারস কেন খাবেন: আনারস ও এর গুণাগুণ নিয়ে নিশাত শারমিন নিশি বলেন, আনারসে ক্যালরির মাত্রা খুব কম পরিমাণে থাকে। প্রতি ১০০ গ্রাম আনারসে ৪০ থেকে ৫০ ক্যালরি পাওয়া যায়। এ ছাড়া ভিটামিন ‘বি’, ভিটামিন ‘সি’, রিবোফ্লাভিন, থায়ামিন, ফোলেট ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাঙ্গানিজ রয়েছে। এতে যথেষ্ট পরিমাণে ডায়েটারি ফাইবারও পাওয়া যায়।
এছাড়াও আনারসের উপকারিতা অনেক। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আনারস খেলে বেশ উপকার পাওয়া যায়। আবার আনারসের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে এবং ক্যানসারের ঝুঁকি কমায়। সাধারণত জ্বর, জন্ডিস এ ধরনের সমস্যায় লিভার খুব দুর্বল থাকে, মুখের রুচি কমে যায়। এসব ক্ষেত্রে আনারস বেশ উপকারী। এমনকি আর্থ্রাটিসের ঝুঁকি কমাতেও আনারসের বেশ ভূমিকা রয়েছে।
দুধের উপকারিতা: নিশাত শারমিন নিশি বলেন, দুধকে আদর্শ খাবার হিসেবে ধরা হয়। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস সবই রয়েছে। এ ছাড়া এতে আছে ক্যালসিয়াম, রিবোফ্লাভিন। প্রোটিনের সেরা উৎস হওয়ায় পেশি তৈরিতে সাহায্য করে দুধের প্রোটিন। আবার অনেকেই লো অ্যানার্জেটিক হয়ে থাকেন, শক্তির সেরা উৎস হিসেবে তাদের জন্য দুধ দারুণ পথ্য।
দুধ-আনারস একসঙ্গে খেলে কি বিষক্রিয়া হয়?
নিশাত শারমিন নিশি জানান, বৈজ্ঞানিকভাবে দুধ-আনারস একসঙ্গে খেলে সরাসরি ক্ষতি হওয়ার কথার কোনো প্রমাণ নেই। আনারস ভিটামিন ‘সি’ সমৃদ্ধ একটি ফল। সাধারণত ফল দিয়ে দুধ খুব কমই খাওয়া হয়, আর খেলেও সেটি মিষ্টি জাতীয় ফল হয়ে থাকে। কোনো টক জাতীয় খাবার দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় না।
যেহেতু দুধ দিয়ে আনারসের মতো টক জাতীয় খাবার খাওয়া হয় না, সেহেতু হজমেও অভ্যস্ত থাকে না পাকস্থলী। অনেকের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে। সেক্ষেত্রে অ্যাসিডিক এই খাবার খেয়ে বদহজম হতে পারে। তবে দুধের সঙ্গে আনারস খেলে বিষক্রিয়া হয় বা মৃত্যুঝুঁকি থাকে এমনটা বলার সুযোগ নেই বলেও জানিয়েছেন এই পুষ্টিবিদ।











































