যশোর অফিস।।
যশোরের চৌগাছার বাবা মহির ও মা আনোয়ারা হত্যা মামলায় ছেলে মিলন উদ্দিনকে মৃত্যুদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৭ম) আদালতের বিচারক জুয়েল অধিকারী এ আদেশ দেন।
রায় ঘোষণা শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের পেশকার শাহরিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আসামি মিলন উদ্দীন (৩২) উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। তিনি তার পিতা-মাতার কাছ থেকে টাকা নিয়ে সারা দিন ঘুরে বেড়াতেন। তাকে কাজকর্ম করার কথা বললেও তিনি শুনতেন না।
২০১৯ সালের ২৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তিনি তার পিতা মহির উদ্দীনের (৬২) কাছে হাত খরচের জন্য ২ হাজার টাকা চান। টাকা না দেওয়ায় মিলন ঘরে থাকা ধারালো গাছি দা দিয়ে পিতাকে কুপিয়ে জখম করে। এ সময় তার মা আনোয়ারা বেগম (৫৫) ঠেকাতে গেলে মিলন তাকেও কুপিয়ে জখম করে। এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে মহির ও আনোয়ারা ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় মিলনের বিরুদ্ধে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন তার ভাই হুমায়ুন কবির।










































