ক্রীড়া প্রতিবেদক
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ১৮ আগস্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর্দা উঠবে ১৯ সেপ্টেম্বর। প্রথমবার মাঠে গড়ানোর অপেক্ষায় লঙ্কান প্রিমিয়ার লিগ। দ্বীপরাষ্ট্রে ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টের যাত্রা শুরু হবে ২৮ আগষ্ট। করোনার প্রকোপ কাটিয়ে ফ্র্যাঞ্চাইজি এ লিগগুলো শুরু হচ্ছে। যেখানে অংশগ্রহণ করবে বিদেশি ক্রিকেটাররাও। এ বছরের শেষ প্রান্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের সূচি রয়েছে।
করোনার কারণে বঙ্গবন্ধু বিপিএলের পরবর্তী আসর কবে শুরু হতে পারে অবধারিতভাবে সেই প্রশ্নও তাই সামনে চলে আসে। এমন প্রশ্নের উত্তরে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যামান জালাল ইউনুস জানিয়েছেন, এখনো সামনের বিপিএল নিয়ে ভাবনার সময় আসেনি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেপ্টেম্বরে বিপিএলের অষ্টম আসর নিয়ে ভাবনা-চিন্তা করবে বিসিবি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত আসরের বিপিএল ছিল স্পেশাল। সেজন্য ২০১৯-২০ মৌসুমে সপ্তম বিপিএলের নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে। পরবর্তী সময়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা করেন, এখন থেকে প্রতিটি আসর হবে বঙ্গবন্ধু বিপিএল নামে।
বিপিএলের সপ্তম আসর মাঠে গড়িয়েছে ডিসেম্বর-জানুয়ারিতে। এবারও একই সময়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তবে এখনো এই নিয়ে কোনো চিন্তা-ভাবনা শুরু করেনি বিসিবি, এমনটা জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিরা প্রস্তুত কি না সেটা জানা জরুরী। আপাতত আগস্ট মাস যাক। সেপেটম্বরে আমরা চিন্তা-ভাবনা করবো। ডিসেম্বর-জানুয়ারিতে আমাদের স্লট আছে। সেখানে আমরা আয়োজনের চেষ্টা করবো।’
বিশ্বচ্যাম্পিয়নদের নাকানি চুবানি খাওয়াল আয়ারল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন। প্রতিপক্ষ আয়ারল্যান্ড গত বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। তবে এমন একটি দলকে বিশ্বকাপের মতো আসরে খেলতে না দেয়াটা যে কত বড় ভুল, সেটি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আইরিশরা।
বরাবরই তাদের জায়ান্ট কিলার বলা হয়। আইরিশদের এই কিলিং মেশিনে এবার ধরা পড়ল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। শুধু ধরা না, ইংলিশদের তাদেরই মাটিতে রীতিমত নাকানি চুবানি খাওয়াল অ্যান্ডি বালবির্নির দল। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল ইংল্যান্ড। তৃতীয় ম্যাচটিতেও স্বাগতিকদের জন্য সহজ জয় অপেক্ষা করছে প্রথম ইনিংস শেষে তেমনটাই মনে হয়েছিল। সাউদাম্পটনের অ্যাগাস বোলে যে ৩২৮ রানের বড় সংগ্রহই গড়েছিলেন ইয়ন মরগ্যানরা। কে জানতো, এই রানকেও মামুলি বানিয়ে ছাড়বে আয়ারল্যান্ড। হ্যাঁ, সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের চমকে দিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে আইরিশরা। ম্যাচটি তারা জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এটি অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয় নয় আইরিশদের। এর আগেও এবার এমন আপসেটের জন্ম দিয়েছিল তারা, ২০১১ বিশ্বকাপের মঞ্চে। ব্যাঙ্গালুরুতে কেভিন ও’ব্রায়েনের (৬৩ বলে ১১৩) অসাধ্য সাধনে ৩২৮ রান তাড়া করে ৩২৯ তুলেই জিতেছিল দলটি।
মঙ্গলবারের ম্যাচে ওই কেভিন ও’ব্রায়েনের ব্যাট থেকেই এসেছে জয়সূচক রানটি। ১৫ বলে ২১ রানে অপরাজিত থাকেন তিনি। সঙ্গে ২৬ বলে ২৯ রান করে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন হেরি টেক্টর। আয়ারল্যান্ডের এই দুর্দান্ত জয়ের ভিতটা অবশ্য গড়ে দিয়েছিলেন পল স্টার্লিং আর অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। ৫০ রানে প্রথম উইকেট হারানোর পর জোড়া সেঞ্চুরিতে দলকে টেনে নিয়ে যান তারা। দ্বিতীয় উইকেটে এই যুগল তুলেন ২১৪ রান। ১২৮ বলে ৯ বাউন্ডারি আর ৬ ছক্কায় ১৪২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে রানআউটের কবলে পড়েন স্টার্লিং। এরপর ১১২ বলে ১২ বাউন্ডারিতে ১১৩ রান করা বালবির্নিও ফিরে যান সাজঘরে। তবে ততক্ষণে জয়টা বলতে গেলে কাছে চলে এসেছে আইরিশদের। বাকি কাজটা সহজেই সেরেছেন ও’ব্রায়েন আর টেক্টর।
এর আগে টপ অর্ডারের ব্যর্থতার পরও ইয়ন মরগ্যানের দায়িত্বশীল এক সেঞ্চুরি আর লোয়ার অর্ডারে ডেভিড উইলি আর টম কুরানের ব্যাটিংয়ে ইনিংসের এক বল বাকি থাকতে ৩২৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। মরগ্যান ৮৪ বলে ১৫ চার আর ৪ ছক্কায় খেলেন ১০৬ রানের ইনিংস। এটি ছিল তার ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। ৪৪ রানের মাথায় ৩ উইকেট হারানো দলকে টেনে তুলতে টম ব্যান্টনকে নিয়ে ১৪৬ রানের জুটি গড়েন ইংলিশ দলপতি। ব্যান্টনের ব্যাট থেকে আসে ৫৮ রান। তারপরও ২১৬ রান তুলতে ৭ উইকেট হারিয়ে বসেছিল স্বাগতিকরা। উইলি আর কুরান মিলে সেই বিপদ সামলেছেন। অষ্টম উইকেটে ৭৩ রানের জুটি গড়েন তারা। উইলি ৪২ বলে ৫১ রানে আউট হন। কুরান ৫৪ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন।
জাতীয় দলের আরো তিন ফুটবলার করোনা আক্রান্ত
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বনাথ ঘোষের পর জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ডাক পাওয়া আরো তিন ফুটবলারের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। তারা হলেন বাংলাদেশ পুলিশের ম্যাথিউস বাবলু, নাজমুল ইসলাম রাসেল ও উত্তর বারিধারার সুমন রেজা।
গতকাল বুধবার বিকেলে তিনজনের নিজেদের উদ্যোগে করা পরীক্ষার ফল নেগেটিভ হওয়ার পর বাফুফে ভবনে এসেছিলেন ক্যাম্পে যোগ দিতে। কিন্তু বাফুফের ব্যবস্থাপনায় করা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বাবলু, রাসেল ও সুমন রেজার। ক্যাম্পে ওঠার প্রথম দিনের ১২জনের মধ্যে চারজন করোনায় আক্রান্ত হওয়ায় ম্যানেজার সত্যজিৎ দাস রুপু ও সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার ৮জন নিয়ে রাতে উঠবেন গাজীপুরের সারা রিসোর্টে। সেখানেই হবে বিশ্বকাপ ও এশিয়ার কাপ বাছাইয়ের বাকি চার ম্যাচের জন্য প্রস্তুতির আবাসিক ক্যাম্প। আজ বৃহস্পতিবার ও শনিবার বাকিদের মধ্যে যারা নিজেদের ব্যবস্থায় করা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন তারা বাফুফে ভবনে আসবেন। এরপর বাফুফের ব্যবস্থাপনায় করা পরীক্ষায় নেগেটিভ হলে ক্যাম্পে উঠতে পারবেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীমের ভাইয়ের ইন্তেকাল
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান এর ভাই সরকার পাড়া গাউছিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী তৌহিদুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)।
২আগস্ট বিকেল সোয়া ৪টায় ঢাকায় ৬৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ৩আগস্ট জোহর বাদ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, আলহাজ্ব এস এম মোর্ত্তজা রশিদী দারা, মুস্তাফিজুর রহমান বাবলু, আজমল আহম্মেদ তপন, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজ্বী মো. মোতালেব মিয়া, যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জি এম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য এস এম খালেদীন রশিদী সুকর্ন, মো. মোমতাজ আহমেদ তুহিন, মোল্লা খায়রুল ইসলাম, ফরহাদ নেওয়াজ শিমু, মো. সুজন আহম্মেদ, মনোয়ার আলী মনু, শরীফ মোঃ বদরুজ্জামান মামুন, নাজমুস সাদাত সুমন, এস এম ইনামুল কবীর মন্নু, কনক রহমান, ফয়সাল আহম্মেদ পপা, এস ওয়াহিদুর রহমান বাবু, খান নজরুল ইসলাম, এ বি এম কামরুজ্জামান, শাহানাজ ফাতেমা আজাদ মৌরী, পারভীন রহমান।
আইপিএল ফ্রাঞ্চাইজিদের নতুন দাবি
ক্রীড়া প্রতিবেদক
আইপিএলের চূড়ান্ত রূপরেখা প্রণয়নের জন্য গত রোববার বৈঠকে বসেছিল গভর্নিং কাউন্সিল। সেখানে পুরো আইপিএলের সূচি এবং স্বাস্থ্যবিধিসহ অনেকগুলো বিষয়ই নির্ধারণ হয়ে গেছে। এর মধ্যে একাধিন বিষয় বা নিয়ম নিয়ে আপত্তি তুললো আইপিএলের ফাঞ্চাইজিগুলো এবং সেই নিয়মগুলোর পরিবর্তনের দাবিও তুললো তারা।
করোনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে সুষ্ঠভাবে আইপিএল আয়োজনের জন্য বেশ কিছু নির্দেশিকা জারির সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে বিসিসিআইয়ের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি-তে যে যে নিয়মের উল্লেখ করা হয়েছে, তার মধ্যে বেশ কিছু বিষয় পছন্দ হয়নি ফ্র্যাঞ্চাইজিগুলির। অপছন্দের বিষয়গুলোতে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে তারা। বিসিসিআইয়ের তৈরি করা এসওপি অনুযায়ী, আরব আমিরাতে পৌঁছে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলি চাচ্ছে দিনের সংখ্যা ছয় থেকে কমিয়ে তিন করা হোক। তাদের কথায়, করোনার কারণে দীর্ঘদিন প্র্যাকটিসের বাইরে ক্রিকেটাররা। এ কারণে আরব আমিরাতে পৌঁছেই যদি তিনদিনের কোয়ারেন্টাইনের পর ক্রিকেটাররা মাঠে নেমে পড়তে পারেন, তবে আরও বেশি অনুশীলনের সময় পাবেন তারা।
ফুটবলার বিশ্বনাথ সস্ত্রীক করোনা আক্রান্ত
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় দল এবং বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল থেকে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল টাঙ্গাইলের এ ফুটবলারের। বিশ্বনাথের স্ত্রী’ও করোনা পজিটিভ। তারা দু’জনই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের নিজ দায়িত্বে করোনা পরীক্ষা করতে বলেছিল বাফুফে। প্রথমদিন বাকি ১১ ফুটবলার বাফুফে ভবনে আসলে তাদের সবার করোনা পরীক্ষা করানো হয়। যাদের রিপোট নেগেটিভ হবে কেবল তাদের নেয়া হবে গাজীপুরের সারা রিসোটে। ক্যাম্পে ডাকা ৩৬ ফুটবলারের বাকিরা আগামী দুই দিন বাফুফে ভবনে রিপোট করার কথা রয়েছে। রিপোর্ট করতে আসার পর সবারই করোনা পরীক্ষা করা হবে এবং তাদেরকে ক্যাম্পে ওঠানো হবে।
সিলেট সিক্সার্সকে আইনি নোটিশ দিলো বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা) তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকে ক্রিকেটাঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। তিন ক্রিকেটারের পাশাপাশি একজন কোচকে পারিশ্রমিক দেয়নি সিলেট সিক্সার্স। এই নিয়ে একাধিকবার মৌখিকভাবে জানানোর পরও বিপিএলের এ ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক পরিশোধ করেনি। পূর্ব ঘোষণা অনুযায়ী এবার দলটিকে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০১৮-১৯ বিপিএলে ক্যারিবীয় ব্যাটসম্যান নিকোলাস পুরান, আফগান ক্রিকেটার গুলবাদিন নাইব, পাকিস্তানের সোহেল তানভীর ও ওয়াকার ইউনিসের পুরো অর্থ পরিশোধ করেনি সিলেট সিক্সার্স। ওই বছর কোচ হিসেবে কাজ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিস। এ অবস্থায় এই তিন ক্রিকেটার এবং কোচ- ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির সঙ্গে যোগাযোগ করেও টাকা পেতে ব্যর্থ হয়েছেন।
ইউএস ওপেন খেলবেন না নাদাল
ক্রীড়া প্রতিবেদক
রজার ফেদেরারের রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যামজয় থেকে আর এক সিঁড়ি দূরে স্প্যানিয়ার্ড রাফায়েল নাদাল। সুযোগ ছিল আসন্ন ইউএস ওপেনে সুইস কিংবদন্তিকে ছোঁয়ার। তবে ইউএস ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাদাল নিজেকে সরিয়ে নিয়েছেন আসরটি থেকে।
মূলত করোনাভাইরাসের ভয়াবহতার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন ১৯টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল। করোনার কারণে অনাকাঙ্ক্ষিত বিরতির পর প্রথম গ্র্যান্ড স্ল্যাম হিসেবে আগামী ৩১ আগস্ট নিউ ইয়র্কের ফাশিং মিডোসে শুরু হওয়ার কথা রয়েছে প্রতিযোগিতাটির। নাদাল ছাড়াও ইউএস ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন সুইস তারকা রজার ফেদেরারও। ৩৮ বছর বয়সী এই তারকা অবশ্য চোটের জন্য এবারের আসর থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন।
সিরি আ’র বর্ষসেরা ফুটবলার দিবালা
ক্রীড়া প্রতিবেদক
ক্রিস্টিয়ানো রোনালদো, চিরো ইমমোবিলকে ছাপিয়ে ইতালির সিরি আ’র বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন জুভেন্টাসের পাউলো দিবালা।
ইতালি লিগে নাম লিখিয়ে প্রথম মৌসুমে ২১ গোল করে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার গোল করেছেন ৩১টি। তবুও পাননি সেরার পুরস্কার। পাশাপাশি লাজিওর প্লেমেকার চিরো ইমমোবিল ৩৬ গোল করে জিতেছেন ইউরোপিয়ান ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট গোল্ডেন শু। তার হাতেও যায়নি বর্ষসেরার খেতাব। এবারের মৌসুমে জুভেন্টাসের জার্সিতে ১১ গোল করেছেন দিবালা। পাশাপাশি ১১ গোলে অ্যাসিস্টও করেছেন। ক্যারিয়ারে প্রথম এই পুরস্কার জিতলেন দিবালা। এছাড়া সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পারমার তরুণ মিডফিল্ডার দেজান কুলুসেভস্কি।
বসুন্ধরা কিংসে ব্রাজিলের রবিনিয়ো
ক্রীড়া প্রতিবেদক
ব্রাজিলিয়ান রবসন দি সিলভাকে ধারে এক বছরের জন্য দলে নিয়েছে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ২৫ বছর বয়সী এই উইঙ্গার রবিনিয়ো নামেই বেশি পরিচিত।
চুক্তির বিষয়ে বিস্তারিত না জানালেও রবিনিয়োকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। “হ্যাঁ, আমরা রবিনিয়োকে দলে নিয়েছি। আগামী জুলাই পর্যন্ত সে কিংসের হয়ে খেলবে।” দেনিয়েল কলিনদ্রেস সোলেরার মতো তারকা ফুটবলারকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ছেড়ে দেয় বসুন্ধরা কিংস। সেই থেকে দলটি মানসম্পন্ন বিদেশি এনে শূন্যতা পূরণের চেষ্টা করছিল।
সিটিতে তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড তরেস
ক্রীড়া প্রতিবেদক
ভালেন্সিয়া থেকে তরুণ মিডফিল্ডার ফেররান তরেসকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার ২০ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডের সঙ্গে পাঁচ বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করে কাবটি। তরেসকে কিনতে দুই কোটি ৩০ লাখ ইউরো খরচ হয়েছে সিটির।
গত ৩ জুলাই জার্মান ফরোয়ার্ড লেরয় সানে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর তার জায়গায় এই প্রথম কোনো খেলোয়াড় কিনল সিটি। পেপ গুয়ার্দিওলার দলে যোগ দিতে পেরে ভীষণ খুশি ভালেন্সিয়ার হয়ে গত মৌসুমে ৪৪ ম্যাচে ছয় গোল করা তরেস।
ধোনিকে টপকে বিশ্বরেকর্ড গড়লেন মরগান
ক্রীড়া প্রতিবেদক
গতরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ১৫টি চার ও ৪টি ছক্কায় ৮৪ বলে ১০৬ রান করেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান। ম্যাচে চারটি ছক্কা মেরে বিশ্ব ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছক্কার মালিক হলেন মরগান।
তার ছক্কা সংখ্যা এখন ২১২টি। এতোদিন এই বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন ভারতের সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনি। ধোনির ছক্কা ২১১টি। অবশ্য ধোনিকে টপকাতে অর্ধেক ম্যাচ খেলতে হয়েছে মরগানকে। ২১১টি ছক্কা হাঁকাতে ৩৩২টি ম্যাচ খেলেছেন ধোনি। আর নিজের ১৬৩তম ম্যাচে ২১২তম ছক্কা মারলেন মরগান। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছক্কায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক দলপতি রিকি পন্টিং। পন্টিংএর ছক্কা ১৭১টি। ১৭০টি ছক্কা মেরে চতুর্থস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।








































