Home খেলাধুলা ফ্রান্সের হতাশায়ও উজ্জ্বল এমবাপ্পে

ফ্রান্সের হতাশায়ও উজ্জ্বল এমবাপ্পে

20


স্পোর্টস ডেস্ক।।
ইউরোতে শুরুটা ভালো হয়নি ফ্রান্সের। গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতে ড্র করেছে তারা। অন্য ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জয়, সেটাও আত্মঘাতী গোলের মাধ্যমে। তবে এমন ফর্মের পরও শেষ ষোলোয় ঠিকই উঠেছে ফ্রান্স। দলের এমন পরিস্থিতিতেও অবশ্য রেকর্ড গড়েই চলেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

গ্রুপ পর্বে তিন ম্যাচে মোটে একজন ফরাসি ফুটবলার পেয়েছেন গোল। আর ফুটবলারের নাম এমবাপ্পে। পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে গোলটি পেয়েছিলেন তিনি। ইউরো ইতিহাসেই এটি তার প্রথম গোল। যদিও এমবাপ্পের গোলের পরও পোল্যান্ডের সঙ্গে তাদের সেই ড্র-ই করতে হয়েছিল।

এমবাপ্পের গোল এবং অস্ট্রিয়ার বিপক্ষে আত্মঘাতী গোল মিলিয়ে গ্রুপপর্বে ফ্রান্স এবার মোটে দুই গোল করেছে। ইউরোর গ্রুপপর্বে এটা তাদের যৌথভাবে সর্বনিম্ন গোলের রেকর্ড। অন্য দুইবার তারা গ্রুপ পর্বে মাত্র দুটি করে গোল করেছিল ১৯৯২ এবং ২০০৮ সালে, দুবারই প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছিল ফ্রান্স।

এদিকে ৫৩৬ মিনিট অপেক্ষার পর ইউরোতে নিজের সপ্তম ম্যাচে এসে প্রথম গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এর আগে ২০২১ সালের ইউরোতে চার ম্যাচ খেলেও কোনো গোল পাননি। শুধু একটা গোলে সহায়তা করেছিলেন।

ফ্রান্সের হয়ে যেকোনো মেজর টুর্নামেন্টে এমবাপে করেছেন ১৩ গোল। যেটা দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। একে থাকা মিশেল প্লাতিনির গোল ১৪টি। এমবাপ্পের বাকি ১২ গোল এসেছে বিশ্বকাপে।