তথ্য বিবরনী।।
জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর খুলনা জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খান।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, উন্নত দেশ গড়তে জনশুমারি ও গৃহগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। জনশুমারি ও গৃহগণনায় অন্তর্ভুক্ত হওয়া সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। দেশে এটি ষষ্ঠ জনশুমারি হলেও ডিজিটাল পদ্ধতিতে এই প্রথম গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনশুমারি একটি দেশের জনসংখ্যার সরকারি গণনা হিসেবে গণ্য করা হয়। ভোটার তালিকা তৈরির কাজেও জনশুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা আরও বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রথম জনশুমারি কার্যক্রম চালু হয়। জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রাথমিক প্রতিবেদন অনুসারে দেশের প্রায় প্রতিটি সেক্টরে অগ্রগতি হয়েছে। স্বাক্ষরতার হার ব্যাপক সাফল্য অর্জন করেছে, বিদ্যুৎ সুবিধা পাচ্ছে শতভাগ মানুষ। নির্ভরতার হার কমেছে এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের বিপ্লব ঘটেছে দেশে।
অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান,খুলনা রেলওয়ের পুলিশ সুপার প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলার সরকারি কর্মকর্তারা অংশ নেন।
এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির আদেশ
খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের প্রদত্ত ক্ষমতাবলে খুলনা মহানগরে আগামী ৩০ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত ২০২৪ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা চলাকালীন নি¤œলিখিত আদেশ বলবৎ থাকবে।
পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।
এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক স্বাক্ষরিত এক আদেশে এসকল তথ্য জানানো হয়েছে।
এবছর খুলনা মহানগরে ২৮ কেন্দ্রে এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।











































