ক্রীড়া প্রতিবেদক
লম্বা সময় ধরে মাঠের ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজছেন সাকিব আল হাসান। যার দৃশ্য চোখে পড়েছে নবম টি-২০ বিশ্বকাপেও। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বৈশ্বিক আসর শুরুর আগে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সাকিব। তবে বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের কারণে এক যুগের মধ্যে সবচেয়ে বাজে র্যাঙ্কিংয়ে নেমে গেছেন এই অলরাউন্ডার।
বুধবার সাপ্তাহিক র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব নেই শীর্ষ পাঁচে। ছয় নম্বরে নেমে গেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। অথচ ২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর গত কখনও পাঁচের নিচে ছিলেন না বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়।
বিশ্বকাপের গ্রুপ পর্বে বাজে পারফর্মেন্সের কারণে র্যাঙ্কিংয়ে পাঁচে নেমে গিয়েছিলেন সাকিব। এরপর নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ভালো পারফর্ম করে দুই ধাপ এগিয়েছিলেন তিনি। তবে সুপার এইটে আবারো বাজে খেলায় এবার তিন ধাপ নেমে গেলেন সাকিব।
এদিকে শ্রীলংকা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও তাদের অধিনায়ক হাসারাঙ্কা অলরাউন্ডারের শীর্ষে উঠে এসেছেন। গত সপ্তাহে র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তিনি এবার নেমে গেছেন চার নম্বরে।
মোহাম্মদ নবি এবং হার্দিক পান্ডিয়া যথাক্রমে দুই ও তিন নম্বরে অবস্থান করছেন। পাঁচ নম্বরেই রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।











































