খুলনাঞ্চল রিপোর্ট।।
গ্রাহকদের অর্থের রক্ষক হয়েও কোটি কোটি টাকা ভক্ষণ করেছেন ডাক বিভাগের কর্মীরা। তাদের বিরুদ্ধে ১১টি অনিয়মের তথ্য পাওয়া গেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির এসব কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও অর্থ আত্মসাতের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়েছেন খোদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পোস্ট অফিসে পরিবারের সারাজীবনের সঞ্চয়ের দুই লাখ টাকা জমা রাখেন রাজশাহীর তানোর উপজেলার পারুল বেগম। কয়েক মাস পর সেই টাকার হদিস না পেয়ে আত্মহত্যার চেষ্টা চালান তিনি।
বিষয়টি আলোচনায় এলে সারা দেশে এমন আর কোনো ঘটনা আছে কিনা, তা তদন্তের নির্দেশ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্তে নামে ডাক অধিদফতর। এরপর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
সারাদেশের বিভিন্ন পোস্ট অফিস থেকে একইভাবে ৫১ কোটি টাকা আত্মসাৎ করেছেন কয়েকজন পোস্টমাস্টার। সঞ্চয়ের টাকা খুঁইয়ে সর্বস্বান্ত অনেক পরিবার।
ডাক বিভাগ সূত্রে জানা গেছে, রাজশাহীর তানোরের পারুল বেগমসহ ৫১ জনের কাছ থেকে ১ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন তানোরের পোস্টমাস্টার মোকসেদ আলম।
আরো জানা গেছে, চট্টগ্রাম জিপিওতে ২৯ কোটি টাকা, নোয়াখালী পোস্ট অফিসে সাড়ে ৯ কোটি টাকা, বরিশাল মেডিকেল কলেজ পোস্ট অফিসে ২ কোটি, পটুয়াখালী পোস্ট অফিসে ২ কোটি, যশোর পোস্ট অফিসে ১ কোটি ৮৪ লাখ, শ্যামপুর পোস্ট অফিসে ৭৩ লাখ, দিনাজপুর পোস্ট অফিসে সঞ্চয়পত্রের ১২ লাখ টাকা আত্মসাতের ঘটনা রয়েছে।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, তানোরের পারুল বেগমের সঞ্চয়পত্রের ২ লাখ টাকা ছাড়াও ডাক বিভাগের কর্মীরা গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল থেকে মোট ৫১ কোটি টাকা লোপাট করেছেন।
এসব কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত রোববার প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, তানোর ডিজিটাল পোস্ট অফিসের পোস্টমাস্টার মোকসেদ আলীকে পুলিশে সোপর্দ করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে অধিকতর তদন্ত ও আইনগত ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হবে। আর পারুল বেগমসহ যাদের টাকা খোয়া গেছে, তা ফেরত দেওয়া হবে।











































