Home Uncategorized হিন্দু সেজে কালী মন্দিরে ২৩ দিন আত্মগোপনে মোস্তাফিজ-ফয়সাল

হিন্দু সেজে কালী মন্দিরে ২৩ দিন আত্মগোপনে মোস্তাফিজ-ফয়সাল

137

খুলনাঞ্চল রিপোর্ট।।
এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা হলেন- মো. মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী সাজী। বুধবার খাগড়াছড়ি জেলার দুর্গম পাহাড়ে হেলিকপ্টার দিয়ে অভিযান চালিয়ে পাতাল কালী মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আনার হত্যার মিশনে তারা সরাসরি যুক্ত ছিলেন। পরিচয় গোপন করে হিন্দু সেজে তারা আত্মগোপনে ছিলেন। আনারকে খুন করে ১৯শে মে তারা দেশে ফিরে আসেন। গত ১৩ই মে কলকাতার সঞ্জিবা গার্ডেনের ফ্ল্যাটে খুন হন আনোয়ারুল আজিম। তদন্ত সংশ্লিষ্ট পুলিশের ভাষ্যমতে, মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী খুনের আগে গত ২রা মে কলকাতায় গিয়েছিলেন। এরপর ২১শে মে সংসদ সদস্য খুনের ঘটনায় দেশে শিমুল ভূঁইয়া, তার ভাতিজা তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান গ্রেপ্তার হলে মোস্তাফিজুর ও ফয়সাল আত্মগোপনে চলে যান। আনার খুনের খবর প্রকাশের পর থেকেই ক্রমাগত অবস্থান পরিবর্তন করছিলেন এই দুই আসামি।


তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়িতে এই দু’জনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় ডিবি।
গ্রেপ্তার আসামিদের খাগড়াছড়ি থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। পরে ডিবি’র অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, নাম-পরিচয় গোপন করে খাগড়াছড়ির পাতাল কালী মন্দির এলাকায় হিন্দু সেজে লুকিয়ে ছিলেন গ্রেপ্তার ফয়সাল ও মোস্তাফিজ। তারা পলাশ রায় ও শিমুল রায় নাম ধারণ করেছিলেন। হিন্দু সেজে তারা ২৩দিন ওই কালী মন্দিরে ছিলেন। মঙ্গলবার খবর পাওয়া যায় খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে লুকিয়ে আছে তারা। খবর পেয়ে ডিবি’র একটি টিম আগেই পাহাড়ে গিয়ে অভিযান শুরু করে। পরে আমরা গিয়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করি। তিনি বলেন, অজ্ঞান করার জন্য এমপি আনারের নাকে ক্লোরোফোম দেন ফয়সাল। আর মোস্তাফিজ এমপি আনারকে উলঙ্গ করে চেয়ারে বেঁধে রাখে। কিলার শিমুল ভূঁইয়ার মূল দুই সহযোগী ছিল ফয়সাল ও মোস্তাফিজ। এরপর ১৯শে মে রাতে আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে কথা বলে ফয়সাল ও মোস্তাফিজ। এরপর তাদেরকে শাহীন মাত্র ৩০ হাজার টাকা দেয়। এরপর তারা দুর্গম পাহাড়ের কালী মন্দিরে চলে যায়। গ্রেপ্তার দু’জনকে রিমান্ডে নিয়ে আরও তথ্য-উপাত্ত বের করা হবে। তিনি বলেন, কলকাতার যে ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয় সেই কিলিং মিশনে ছিলেন সাতজন। হত্যাকাণ্ডে জড়িত শিমুল ভূঁইয়ার পরে দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তি হলো ফয়সাল ও মোস্তাফিজ। হত্যাকাণ্ডে মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনকে আইনের আওতায় নিয়ে আসা আমাদের এখন মূল কাজ। এছাড়া এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও যারা জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনবো। বাংলাদেশ, ভারত ও নেপালে মিলিয়ে মোট নয়জন গ্রেপ্তার হলেন হত্যাকাণ্ডের ঘটনায়। এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় ডিবি’র কোনো চাপ আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, না এখন পর্যন্ত কোনো চাপ নেই। যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ আছে শুধু তাদেরকেই আমরা আইনের আওতায় আনছি। কোনো নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে না। আবার কোনো দোষী ব্যক্তিকে কেউ চাপ দিয়ে ছাড়াতে পারবে না।