Home Uncategorized দু’বছরেও নিয়োগ হয়নি ঠিকাদার, শ্যামনগরে ভাঙছে বাঁধ

দু’বছরেও নিয়োগ হয়নি ঠিকাদার, শ্যামনগরে ভাঙছে বাঁধ

38


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।

সাতক্ষীরার শ্যামনগরের ৯ নম্বর সোরা এলাকার মালিবাড়ী ও গাজিবাড়ী অংশে ১২ থেকে ১৪ ফুট চওড়া উপকূল রক্ষাবাঁধের আড়াই থেকে তিন ফুট অবশিষ্ট আছে। প্রায় ২০০ ফুট জায়গায় ধসের সৃষ্টি হওয়ায় এ অংশের কিছু স্থানে দেড় থেকে দু’ফুট বাঁধ অবশিষ্ট আছে। ভাঙনের বিস্তৃতি রোধে একদিন আগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফেলা জিও ব্যাগও বাঁধের ধসে যাওয়া অংশের পানিতে তলিয়ে গেছে। বাধ্য হয়ে কর্তৃপক্ষ জনবল বাড়িয়ে বালুভর্তি ব্যাগ ফেলা অব্যাহত রেখেছে।

প্রায় দু’বছর আগে থেকে উপজেলার গাবুরায় ১ হাজার ২০ কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্পের কাজ শুরু হয় বলে জানান ভাঙনকবলিত এলাকার বাসিন্দা মিলন হোসেন। তবে ঠিকাদার নিযুক্ত না হওয়ার অজুহাতে তাদের এলাকায় এখনও কাজ শুরু হয়নি বলে অভিযোগ তাঁর। স্থানীয়রা জানান, খোলপেটুয়া নদীর মধ্যভাগে বিশাল চর জেগে ওঠায় স্রোত তাদের বসতবাড়সংলগ্ন বাঁধে আঘাত করছে। এতে অব্যাহতভাবে বাঁধ ভাঙলেও দীর্ঘমেয়াদি ব্যবস্থা না নেওয়ায় তারা আতঙ্কে আছেন।

শ্যামনগরের ১৫ নম্বর পোল্ডারের আওতাভুক্ত উপকূল রক্ষাবাঁধ কয়েকদিন ধরে ভাঙছে। গত শনিবার রাত থেকে শুরু হওয়া ধসের এ ঘটনা গত সোমবার পর্যন্ত অব্যাহত ছিল। ভাঙন ঠেকাতে পাউবো সোমবার ৭৫০ এবং মঙ্গলবার ৩৫০টি বালুভর্তি জিও ব্যাগ ফেলেছে। সুন্দরবনসংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরার ৯ নম্বর সোরা গ্রামের মালিবাড়ীসংলগ্ন অংশে এমন ধস দেখা দিয়েছে। দু’দিনেই প্রায় ২০০ ফুট বাঁধ খোলপেটুয়া নদীতে বিলীন হয়েছে। এতে স্থানীয়রা সর্বস্ব হারানোর আশঙ্কায় দিনাতিপাত করছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধসে যাওয়া অংশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলেও এখনও সেখানে মেগা প্রকল্পের কাজ শুরু হয়নি। জরুরি রক্ষণাবেক্ষণের নামে বারবার জোড়াতালি দেওয়া হচ্ছে। এতে এলাকাটি ভাঙনের শিকার হচ্ছে বারবার। অগ্রাধিকার ভিত্তিতে ৯ নম্বর সোরা গ্রামসহ হরিশখালী এলাকায় টেকসই উপকূল রক্ষা বাঁধের কাজ শুরু না হলে বিস্তীর্ণ এলাকা নদীতে বিলীন হতে পারে বলে জানিয়েছেন তারা।

এক বছরে এলাকার বাঁধে চার বার ধসের ঘটনা ঘটেছে বলে জানান সাবেক ইউপি সদস্য ফিরোজ হোসেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদি ব্যবস্থা না নেওয়ায় পর্যায়ক্রমে ভাঙন প্রায় গোটা বাঁধই নদীতে মিশিয়ে দিয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ৯ ও ১০ নম্বর সোরা, হরিশখালীসহ গাবুরার ১২ থেকে ১৪টি গ্রাম নদীর পানিতে প্লাবিত হতে পারে।

এ বিষয়ে গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, অন্যান্য অংশে মেগা প্রকল্পের আওতায় কাজ চলছে। অথচ হরিশখালী ও ৯ নম্বর সোরার মতো ঝুঁকিপূর্ণ অংশে কাজ না হওয়ায় সে এলাকা বারবার ভাঙছে। অব্যাহত ভাঙনের কারণে ‘দৃষ্টিনন্দন’ এলাকার একমাত্র মিঠাপানির পুকুরসহ একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নদীতে বিলীনের ঝুঁকিতে আছে।

গাবুরার প্রায় ২৯ কিলোমিটার উপকূল রক্ষাবাঁধ নির্মাণের জন্য ৪৮টি প্যাকেজ তৈরি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট অংশের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম। তিনি বলেন, প্রায় অর্ধেক প্যাকেজের কাজ চলমান রয়েছে। তবে হরিশখালী ও দৃষ্টিনন্দনের ২৬ নম্বর প্যাকেজের কাজ করার জন্য এখনও ঠিকাদার পাওয়া যায়নি। এ কর্মকর্তার ভাষ্য, হরিশখালী ও দৃষ্টিনন্দন এলাকার ভাঙনের বিস্তৃতি ঠেকাতে পাঁচ হাজার বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের সিদ্ধান্ত হয়েছে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের আওতায় অপরাপর প্রকল্প থেকে সংগৃহীত বালুভর্তি ব্যাগ ইতোমধ্যে ভাঙনকবলিত অংশে ডাম্পিং করা হয়েছে।