Home খেলাধুলা ‘ইনটেন্ট’ কী জিনিস, বোঝেন মাহমুদউল্লাহ?

‘ইনটেন্ট’ কী জিনিস, বোঝেন মাহমুদউল্লাহ?

22


স্পোর্টস ডেস্ক।।

আফগানিস্তানকে ১১৫ রানে আটকে রেখে নিজেদের কাজটি ভালোভাবেই সেরে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে ১২ ওভার ১ বলে এই রান অতিক্রম করতে হতো টাইগারদের। পিচ যেমনই হোক, এই রান অতিক্রম করা কোনো অলীক কল্পনা হওয়ার কথা নয়। তবে সেটিই পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। উল্টো হেরে বসেন ৮ রানে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হারের কারণে যতটা না সমালোচনা, তার চেয়ে বেশি সমালোচনা সেমিফাইনালে ওঠার ইনটেন্ট বা অভিপ্রায় না থাকায়। ক্রিকেট খেলায় ইনটেন্ট বলতে মূলত বোঝানা হয়, ম্যাচ পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলের স্বার্থে ক্রিকেট খেলা। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের এই ম্যাচের ব্যাটিং দেখলে ইনটেন্টের অভাব আরও পরিস্কারভাবে ফুটে ওঠে।

আজকের ম্যাচে তাওহিদ হৃদয়ের আউটের পর মাহমুদউল্লাহ যখন ব্যাটিংয়ে নামেন, তখন সেমিফাইনাল নিশ্চিত করতে ২৩ বলে ৫২ রান দরকার ছিল বাংলাদেশের। রশিদ খানের করা সেই নবম ওভারে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই সিঙ্গেল নিলেন ‘সাইলেন্ট কিলার’ হিসেবে পরিচিতি পাওয়া এই ব্যাটার। ওই ওভারে জোড়া বাউন্ডারিতে সমীকরণটা আরও সহজ করে দেন লিটন দাস।

শেষ ১৯ বলে বাংলাদেশের দরকার ছিল মাত্র ৪৩ রান। এমন পরিস্থিতিতে ম্যাচ জিতে আসার ঘটনা ক্রিকেট রেকর্ড ঘাটলে পাওয়া যাবে শতশত। অথচ, চরম গুরুত্বপূর্ণ সেই সময়েও মাহমুদউল্লাহ যেন নির্বিকার। নুর আহমেদের করা দশম ওভারে ৫টি বলই ডট দিলেন বাংলাদেশের অভিজ্ঞ এই তারকা। মাত্র একটি বাউন্ডারি মারতে পেরেছেন তিনি। এই ৫ বলে আগ্রাসী খেলার নূন্যতম চিহ্নও ধরা পড়েনি মাহমুদউল্লাহর ব্যাটে।

আফগান লেগ স্পিনার নুরের করা প্রথম বলে পুশ করেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় বলেও নির্বিষ ব্যাটিংয়ে ডট বল উপহার দেন তিনি। তৃতীয় বলে ফুল লেন্থে বল পেয়েও আক্রমণ করতে দেখা যায়নি তাকে। চতুর্থ বলে দারুণ কভার ড্রাইভে বল যখন তিনি বাউন্ডারিছাড়া করেন, তখন মনে হয়েছিল হাত হয়তো খুলবেন এবার মাহমুদউল্লাহ। কিন্তু কিসের কী! পরের দুই বলে আবারও সমর্থকদের হতাশ করে রক্ষণাত্মক ব্যাটিং তার। রশিদ খানের করা পরের ওভারে মুখোমুখি হওয়া প্রথম বলে ১ রান নিলেও দ্বিতীয় বলে আউট মাহমুদউল্লাহ। সেমিফাইনালের স্বপ্ন মোটামুটি ওখানেই শেষ হয়ে যায়। গুরুত্বপূর্ণ সময়ে নেমেও ৯ বলে ৬ রানের ইনিংসে সমালোচনার তীরে বিদ্ধ হন বাংলাদেশের এই ফিনিশার।

মাহমুদউল্লাহকে নিয়ে এমন সমালোচনা এবারই প্রথম নয়। এর আগেও ম্যাচ পরিস্থিতি বিবেচনায় তার দৃষ্টিকটূ ব্যাটিং চোখে পড়েছে দর্শকদের। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করতে থাকা তামিম ইকবালকে স্ট্রাইক না দিয়ে নিজে করেছেন মন্থর গতির ব্যাটিং। আবার ম্যাচ যখন সিঙ্গেল-ডাবলসেই শেষ করে আসা যায়, সেখানে ছক্কা মারতে গিয়ে আউট হওয়ারও উদাহরণ আছে তার। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১ রানের সেই হার কি ভুলতে পেরেছে বাংলাদেশ সমর্থকরা? ছক্কা মারতে গিয়ে আউট হলেও মাহমুদউল্লাহর ইনিংস ছিল ২২ বলে মাত্র ১৮ রানের।

ম্যাচ পরিস্থিতি না বুঝে ‘নিজেকে বাঁচানো ইনিংস’ খেলেন মাহমুদউল্লাহ, এমন অভিযোগও শোনা যায়। ২০১২ সালের এশিয়া কাপে তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। উইকেটে সেট ও অভিজ্ঞ ব্যাটার হয়েও কেন ‘মূলত বোলার’দের স্ট্রাইক দিয়েছেন সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সমর্থকরা। আবার হার নিশ্চিত এমন ম্যাচে ব্যক্তিগত অর্জন নিয়ে তার উল্লাসও কম দৃষ্টিকটূ নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার যখন মোটামুটি নিশ্চিত, তখন কোনো কাজে আসবে না এমন সেঞ্চুরি করে বাঁধনহারা উদযাপন করেছেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ কয়েকটি জয়ের অংশ মাহমুদউল্লাহ। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলংকা বিপক্ষে ছক্কা মেরে বাংলাদেশকে জেতানো ইনিংস কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের সঙ্গে জুটি বেঁধে সেঞ্চুরি করে জেতানো ইনিংস কখনো ভুলবে না দর্শকরা। তবে জিতিয়ে আনার চেয়ে ম্যাচ ডোবানোর সংখ্যা যখন বেশি হয়ে যায়, তখন জোটে সমালোচনা।