আন্তর্জাতিক ডেস্ক।।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধায় আবারও হুমকিতে তিস্তার পানি বণ্টন চুক্তি। আপত্তি তুলেছেন ফারাক্কা-গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া নিয়েও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে বলেছেন, রাজ্যকে পাশ কাটিয়ে বাংলাদেশের সাথে কোনও আপোস হবে না।
সোমবার (২৪ জুন) শেষ বেলায় নবান্নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, এই প্রসঙ্গ ছাড়াও বাংলাদেশে চীনের সহায়তায় বাধ নির্মাণের সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা।
তিনি বলেন, ২০২৬ সালে শেষ হতে যাওয়া ভারত-বাংলাদেশ ৩০ বছর মেয়াদী গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়নেও আপত্তি আছে।
এর আগে প্রধানমন্ত্রী মোদিকে পাঠানো চিঠিতে তিস্তা পানিবণ্টন চুক্তি নিয়ে তীব্র আপত্তি জানান মমতা। বলেছেন, রাজ্য সরকারের মতামত ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একতরফা আলোচনা কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয়। পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া এসব চুক্তিতে তীব্র আপত্তি আছে। রাজ্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি হতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন। বাংলাদেশের সরকার ও জনগণের সাথে সুসম্পর্কের বার্তা দিয়ে ছিটমহল বিনিময় আর রেল ও বাস যোগাযোগের প্রসঙ্গ টানেন মমতা। কিন্তু পানির মতো প্রাণধারনের রসদ নিয়ে সমঝোতা করতে পশ্চিমবঙ্গ প্রস্তুত নয় বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।











































