Home আঞ্চলিক এমপি আজিম হত্যা, গ্যাস বাবু ঝিনাইদহ জেলা কারাগারে

এমপি আজিম হত্যা, গ্যাস বাবু ঝিনাইদহ জেলা কারাগারে

37


ঝিনাইদহ প্রতিনিধি

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। এমপি আনার হত্যার আলামত গ্যাস বাবুর নিজস্ব তিনটি মোবাইল ফোন উদ্ধারের জন্য তাকে ঝিনাইদহে আনা হয়েছে।

মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজনভ্যানে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে নায়েক টিপু সুলতান, কনস্টেবল আব্দুলসহ ১২ সদস্যের একটি দল প্রিজনভ্যানটিতে কারাগারে নিয়ে আসে তাকে।

ঝিনাইদহ কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ১০ কার্যদিবসের জন্য এই কারাগারে পাঠানো হয়েছে তাকে। অভিযান শেষে ফের তাকে কাশিমপুর পার্ট টু কারাগারে পাঠিয়ে দেওয়া হবে। এর বেশি কিছু বলতে রাজি হননি জেলার।

গ্যাস বাবুর আসার খবর পেয়ে সকাল থেকে কারাগারের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। ঝিনাইদহ পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসি শাহীন উদ্দিনের নেতৃত্ব দুপুরের দিকে কারাগারের বাউন্ডারি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আদালতের এক আদেশে ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বর এলাকায় গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডারের উত্তর দিকের একটি মজা পুকুর এবং স্থানীয় বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াসের পূর্ব দিকে প্রাচীর সংলগ্ন পুকুরে মোবাইল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করবে ডিএমপির গোয়েন্দা পুলিশের এমপি আনার হত্যা মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঝিনাইদহ জেল সুপার ও জেলার উপস্থিত থাকবেন। বুধবার সকাল থেকে অভিযানটি শুরু হতে পারে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।