Home আঞ্চলিক দায়সারা কাজে বাঁধে ধস

দায়সারা কাজে বাঁধে ধস

29


কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাড়ে তিন কোটি টাকা চুক্তিমূল্যের একটি বাঁধ নির্মাণকাজ চলমান অবস্থায় ধসে পড়েছে। বাঁধের ঢালের মাটি কেটে নেওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় মানুষের অভিযোগ। মূল ঠিকাদার কাজটি সাব-কন্ট্রাক্ট দেওয়ায় যথাযথ ও মানসম্পন্নভাবে কাজটি হচ্ছে না বলে শঙ্কা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
জানা গেছে, আবদুল মান্নান নামে এক ব্যক্তি মূল ঠিকাদারের কাছ থেকে সাব-কন্ট্রাক্ট নিয়ে কাজটি করছেন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের বাসিন্দা।
পাউবো কর্মকর্তারা জানান, ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বর্ধিতকরণ প্রকল্প’ (কম্পোনেন্ট-৩)-এর আওতায় বাঁধ পুনরাকৃতিকরণ কাজসহ পূর্বসতর্কতামূলক নদীতীর ও বাঁধের ঢাল সংরক্ষণ কাজ করা হবে। ৩ কোটি ৪৯ লাখ ২৪ হাজার টাকা চুক্তিমূল্যে নোয়াখালী জেলার সোনাপুর এলাকার মেসার্স মোস্তফা অ্যান্ড সন্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। এ প্রতিষ্ঠানকে ২ হাজার ৫৫০ মিটার বাঁধ নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে। চলতি বছরের ২২ মে কাজ শুরু হয়ে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।
প্রকল্প এলাকায় গিয়ে দেখা গেছে, প্রায় এক কিলোমিটারের মতো বাঁধে মাটির কাজ করা হয়েছে। তিনটি এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে পুরাতন বাঁধের দুই পাশের ঢাল ও বাঁধসংলগ্ন নদীর চর থেকে মাটি কেটে নেওয়ায় বাঁধের উভয় পাশই ধসে পড়তে শুরু করেছে। চরের যে স্থান থেকে মাটি কাটা হয়েছে, সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। নদীভাঙনের ফলে যেসব স্থানে চরের মাটি নেই, সেসব স্থানে বাঁধের ঢাল থেকেই মাটি ছেঁটে নেওয়া হচ্ছে। বাঁধের গোড়া থেকে মাটি কেটে ওপরে তুলে দেওয়ায় বাঁধ ভারসাম্য ধরে রাখতে পারছে না। কিছুদিন যেতে না যেতেই মাটি ধসে আবার নিচের গর্তে নেমে আসছে। যে কারণে বাঁধটি টেকসই হবে বলে মনে করছেন না এলাকাবাসী।

মদিনাবাদ গ্রামের বাসিন্দা ঠাকুর মণ্ডল বলেন, এলাকাবাসীর দাবি ছিল টেকসই বাঁধ। সরকার দাবি মেনে বরাদ্দ দিয়েছে। কিন্তু সাব-কন্ট্রাক্টর টাকা বাঁচাতে দায়সারা কাজ করছেন।
ক্ষোভ প্রকাশ করে একই এলাকার বাসিন্দা মনোরঞ্জন বরকন্দাজ অভিযোগ করেন, মূল বাঁধের ২০ মিটার দূর থেকে মাটি আনার কথা থাকলেও ঠিকাদারের লোকজন তা মানছেন না। শ্রমিক খরচ বাঁচাতে তারা ভেকু দিয়ে বাঁধের একেবারে কাছ থেকে মাটি কেটে নিচ্ছেন। স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি এসে কাজ বন্ধ করেও দেন। পরে আবার সেভাবেই কাজ করে যাচ্ছেন সহ-ঠিকাদার।
স্থানীয় ইউপি সদস্য মাসুম বিল্লাহ বলেন, অদক্ষ লোককে কাজের দায়িত্ব দেওয়ায় কাজের মান খারাপ হচ্ছে। অর্থ সাশ্রয় করতে শ্রমিকের পরিবর্তে যন্ত্রের সাহায্যে বাঁধ প্রতিরক্ষা ঢালের মাটি কেটে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে চর বনায়নের গাছও কেটে ফেলছেন সহ-ঠিকাদার। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে সহ-ঠিকাদার আবদুল মান্নান বলেন, বাঁধ নির্মাণের আশপাশে প্রয়োজনীয় মাটি না থাকায় চরের মাটি কেটে নেওয়া হচ্ছে। নদীর জোয়ার-ভাটায় খুব তাড়াতাড়ি চরের এসব গর্ত মাটিতে ভরাট হয়ে যাবে।
প্রকল্প এলাকায় টানানো সাইনবোর্ডে দেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের মোবাইল নম্বরে কল দিলে নুরুজ্জামান বিপ্লব নামে এক ব্যক্তি ফোন ধরেন। তিনি নিজেকে ওই কাজের ঠিকাদার পরিচয় দিয়ে বলেন, প্রকল্পে মাটি ভরাটের কাজ সাব-কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাব-কন্ট্রাক্টর কাজের মান খারাপ করলে সংশ্লিষ্ট বিভাগ সেটি দেখবে।
জানতে চাইলে পাউবো খুলনা-২ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ জসিম উদ্দীন বলেন, প্রকল্পে কাজ চলমান অবস্থায় কয়েক স্থানে ধসে পড়েছে বলে তিনি শুনেছেন। তবে কাজের মান খারাপ হলে পুনরায় কাজ করিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।