Home আঞ্চলিক রাজাপুর কমিউনিটি ক্লিনিক: বাগেরহাটে সিএইচসিপি সুবর্ণার যত অনিয়ম

রাজাপুর কমিউনিটি ক্লিনিক: বাগেরহাটে সিএইচসিপি সুবর্ণার যত অনিয়ম

15


বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের রাজাপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সুবর্ণা তালুকদারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সেবাপ্রত্যাশীরা।

অভিযোগে উল্লেখ করা হয়, সুবর্ণা তালুকদার এই কমিউনিটি ক্লিনিকে যোগদানের পর থেকে প্রায়ই কর্মস্থলে উপস্থিত থাকেন না। ক্লিনিকে আসা-যাওয়া করেন তার ইচ্ছামতো। রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ক্লিনিকের সঙ্গে থাকা আত্মীয়ের মাধ্যমে ওষুধ সরিয়ে ফেলেন তিনি। অভিযোগ করলে ক্ষিপ্ত হন। করেন দুর্ব্যবহার। দম্ভ করে তিনি বলেন, আপনাদের কিনে রাখা হয়েছে। অভিযোগ দিয়ে কোনো লাভ হবে না।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, ঈদুল আজহার ছুটি শেষ হলেও গত ১৯ ও ২০ জুন ক্লিনিকে আসেননি সুবর্ণা তালুকদার। সেবাপ্রত্যাশীরা ক্লিনিকে গিয়ে সেবা নিতে ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি বিনা ছুটিতে কাউকে না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

এছাড়া এলাকায় এক বিশেষ ব্যক্তির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, যা সবাই জানেন। বিষয়টি আলোচিত। সুবর্ণা তালুকদার বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করছেন। তার কারণে এ এলাকার জনসাধারণ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি প্রতিষ্ঠানে একেবারেই অনিয়মিত। ঠিকমতো ওষুধ সরবরাহ করেন না। তাছাড়া ব্যক্তিগত সম্পর্কে নিয়েও আলোচিত হয়েছেন তিনি। এসব কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান সেবাপ্রত্যাশীরা।

তবে সব অভিযোগ অস্বীকার করে সিএইচসিপি সুবর্ণা তালুকদার বলেন, নিয়ম অনুযায়ী স্থানীয়দের সেবা দিয়ে থাকি। কিছু মানুষ আমার বিরুদ্ধে বিনা কারণে অভিযোগ দিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসী বলেন, রাজাপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সুবর্ণা তালুকদারের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।